দুমকিতে অভিনব কৌশলে প্রতারণাকালে যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে ক্রেতা সেজে দোকান থেকে টাকা ও মালামাল হাতিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে এক প্রতারক যুবক। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা শহরের একটি কসমেটিকসের দোকানে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মাসুদ শরীফ (২৫)। তিনি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম সোবাহান শরীফ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় দোকানে বেচাকেনার ভিড়ের মধ্যে মাসুদ শরীফ ১ হাজার টাকার নোট দেখিয়ে পণ্য কেনার ছল করে অভিনব কৌশলে প্রতারণা করার চেষ্টা চালান। এ সময় দোকান মালিকের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে একই কৌশলে বাজারের অন্তত ২ থেকে ৩টি দোকানে তিনি প্রতারণা করে নগদ টাকা ও কিছু মালামাল হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “প্রতারক যুবক মাসুদ শরীফকে আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।”

এ ঘটনায় বাজারের দোকানদারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে স্থানীয়রা বলছেন, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত না হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরগুনার আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ, ৮ দিনেও উদ্ধার হয়নি

বরগুনার আমতলীতে এক কলেজ ছাত্রী অপহরণ হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। অপহৃতের বাবা অভিযোগ করেছেন, অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলতে পারে। তিনি দ্রুত অপহরণকারী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানা যায়, উপজেলার উত্তর টেপুরা গ্রামের ওই ছাত্রীকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বাদল মন্ডল ক্ষুব্ধ হন।

গত ১৮ আগস্ট সকালে বাদল মন্ডল তার সহযোগী সমির নেপ্তি, সবুজ হাওলাদারসহ আরও ৫-৬ জনকে নিয়ে ছাত্রীকে তার বাড়ি থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরিবার বাধা দিলে তাদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়।

পরিবারের পক্ষ থেকে ওইদিনই আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ তৎক্ষণাৎ উদ্ধার করতে পারেনি। গত রবিবার ছাত্রীর বাবা বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে ওরা প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে মারধর করা হয়েছে। আমার ভয়, তারা মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করতে পারে।”

এ বিষয়ে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, “মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পলিথিন জব্দ, জরিমানা আদায়

বরিশালের গৌরনদী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় ওই প্রতিষ্ঠানগুলোর মালিকদের নগদ অর্থ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রেডার্সের মালিককে ১০,০০০ টাকা, গৌরনদী বন্দরের তপন স্টোরের মালিককে ৭,০০০ টাকা এবং গৌতম কুন্ডু স্টোরের মালিককে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ও গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেইনসহ বিদেশি নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণ কোকেইন। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে আগত এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হয় ৮.৬৬ কেজি কোকেইন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানবন্দরে অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করে। ইমিগ্রেশন সম্পন্ন করার পর ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে আনা হলে স্ক্যানিং ও তল্লাশির সময় সন্দেহজনক তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করা হয়। জারগুলো খুলে দেখা যায়, ভেতরে ডিম্বাকৃতির ২২টি ফয়েল মোড়ানো কোকেইন লুকানো রয়েছে।

প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট কোকেইনের সত্যতা নিশ্চিত করেছে। উদ্ধারকৃত মাদকের ওজন দাঁড়িয়েছে ৮.৬৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক নারী যাত্রীকে মাদকদ্রব্য ও কাস্টমস আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তাকে জব্দকৃত পণ্যসহ হেফাজতে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে স্বেচ্ছাসেবক দলকর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের কাশিপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন শিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. জাকির গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গত ৩১ জুলাই পারিবারিক বিরোধের জের ধরে মো. জাকির গাজীসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে লিটন শিকদারকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তারা মৃতের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বোন বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-৮ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথভাবে ঢাকায় অভিযান চালিয়ে সোমবার প্রধান আসামি জাকির গাজীকে আটক করে। পরে তাকে ঢাকার শ্যামপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একই মামলায় দ্বিতীয় আসামি মো. মিলন গাজী ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ইলাকেও গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মহিপুরে অবৈধ ট্রলার জব্দ, কোস্টগার্ডের অভিযানে কঠোর ব্যবস্থা

পটুয়াখালীর মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। সোমবার দুপুরে আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেন। এ সময় সমুদ্রে মাছ ধরার নিয়ম ভঙ্গ করে তৈরি অবৈধ ট্রলারে ব্যবহৃত জাল, সরঞ্জাম ও তিনটি বোট জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। সমুদ্রে অবৈধভাবে মাছ আহরণে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের তৈরি ট্রলারগুলো নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে অবৈধভাবে সমুদ্রে মাছ আহরণের জন্য ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে এসব নিষিদ্ধ নৌযান সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে, যা সামুদ্রিক মাছের প্রজনন ও দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবৈধ ট্রলার সমুদ্রে শুধু মাছের মজুতই হ্রাস করছে না, বরং ছোট আকারের মাছ ও ডিমও ধ্বংস করছে। ফলে দেশের মৎস্যসম্পদ টেকসইভাবে রক্ষা করতে হলে অবৈধ মাছ ধরা ও নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো অপরিহার্য।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্থানীয় জেলেদের সচেতন করার পাশাপাশি নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা করতে হলে আইন মেনে মাছ ধরা ছাড়া কোনো বিকল্প নেই।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন লুৎফর রহমান

রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমানও যিনি এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর। 

সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে নিয়োগপ্রাপ্তরা শপথের দিন থেকে অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত বিচারপতিদের মধ্যে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।

অ্যাডভোকেট লুৎফর রহমান দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল জানান, লুৎফর রহমান ছাত্রদলের সাবেক নেতা ও বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।




বরিশালের মুলাদীতে ভয়াবহ ঘটনাঃ দুই ভাই মিলে যুবকের চোখ তুলে বাবার হাতে দিলো

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারীর দুই চোখ তার বাবা আশেদ ব্যাপারীর নির্দেশে দুই ভাই—স্বপন ও রোকন ব্যাপারী—মিলে তুলে দিয়েছেন। এ ঘটনায় রিপনের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বরিশাল মহানগর জজ আদালতে মামলা করেছেন। সোমবার দুপুরে আদালতে দায়ের করা মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রিপনের দুই ভাই, বাবা, এবং অন্যান্য সহযোগী রয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে মুলাদী থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২২ আগস্ট) বিকালে রিপন তার গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে রোকন ব্যাপারীর কাছে যান। দুই ভাইয়ের মধ্যে তর্ক ও ঝগড়া হয়। রাত ১১টার দিকে বাড়িতে ফেরার সময় পুনরায় তর্কের জেরে বাবার নির্দেশে স্বপন ও রোকন রিপনকে মারধর করে এবং তার চোখ তুলে বাবার হাতে দেন।

রোকসানা বেগম অভিযোগ করেছেন, তার স্বামী বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণা করে অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। এই সম্পদ রোকন ব্যাপারীর কাছে রাখা হতো। প্রায় তিন মাস আগে রিপন তা ফেরত চাইলে রোকন তা দিতে অস্বীকার করেন। এর ফলে পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

রোকসানা আরও জানান, প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং ৩৫ লাখ টাকা রোকন ব্যাপারী আত্মসাৎ করতে চাইছিল। এই বিরোধ ও ঝগড়ার প্রেক্ষিতে ঘটেছে ভয়াবহ এই ঘটনা।

স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুলাদী থানার এসআই মো. মাসুদ জানান, দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ তুলে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেননি, বরং আদালতের মাধ্যমে মামলা করেছেন। আদালতের আদেশ আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





হিজলায় মেঘনা অভিযানে অবৈধ জালসহ তিন জেলে আটক

বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট এলাকায় মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল ও চরঘেরা জালের খুটি জব্দসহ তিনজন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে দুপুরে অভিযান চালিয়ে ২১ বান্ডেল অবৈধ নতুন বের জাল (নেট জাল) এবং ৬৫০টি চরঘেরা জালের খুঁটি জব্দ করেন।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ জাল ও খুটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে জাল ও খুটি পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




কারাগারে কোরআন তেলাওয়াত করে দিন কাটাচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

 সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে কাটাচ্ছেন দিনগুলো কোরআন তেলাওয়াত, নামাজ, তজবিহ পাঠ ও লেখালেখির মাধ্যমে। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, পলক বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে কোনোভাবে বিচলিত নন এবং ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে মামলা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭টিতে। এছাড়া দুদক ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, পলক সবসময় দাবি করেন যে তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগে তিনি জড়িত নন এবং দুদকের মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই কাফরুলে আরমান মেইনারের গেটের সামনে আব্দুল আলিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসার পর গত ১ এপ্রিল তিনি মামলাটি দায়ের করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫