আদালত অবমাননায় বাউফল ইউএনওকে হাইকোর্টের শোকজ

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামকে আদালত অবমাননার অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাকযোগে প্রেরিত চিঠিটি তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে অবস্থিত আব্দুল হক পঞ্চায়েত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি লিজ নিয়ে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এ ঘটনায় লিজগ্রহীতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গত ৩ আগস্ট ইউএনও মো. আমিনুল ইসলামকে শোকজ নোটিশ জারি করে আদালত। নির্দেশনায় বলা হয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে।
তবে বিষয়টি নিয়ে ইউএনও মো. আমিনুল ইসলামের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলার অগ্রগতি ও আদালতের পরবর্তী নির্দেশনার দিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল দৃষ্টি রাখছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








