হিজলা ও মেহেন্দীগঞ্জে বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হলো

বরিশাল, ব্যুরো চীফ: জাটকা সংরক্ষণের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার তেঁতুলিয়া ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ রাক্ষুসী বেহুন্দী মাছ এবং একটি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা মৎস্য অফিসার ওমর সানি।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, জনস্বার্থ ও সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নদীতে জাটকা সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধের জন্য প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে রাতের আঁধারে সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ

বরিশাল, ব্যুরো চীফ: বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে। হামলার সময় বাড়ির সদস্যদের জিম্মি করা হয় এবং বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

জমির মালিক আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও স্থানীয় বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার জানিয়েছেন, হামলার সময় পরিবারের সদস্যরা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মোস্তফা হাওলাদার বলেন, ২০০১ সালে তারা ক্রয়সূত্রে ৫২ শতক জমির মালিক হন এবং ২০০৪ সালে এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে তিন শতক জমি ক্রয় করে রাস্তা নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন। বাড়ির চারপাশে অনুমতি নিয়ে ২০১২ সালে আরসিসি পিলার ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

তিনি আরও অভিযোগ করেছেন, প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মধ্যরাত পর্যন্ত তাদের সম্পত্তি দখলের চেষ্টা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে ১১ জনকে নামোল্লেখসহ আরও ১২ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে কমিউনিটি ভিত্তিক ন্যায়বিচার প্রকল্পের অবহিতকরণ সভা

বরিশাল, ব্যুরো চীফ: কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে অংশীজনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা এইডের নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র বাড়ৈ, সমবায় কর্মকর্তা আফসানা শাখী এবং প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।

সভায় বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা প্রমুখ।

নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রামার মো. আবু নাসের সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও দিক নিয়ে আলোচনা করেন প্রকল্প কো-অর্ডিনেটর লাকী আক্তার এবং আঞ্চলিক সমন্বয়কারী সুপ্রিয় দত্ত। সভায় বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন অংশীজন অংশগ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শীঘ্রই পদত্যাগ করে নির্বাচনে মনোনয়ন জমা দেবেন

ঢাকা, নাগরিক অনলাইন: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী শনিবার তার পদত্যাগ করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়নপ্রার্থীরূপে অংশগ্রহণের ঘোষণা দেন। পদত্যাগের পর তিনি সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিবো। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকুপা গড়ার জন্য।”

তিনি এই মন্তব্য করেন বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




সাবেক স্বামীর নৃশংস ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সুমনা আক্তার (১৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান সদর উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সাবেক স্বামী অমিত হাসান হঠাৎ করে সুমনা আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু তার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় আদালতের প্রবেশপথ ঝুঁকিপূর্ণ, বিচারপ্রার্থীদের জীবনহানির আশঙ্কা

বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল প্রবেশপথ দুই জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের মাঝ দিয়ে। এ কারণে প্রতিদিন বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা দাবি করেছেন, ভবন দুটি দ্রুত অপসারণ করা উচিত, নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, ১৯৭৫ সালে বিএডিসি কর্তৃপক্ষ আদালতের সামনে দুটি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে, যেটি মূলত মেশিনারিজ যন্ত্রাংশ ও কৃষি উপকরণ সংরক্ষণের জন্য। প্রায় ১৫ বছর আগে উপজেলা প্রশাসন এই ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করলেও দীর্ঘ সময় পেরিয়েও সেগুলো অপসারণ করা হয়নি।

বর্তমানে ভবন দুটির মধ্যে দিয়ে আদালতের প্রধান প্রবেশদ্বার নির্মিত হওয়ায় হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছে। সরেজমিনে দেখা গেছে, ইট, পাথর ও বিম খসে পড়ছে, দেয়ালে পরগাছা জন্মেছে এবং ভিতরের অবস্থা এমন যে দিনের বেলাতেও সেখানে ঢুকতে মানুষ ভয় পাচ্ছেন।

বিচারপ্রার্থী আব্দুল মাজেদ বলেন, “আদালতের সামনে এভাবে দুটি পরিত্যক্ত ভবন থাকা যেমন দৃষ্টিকটু, তেমনি আমাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবন দুটি অপসারণ করা প্রয়োজন।”

আদালতের পেশকার মো. আবুবকর বলেন, ভবন ধসে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। জেলা বার সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন উল্লেখ করেছেন, উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, ভবনগুলো বহু আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কেন এখনো অপসারণ হয়নি, তা তারও বোধগম্য নয়। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভবন দুটি যথাযথ প্রক্রিয়ায় দ্রুত অপসারণ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 




দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ।

চন্দ্রদ্বীপ নিউজ : বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিচ্ছে অর্ন্তবর্তী সরকার। বর্তমানে তিনি  সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত আছেন।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওইদিন তার ৬৭ বছর পূর্ণ হবে।

আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন সূত্র থেকে জানা যায় এরই মধ্যে বিচারপতি জুবায়ের প্রধান বিচারপতির দায়িত্বে সম্মতি দিয়েছেন।

চলতি সপ্তাহেই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার রাত এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে। কাউকে চুড়ান্ত করা হয়েছে কিনা এখন পর্যন্ত এ বিষয়ে আমার ধারণা নেই। এ বিষয়ে কোন গেজেট ওপ্রকাশ হয়নি। গেজেটে প্রকাশের পর আগামী রোববার নতুন বিচারপতি শপথ নেওয়ার কথা রয়েছে।

গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

 




নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নেতৃত্ব পরিবর্তনের অংশ হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। সোমবার এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হবে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এ নিয়োগের মাধ্যমে দেশের বিচার বিভাগে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর তিনি ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর থেকে তিনি দায়িত্ব পালন করবেন, যা বিচার বিভাগের নীতি নির্ধারণ, বিচার ব্যবস্থার উন্নয়ন এবং গণমানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রফিক আহমেদের বিদেশ সফরের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে প্রধান বিচারপতির দায়িত্ব পালনে তার প্রশাসনিক অভিজ্ঞতা ইতোমধ্যে রয়েছে, যা নতুন দায়িত্বে সহায়ক হবে বলে আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন।

জুবায়ের রহমান চৌধুরীর দীর্ঘ চার দশকের পেশাগত জীবনে রয়েছে উল্লেখযোগ্য কর্মজীবন। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন, এবং দুই বছর পর ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। বিচার বিভাগের প্রতি নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

চৌধুরীর বিচারিক যাত্রা আরও এগিয়ে যায় ২০২৪ সালের ১২ আগস্ট, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তার গুরুত্বপূর্ণ রায় এবং বিচার ব্যবস্থার উন্নয়নে অবদান তাকে সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ ও দক্ষ বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সফল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জনের পর আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন করেন। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বিচার বিভাগে সমসাময়িক আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে তাকে আরও শক্তিশালী করে তুলেছে।

আইনজীবীদের মতে, তার নেতৃত্ব বিচার বিভাগে স্বচ্ছতা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং বিচারব্যবস্থা আধুনিকায়নের নতুন পথ তৈরি করবে। নতুন প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণকে বিচার বিভাগে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




দশমিনায় হরিণের মাংসসহ ব্যক্তি আটক

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বন বিভাগের অভিযান পরিচালনার সময় হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাজির হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ধরা পড়ে। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. খলিল খান। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের মৃত চান খানের ছেলে। বন বিভাগের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকায় একটি চক্র অবৈধভাবে হরিণের মাংস বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং হাজির হাট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

বন বিভাগের বিট কর্মকর্তা মো. রওশন হাসান জানান, আটক ব্যক্তির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বন আইন, ১৯২৭ (২০০০ সালের সংশোধনী) অনুযায়ী ২৬(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য দশমিনা থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের ফলে স্থানীয় বনজ সম্পদ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে শিকার ও বাজারজাতকরণের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বন সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযানের মাধ্যমে বন ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বনদস্যু চক্রের কার্যক্রম বেড়ে যাওয়ায় এমন অভিযান সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



বাউফলে ডেভিল হান্টে গ্রেফতার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাউফল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তার নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি করে এবং স্থানীয়রা ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। নিজ এলাকার পরিচিত মুখ হওয়ায় তার গ্রেফতারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এলাকায় তার দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা থাকায় অনেকেই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের আওতায় যে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান ছিল, তাদের তালিকায় তার নাম ছিল বলে জানানো হয়। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হলেও এলাকার বাসিন্দারা নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লক্ষ্য করেছেন।

গ্রেফতারের পর তাকে থানায় নেয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। এ বিষয়ে থানার ওসি জানিয়েছেন যে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অভিযানের স্বচ্ছতা বজায় রাখতে এবং তদন্তের সঠিকতা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিশদ মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

এদিকে, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন। এরই মাঝে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, অভিযানের পরবর্তী ধাপ কি হতে পারে এবং আরো কে কে নজরদারিতে রয়েছে।
এলাকাবাসীর কেউ কেউ জানিয়েছেন যে সম্প্রতি এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছিল এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় আরও নাম যুক্ত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বর্তমানে আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হবে কিনা এবং তদন্তে নতুন কোনো তথ্য যোগ হয় কি না, সে বিষয়ে নজর রয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে সমগ্র এলাকাবাসীর। অভিযানের ফলাফল ও আইনগত অগ্রগতি পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিকে আরো প্রভাবিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”