১৮ বছরের সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা শাহজাহান সিরাজ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান সিরাজ (৫২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। শনিবার বিকেলে রাজধানীর আফতাবনগর এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার বাসিন্দা মো. মোসলেম উদ্দিনের দায়ের করা চাঁদাবাজির মামলায় দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত শাহজাহান সিরাজকে ১৮ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর গত ৫ আগস্ট তিনি গা-ঢাকা দেন এবং ঢাকায় অবস্থান করছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম জানান, থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে র্যাব-২ ও র্যাব-৩ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় আফতাবনগরের একটি বাসায় অবস্থানরত শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করা হয়।
এসআই মনিরুজ্জামান খান বলেন, রবিবার সকালে গ্রেপ্তার আসামিকে বাউফল থানায় আনা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেপ্তার স্থানীয় এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট,চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
স্টাফ করেসপন্ডেন্ট,চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








