আগৈলঝাড়ায় শশুড়কে অপহরণ করে হত্যা, লাশ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যৌতুকের দাবিতে শশুড়কে অপহরণ করে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ খালের কচুরিপানার মধ্যে ফেলে রাখার ঘটনা ঘটেছে। নিহত অখিল হালদার (৫০) উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের মাখন লাল হালদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ও দুধ বিক্রেতা ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী চার সন্তানের জননী বিউটি হালদার বাদী হয়ে বড় মেয়ে আখি হালদারের স্বামী কৃষ্ণ বাড়ৈ (২৫)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কৃষ্ণ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের কাঠমিস্ত্রি কানাই বাড়ৈর ছেলে। পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে কৃষ্ণ তার শশুড় অখিলকে ভ্যানসহ কৌশলে অপহরণ করে বাশাইল-রামানন্দেরআঁক সড়কের ঠাকুরবাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শ্বাসরোধ করে হত্যা করার পর পাশের খালের কচুরিপানার মধ্যে লাশ ফেলে দেয়। পরে নিহতের ভ্যান নিয়ে মাদারীপুরে গিয়ে তা বিক্রি করে বাড়ি ফিরে আসে।

অখিল হালদার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন কৃষ্ণ জামাতা হিসেবে শশুড়বাড়ি এলে তার অসংলগ্ন কথাবার্তায় পরিবারের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে এবং দেখিয়ে দেওয়া স্থানের খাল থেকে শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে লাশ উদ্ধার করে পুলিশ।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, বিয়ের পর থেকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কৃষ্ণ শশুড়ের কাছ থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিয়েছিল। পরে আবার একটি ভ্যান কেনার জন্য টাকা দাবি করলে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। বর্তমানে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেফতার

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সিকদার লিটু হত্যা মামলার দুই নম্বর আসামি মিলন গাজী (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন হত্যা মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩১ জুলাই সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর বিল্লবাড়ি এলাকার নিজবাড়িতে লিটন সিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে লিটনের ছোট ভাই ও বোন গুরুতরভাবে আহত হন। এছাড়া হামলাকারীরা বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।

ঘটনার পর লিটনের বোন মুন্নি বেগম বাদী হয়ে ওই রাতে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ মিলন গাজীর গ্রেফতারের মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হলো।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল কারাগারে ভুয়া ডিজিএফআই পরিচয়ে যুবক আটক

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ভুয়া পরিচয়ে প্রবেশের চেষ্টা করায় মেহেদী হাসান শাওন (২৬) নামে এক যুবককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে কারাগারের ভেতরে প্রবেশ করে নিজেকে ডিজিএফআই-এর সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। তবে ডেপুটি জেলার মোহসেনা বেগম সন্দেহ হলে তার পরিচয় যাচাই করে দেখা যায়, শাওনের কোনো সরকারি পরিচয়পত্র নেই।

শাওনের বাড়ি বরিশাল সদর উপজেলার নবগ্রাম রোড এলাকায়। তদন্তে জানা গেছে, তিনি দাবি করেছিলেন যে চৌচল্লিশ বির ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের সোর্স হিসেবে কাজ করেছেন। তবে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আরও জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে এয়ারপোর্ট থানায় এনআইএ এক্টে মামলা ছিল এবং সে মামলায় তিনি কারাভোগও করেছেন। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে তিনি অতীতে বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাশেদুল ইসলাম এ বিষয়ে বলেন, “তাকে আমি চিনি না এবং আমার নামে মিথ্যা পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, আটক যুবক প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা নন। ভুয়া পরিচয় দিয়ে তিনি এক বন্দীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সন্দেহ হয়। পরে ডিজিএফআই যাচাই করে নিশ্চিত হয় যে এ নামে কোনো কর্মকর্তা নেই। শাওনের কাছে ওয়াকিটকি ও ভুয়া বিজিবি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যেই প্রতারণার একাধিক ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। বর্তমানে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার সকাল প্রায় দশটার দিকে স্থানীয়রা প্রথমে লাশটি সৈকতের বালুচরে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে লাশটি ভেসে এসেছে। স্থানীয়দের মতে, কয়েকদিন আগে সমুদ্রে ঘটে যাওয়া ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে কারও লাশ হতে পারে এটি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, লাশটি উদ্ধারের সময় শরীরে কোনো কাপড় ছিল না। অর্ধগলিত অবস্থায় থাকার কারণে চামড়া উঠে গেছে, ফলে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, লাশটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করে মৃত ব্যক্তিকে দেখার চেষ্টা করেছেন। স্থানীয়রা জানান, প্রায় সময়ই সমুদ্রপাড়ে এ ধরনের লাশ ভেসে আসে। সমুদ্রপথে ঝড় ও দুর্ঘটনার কারণে জেলেদের মৃত্যু হচ্ছে নিয়মিত, আর এর প্রমাণ হিসেবে মাঝেমধ্যেই কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে ভেসে আসে অজ্ঞাত লাশ।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে সমুদ্রপথে ট্রলারগুলোর ওপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যেন এ ধরনের দুর্ঘটনা কমানো যায় এবং হারিয়ে যাওয়া মানুষের পরিবার দ্রুত সঠিক তথ্য পেতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঝালকাঠিতে মোটরসাইকেল মেকানিকের গলাকাটা লাশ উদ্ধার

ঝালকাঠির সদর উপজেলায় এক মোটরসাইকেল মেকানিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সোহেল কারিগর (৩০)। তিনি ওই এলাকার মৃত জিন্নাত আলী কারিগরের ছেলে এবং পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে সোহেলের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশালে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মহানগর পুলিশ (বিএমপি) গোয়েন্দা শাখা। বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটে বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কর্ণকাঠী এলাকার খয়রাবাদ সেতু সংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ ইমাম হোসেন, মোঃ জুলফিকার হোসেন ও মোঃ জসিম উদ্দিন।

আটক যুবকের নাম মোঃ সিফাত হাওলাদার (১৭)। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ রফিক হাওলাদার এবং মাতা মোসাঃ শাহানাজ বেগম।

অভিযানের সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা এবং একটি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে হাইওয়ে থানা স্থাপনের দাবি

দক্ষিণাঞ্চলের সবচেয়ে ব্যস্ততম পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক প্রতিদিন হাজারো যাত্রী, পর্যটক, পণ্যবাহী যানবাহন, চাকরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ মহাসড়কজুড়ে নেই কোনো হাইওয়ে থানা। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা, যানজট, চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনার মুখোমুখি হতে হচ্ছে যাত্রী ও চালকদের। নিরাপত্তা সংকট ক্রমেই বাড়ছে এবং দুর্ঘটনা ঘটলেও দ্রুত উদ্ধার কার্যক্রমের অভাবে প্রাণহানি ও ভোগান্তি অব্যাহত রয়েছে।

স্থানীয়রা বলছেন, এই মহাসড়কে যদি একটি পূর্ণাঙ্গ হাইওয়ে থানা স্থাপন করা যায় তবে দুর্ঘটনা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়কে অপরাধ দমনসহ দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সহজ হবে। স্পিড গান ব্যবহার, রেকার ও উদ্ধারকাজের সরঞ্জাম নিশ্চিত করা গেলে সড়ক নিরাপদ হবে, একই সঙ্গে পর্যটন শিল্প বিকশিত হবে। তাদের মতে, দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনকে গতিশীল করতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে হাইওয়ে থানা স্থাপন এখন সময়ের দাবি।

সরকারি তথ্য অনুযায়ী, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বরিশাল জোনের অধীনে রয়েছে মোট ১ হাজার ৬০৩ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক। এর মধ্যে তিনটি জাতীয় মহাসড়ক, সাতটি আঞ্চলিক মহাসড়ক এবং ৬১টি জেলা মহাসড়ক রয়েছে। এই বিশাল সড়ক নেটওয়ার্কের মধ্যে মাত্র ৩২ কিলোমিটারের কিছু অংশে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। অথচ পটুয়াখালী থেকে আমতলী ৩৭ কিলোমিটার এবং আমতলী থেকে কুয়াকাটা ৪৭ কিলোমিটারের জন্য কোনো হাইওয়ে থানা নেই। নেই উদ্ধার সরঞ্জাম, রেকার কিংবা পুলিশের দ্রুত যাতায়াতের জন্য উপযুক্ত গাড়ি। এর ফলে পটুয়াখালী থেকে কুয়াকাটা ও আমতলী থেকে বরগুনা পর্যন্ত প্রায় ৯৮ শতাংশ সড়ক হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানের বাইরে রয়ে গেছে।

বরিশাল বিভাগের সড়ক দুটি সার্কেলে বিভক্ত—বরিশাল সার্কেল (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা) এবং পটুয়াখালী সার্কেল (পটুয়াখালী ও বরগুনা)। দুই সার্কেলে মিলে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ১২৭ দশমিক ৯৮ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ২৯০ দশমিক ৯ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১ হাজার ১৮৫ দশমিক ৯১ কিলোমিটার। কিন্তু এত বিশাল সড়ক নেটওয়ার্কে হাইওয়ে থানার সংখ্যা অত্যন্ত অপ্রতুল।

এলাকাবাসীর অভিযোগ, আমতলীর ৩৭ কিলোমিটার রাস্তায় ১৭টি তীব্র বাঁক থাকায় প্রায়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হতাহতের ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই। উদ্ধার ব্যবস্থার অভাবের কারণে দুর্ঘটনার পর মানুষকে দীর্ঘসময় দুর্ভোগ পোহাতে হয়। ফলে জনগণের দাবি—অবিলম্বে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কৌশলগত অংশে একটি পূর্ণাঙ্গ হাইওয়ে থানা স্থাপন করা হোক।

তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক দখল করে অবৈধ ব্যবসা বন্ধ হবে, যানজট ও দুর্ঘটনা কমবে, অপরাধপ্রবণতা হ্রাস পাবে এবং পর্যটন শিল্পকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে। আমতলীতে হাইওয়ে থানা স্থাপন এখন শুধু সময়ের দাবি নয়, হাজার হাজার যাত্রী ও পর্যটকের নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে আলোড়ন

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন সিকদারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নীলুফার শিরিন লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ঢাকার বার কাউন্সিল সচিবের কাছে। এ ছাড়াও অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং জেলা আইনজীবী সমিতিতে।

লিখিত অভিযোগে বিচারক উল্লেখ করেন, গত বুধবার সকাল ৯টার দিকে সরকারি কৌঁসুলির একজন প্রতিনিধি তাঁর বাসায় এসে গৃহকর্মীর হাতে একটি লাল রঙের ব্যাগ দিয়ে যান। ব্যাগটি বিচারকের কাছে পৌঁছে দিতে বলে ওই প্রতিনিধি দ্রুত চলে যান। ব্যাগটি খুলে বিচারক দেখতে পান এর ভেতরে দুটি খাম রয়েছে। একটি খামে ছিল মামলার কাগজপত্র এবং অন্য খামে রাখা ছিল ৫০০ টাকার নোটের একটি গোছা। যদিও তিনি টাকা গুনে দেখেননি, অনুমান করা যায় খামে প্রায় ৫০ হাজার টাকা ছিল।

অভিযোগে আরও বলা হয়, এর আগে থেকেই পিপি রুহুল আমিন হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু বিচারক তাঁর বার্তার কোনো উত্তর দেননি। পরে এভাবে ঘুষ দেওয়ার প্রচেষ্টা তাঁকে মানসিকভাবে আঘাত করে এবং অপমানিত বোধ করেন।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবার এক জরুরি সভা ডেকে রুহুল আমিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে। পাশাপাশি তাঁকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এই সিদ্ধান্তের অনুলিপি বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে একাধিকবার পিপি রুহুল আমিন বিচারকের কাছে আসামিপক্ষে তদবির করেছেন। এমনকি আলোচিত জুলাই শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলাতেও তাঁর বিরুদ্ধে আসামিপক্ষের হয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পিপি রুহুল আমিন দাবি করেছেন, তিনি বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা করেননি। বিষয়টি তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

ঘটনাটি ইতিমধ্যে আদালতপাড়ায় তীব্র আলোড়ন তুলেছে। আইনজীবীদের একটি অংশ বলছেন, এই অভিযোগ প্রমাণিত হলে এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সুপ্রিম কোর্টে তারেক রহমান-বাবরের খালাস নিয়ে শুনানি আজ

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি সুপ্রিম কোর্টে চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

এর আগে রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করে। বুধবারও সংক্ষিপ্ত শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালত রায়ে বলেন, মামলার বিচার আইনসম্মতভাবে হয়নি এবং অভিযোগপত্র ছিল অগ্রহণযোগ্য।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী, শেখ হাসিনাও গুরুতর আহত হন।




শেবামেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, আন্দোলনকারী যুবক গ্রেফতার

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবামেক) চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনার বিচার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জরুরি সেবা চালু রেখে কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) হাসপাতালে গিয়ে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতির কারণে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। তারা সোমবার দুপুর থেকে আল্টিমেটাম দিয়ে কর্মবিরতিতে আছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির জানান, জরুরি সেবা চালু রয়েছে এবং সমস্যা সমাধানে আলোচনা চলছে।

অন্যদিকে, আন্দোলন চলাকালে হামলাকারী হিসেবে অভিযুক্ত হোসাইন আল সুহান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি মিজানুর রহমান জানান, সুহান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী এবং ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, সুহানকে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। তবে স্বাস্থ্যখাত আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুহানকে গ্রেপ্তারের সময় আরও কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাদের সমন্বয়ক সুহানকে নির্যাতন করেছে এবং নারী কর্মীদেরও শ্লীলতাহানী করেছে।

এর আগে সোমবার শেবামেকের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। এতে স্বাস্থ্যখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি নামধারী আসামি এবং অজ্ঞাতনামা ৮০ জনকে অভিযুক্ত করা হয়। এরও আগে ১৪ আগস্ট হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনকে আসামি করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫