প্রধান বিচারপতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ম্যান্ডিসা মায়ার (Mandisa Maya) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত প্রাঙ্গণে।
সাক্ষাৎকালে দুই দেশের প্রধান বিচারপতি পরস্পরের কুশল বিনিময়ের পাশাপাশি নিজ নিজ দেশের বিচার বিভাগের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি সাক্ষাৎকালে দেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকারিতার উন্নয়নে তাঁর ঘোষিত রোডম্যাপের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, এ রোডম্যাপের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন। পাশাপাশি তিনি মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বিচারপতি ম্যান্ডিসা মায়া আরও জানান, দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের সহযোগিতায় সাংবিধানিক প্রশ্নসমূহের সমাধানে তাদের আদালতের অভিজ্ঞতা কেমন ছিল এবং সেই অভিজ্ঞতা কীভাবে বিভিন্ন প্রেক্ষাপটে প্রভাব ফেলেছে।
সাক্ষাৎটি দুই দেশের বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এক ইতিবাচক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।








