খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দেওয়া হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।

রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে অনিয়মের অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বিচারপতি আখতারুজ্জামানকে তলব করে। তাকে গত ১ জুলাই সরাসরি হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ওই ব্যাখ্যা দেওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির নির্দেশে গত ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। পরবর্তীতে দুর্নীতি ও ক্ষমতাসীন সরকারের স্বার্থে কাজ করার অভিযোগে গত বছরের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি তাকে আরও ১১ জন বিচারপতির সঙ্গে ছুটিতে পাঠান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে বিচারপতি মো. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল।

এ ঘটনার মাধ্যমে আলোচিত বিচারপতি আখতারুজ্জামানের বিচারিক জীবনের সমাপ্তি ঘটল।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় বিএনপির সাবেক এমপির ওপর হামলা মামলায় সাত আসামির জামিন বাতিল

বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ আগস্ট) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন—পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগ কর্মী মো. জাকির হোসেন লাভু (লাভু মিয়া), গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। বহরটি রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে তৎকালীন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মী ও আরও প্রায় ২০০ অজ্ঞাত কর্মী হামলা চালান। এতে নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন এবং তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে বিএনপি কর্মী সোলায়মান বাদী হয়ে ২০২৪ সালের ৪ অক্টোবর পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত সাত আসামি চলতি বছরের ২৮ মে হাইকোর্ট থেকে আট সপ্তাহের অগ্রিম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ জানিয়েছেন, তার মক্কেলরা পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভুয়া প্রজ্ঞাপন তৈরির অভিযোগে প্রতারক মিজানুর গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের মিজানুর রহমানকে ভুয়া সরকারি প্রজ্ঞাপন তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম। তিনি জানান, সাইবার সুরক্ষা আইনসহ পাঁচটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মিজানুর রহমানের বিরুদ্ধে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয়দের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নামে ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছিলেন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল—সুইডেন ও স্পেনের দুটি আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বাবুগঞ্জের মাধবপাশায় শিল্পাঞ্চল নির্মাণ করা হবে, যার জমি অধিগ্রহণ ও জনবল নিয়োগ কার্যক্রমে এইচআর বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান। এই ভুয়া প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং বিষয়টি পাট অধিদপ্তরের মহাপরিচালকের নজরে আসে।

সূত্র জানিয়েছে, প্রতারণার এই ফাঁদ যদি আগে ধরা না পড়ত, তবে শিল্পাঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ ও নিয়োগের নামে শত শত মানুষ সর্বস্বান্ত হতো।

পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “গত ২৮ আগস্ট সকালে মহাপরিচালক আমাকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থল মাধবপাশা বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে মিজানুর রহমানের নাম ও পরিচয় নিশ্চিত হই। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, ভুয়া প্রজ্ঞাপন তৈরির মাধ্যমে তিনি প্রতারণার চেষ্টা করেছিলেন।”

খোঁজ নিয়ে জানা গেছে, একসময় বরিশালের সুরভী লঞ্চ কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন মিজানুর রহমান। সেখানে নানা অভিযোগ ওঠায় চাকরি হারান তিনি। এরপর মাধবপাশায় এসে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নিজেকে ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত করার চেষ্টা চালান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান।

নিহত আমরান উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তার বাবা মারা যান। পরে মা সাবিরা সুলতানা লিয়া অন্যত্র বিয়ে করলে আমরান নানি নাজমুন নাহারের সঙ্গে শেরে বাংলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বড় ভাই ঢাকায় চিকিৎসা কাজে নিয়োজিত।

ঘটনার দিন দুপুরে নানি বাসার বাইরে গেলে আমরান একা ছিল। বিকেলে ফিরে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন তিনি। তখন শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আমরানের মরদেহ দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

✍️ মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হত্যা মামলায় রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার এলাকায় এক যুবক আসাদুল হক বাবুকে গুলি করে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে হেফাজতে রাখার আবেদন করেন। অপরদিকে, তৌহিদের আইনজীবী জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন।

আদালতের শুনানির পর ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বরিশাল থেকে সিআইডি বিশেষ অভিযান চালিয়ে ২৪ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরদিন ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

একই মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার করা হয় এবং ১৮ আগস্ট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২৩ আগস্টের রিমান্ড শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু (২৪)কে আসামির ছোড়া গুলিতে বুকে ও ডান পায়ে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় ছাত্রলীগ নেতা আরিফকে পিটিয়ে হত্যা

ভোলা সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে ভোলা পৌরসভার কালিবাড়ী সড়কের নববী মসজিদসংলগ্ন গলিতে নিজের বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সকাল ৯টার দিকে সরেজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা যায়, গেটের সামনে রক্তের দাগ ও ছেঁড়া চটি পড়ে আছে। ভেতরে চলছে শোকের মাতম। নিহতের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বসির উদ্দিন বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন,
“আমার একটাই ছেলে ছিলো, মানুষ আমার পুত্রকে পিটিয়ে হত্যা করলো।”

পারিবারিক সূত্র জানায়, আরিফ টেক্সটাইল প্রকৌশলে স্নাতক শেষ করেছিলেন ঢাকা সিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। সম্প্রতি চাকরির খোঁজ করছিলেন। একইসাথে তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অসুস্থ বাবাকে দেখতে মাত্র দুই দিন আগে বাড়ি এসেছিলেন তিনি।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর রাত ১টা পর্যন্ত নিজ কক্ষে ছিলেন আরিফ। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চরফ্যাশন উপজেলায় আরিফদের কিছু জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হতে পারে বলে তারা ধারণা করছেন।

ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল হক জানান, “এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। তবে হত্যার সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মুলাদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের মুলাদীতে রাহিমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের ব্যাপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাহিমা ওই গ্রামের শিপন ব্যাপারীর স্ত্রী।

পারিবারিক কলহের জের ধরে রাহিমা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী শিপন ব্যাপারী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

প্রতিবেশী আবুল খায়ের তালুকদার জানান, শিপন ঢাকায় চাকরি করলেও তার স্ত্রী একাই বাড়িতে থাকতেন। বুধবার সন্ধ্যার পর শিপনের ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে এক নারী ডাকাডাকি করেন। সাড়া না মেলায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায় রাহিমা ঘরের চালার আড়ার সঙ্গে ঝুলছেন। পরে ডাকচিৎকার দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এদিকে শিপন ব্যাপারী মোবাইলে জানান, বিকেলে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় ফোন দিলে স্ত্রী রিসিভ করেননি। রাতে প্রতিবেশীদের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর পান।

ওসি সফিকুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভাণ্ডারিয়ায় ওয়ার্ড বিএনপি নেতা খুন, অভিযুক্ত পলাতক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে রেজাউল করিম ঝন্টু খলিফা (৫৪) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে। নিহত ঝন্টু ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উত্তর শিয়ালকাঠী গ্রামের আউয়ুব আলী খলিফার ছেলে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে উত্তর শিয়ালকাঠী গ্রামের ড. ওয়াদুদ উকিলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওত পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রুবেল খান (মজিবর খানের ছেলে) ঝন্টুর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, সন্ত্রাসী রুবেল খান দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বৃহস্পতিবারও সে প্রফেসর হালিম উকিলের বাড়ি থেকে প্রায় ৫৪টি নারিকেল নিয়ে যায় এবং তার ছেলে মাসুদ রানাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় মাসুদ ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন এবং রাতেই ঝন্টু খলিফাকে বিষয়টি জানান। ঝন্টু এ ব্যাপারে রুবেলকে সতর্ক করলে পরদিন সকালে প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, রুবেল খান ও তার পরিবারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। অতীতে সে এক যুবকের চোখ উপড়ে ফেলেছিল, তবুও পারিবারিক প্রভাবের কারণে শাস্তি এড়িয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গণধর্ষণের অপরাধে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজান হাওলাদার (৪৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। পরে রাতে তাকে থানায় আনা হয়। শুক্রবার সকালে আদালতে হাজির করলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মিজান হাওলাদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আ. রব হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক সুশংকর মল্লিক জানান, ২০১১ সালে মিজান ও তার দুই সহযোগী মিলে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা ফুলপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৭, তারিখ ৭/৬/২০১১)।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৭ সালে মিজান হাওলাদারকে অনুপস্থিতিতে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-৩ এর সহযোগিতায় তাকে হাতিরঝিল থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলনে যুবককে জরিমানা ও কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. হাসনাত (১৯) নামের এক যুবককে হাতে নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ট্রলি ভর্তি বালুসহ হাসনাতকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ও ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈকত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, গঙ্গামতি এলাকার বাসিন্দা মো. হাসনাত ট্রলিতে করে সৈকতের বালু বহন করছে। ঘটনাস্থলেই তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, “সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বালু উত্তোলনের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং ঝুঁকির মুখে পড়ে উপকূলীয় এলাকা। তাই এ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, নিয়মিতভাবে কুয়াকাটা সৈকতে নজরদারি চলছে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় পরিবেশবিদ ও সাধারণ মানুষ এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম