প্রেম নিয়ে বিরোধে কিশোরী ঊর্মীকে হত্যা, বাবা-মা ও ভগ্নিপতি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বাগ্বিতণ্ডার জেরে মাত্র ১৪ বছরের কিশোরী ঊর্মী ইসলামকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবা, মা ও ভগ্নিপতির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে সোপর্দ করলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় এক যুবকের সঙ্গে ঊর্মীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পারলে ২০ আগস্ট রাতে এ নিয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বাবা নজরুল ইসলাম, মা আসেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেন ক্ষিপ্ত হয়ে মেয়েটির গলা টিপে শ্বাসরোধ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঊর্মীর। পরে লাশ গোপন করার চেষ্টা করা হয়।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, তদন্তে হত্যার সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। বুধবার (২৭ আগস্ট) আদালতে হাজির করা হলে তিনজনই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে গত শনিবার সকালে কনকদিয়া ইউনিয়নের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে ঊর্মীর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি রহস্যজনক মনে হলেও পুলিশের ধারাবাহিক তদন্তে আসল চিত্র সামনে আসে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক ছিল। তদন্তে নানা প্রমাণ হাতে এলে অবশেষে নিশ্চিত হওয়া যায় যে, এ হত্যাকাণ্ডে কিশোরীর বাবা, মা ও ভগ্নিপতি জড়িত।
স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরিবার যে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই পরিবারেই যদি এভাবে প্রাণ দিতে হয়, তবে এটি সমাজের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








