বরিশালে আইনজীবীর সহকারী ইয়াবাসহ আটক

বরিশালের গৌরনদী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক আইনজীবীর সহকারী আটক হয়েছেন। অভিযানে ধরা পড়া ব্যক্তি শাহিদুল ইসলাম বেপারী (পিতা: হাসেম বেপারী), যিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী বলে পরিচয় দিয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়।
জানা যায়, বরিশালের দিকে যাওয়ার পথে শাহিদুলের গতিরোধ করে দেহ তল্লাশি চালানো হয়। এসময় তার দেহে লুকানো অবস্থায় নীল রঙের প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও।
গ্রেপ্তারের পর শাহিদুল ইসলামকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হবে। একইসাথে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত শাহিদুল গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম








