কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তৌহিদ আফ্রিদিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ আগস্ট রাতে সিআইডির একটি দল তাকে বরিশাল থেকে গ্রেফতার করে। মামলার আরেক আসামি ও তৌহিদের বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








