যৌন উত্তেজনা রাখতে হবে নিয়ন্ত্রণে, অপ্রাপ্তবয়স্কদের এ বার কর্তব্য পালনের নির্দেশনা দিল ভারতীয় আদালত

চন্দ্রদীপ নিউজ: কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। দু’মিনিটের তৃপ্তির জন্য সেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। আর কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো উচিত। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।

এক কিশোরীর সঙ্গে ‘সম্পর্ক’ ছিল এক যুবকের। সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠে যুবকের বিরুদ্ধে। তাঁকে বেকসুর খালাস করে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানায়। কিশোর-কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। অপ্রাপ্তবয়সে সহবাস করলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়, তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথাও বলেছে আদালত।

কী ভাবে যৌন উত্তেজনা তৈরি হয়, তারও ব্যাখ্যা দিয়েছে আদালত। জানিয়েছে, পুরুষদের অন্ডকোষ এবং মহিলাদের গর্ভাশয় থেকে প্রাথমিক ভাবে টেস্টোস্টেরন ক্ষরণ হয়, যা যৌন উত্তেজনার জন্য দায়ী। এই টেস্টোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি সক্রিয় হলে যৌন উত্তেজনা তৈরি হয়। তবে এই গ্রন্থিগুলি নিজে থেকে সক্রিয় হতে পারে না। উত্তেজক কিছু দেখলে, শুনলে, পড়লে বা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কথা বললে তবেই গ্রন্থিগুলি সক্রিয় হয়। বেঞ্চের পর্যবেক্ষণ, আমাদের নিজের পদক্ষেপের কারণেই এই উত্তেজনা তৈরি হয়। কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। তাদের নিজেদের কার্যকলাপের কারণেই যৌন উত্তেজনা তৈরি হয়। সে কারণে যৌন উত্তেজনা কখনওই ‘স্বাভাবিক এবং আদর্শ’ নয়। যৌন উত্তেজনামূলক কিছু কাজকর্ম বন্ধ করলেই সব স্বাভাবিক হবে। সূত্র আনন্দ বাজার। 




যুবলীগ নেতার মামলায় বরিশালে বিএনপি’র ১২ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী বিএনপি’র ১২ নেতাকর্মীকে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বিএনপি নেতা আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জালিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবলু, মাসুদ বক্তিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বক্তিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া
রফিক। তারা সকলেই আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপি’র রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

বরিশাল গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার জানান, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামীদের কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র কর্মসূচীতে যাওয়ার পথে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদি হয়ে ইশরাককে প্রধান আসামী করে নামধারী ৭০জন ও অজ্ঞাতনামা আরো
৫০/৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।




১৬ বছর পর ৬ ডাকাতকে ৭ বছর করে কারাদণ্ড

বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ডাকাতির ‘১৬ বছর পর পলাতক ৬ ডাকাতকে ৭ বছর‘ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ‘২০০৭ সালের ৬ ডিসেম্বর রাতে বাকেরগঞ্জের উপজেলার বলইকাঠি গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম খন্দকারের ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। পরে ঘরের লোকজন টের পেলে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্নালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে নামধারী ৭ জনের নামে মামলা করেন। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক মো. শাহজাহান ২০০৮ সালের ২১ জুলাই মামলা তদন্ত করে আদালতে চার্জশীট জমা দেন। বিচারক ১৬ জনের স্বাক্ষ্য শেষে এ রায় দেন। রায় দেয়ার সময় দণ্ডিত ৬ জন উপস্থিত থাকলেও ও খালাস পাওয়া দুই আসামী অনুপস্থিত ছিলো।




গ্রেফতারী পরওয়ানা জারী হওয়ায় ঝালকাঠিতে বাদী পুত্রের উপর হামলা!

বরিশাল অফিস: ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠির একটি আদালতে গ্রেপ্তারী পরওয়ানা জারী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদীর কলেজ পড়ুয়া ছেলেকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সরকারী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ঐ ছাত্রের বাবা ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আহত আসাদুজ্জামান ঝালকাঠি সরকারী কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ সুত্রে জানাগেছে, সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদারের সাথে নবগ্রাম ইউনিয়নের গোয়লকান্দা গ্রামের বিপ্লব মল্লিকের সাথে পুর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ঝালকাঠি সরকারী কলেজ চত্বরে বসে মিজানুর রহমানের ছেলে আসাদুজ্জামানকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে মারধর করে বহিরাগত বিপ্লব মল্লিকের ছেলে ইব্রাহিম মল্লিক হৃদয়, জামলাকান্দা এলাকার মোহম্মদ হোসেনের ছেলে জুম্মান (২০), নেছারাবাদ এলাকার মেস্তফার ছেলে মো. হাসিব (২১) বিকনা এলাকার রিফাত (২০)। এ সময় আসাদুজ্জামানের চিৎকারে কলেজের ছাত্ররা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।




বরিশালে ইলিশ বিক্রেতার জরিমানা

বরিশাল অফিস: সরকারি নিষেধাজ্ঞার পরেও বৃহস্পতিবার দুপুরে বাজারে ইলিশ মাছ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতা সোহেল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ইলিশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে। বিক্রেতা সোহেল মিয়া নগরবাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহেল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা ও জব্দ করা ছয় কেজি ইলিশ স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।




মুলাদীতে পুলিশ কর্মকর্তাকে নাগরিক সংবর্ধণা

বরিশাল অফিস: মুলাদীতে সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমানকে নাগরিক সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তে এই সংবর্ধণা দেওয়া হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার।

ক্রীড়াবিদ দিদারুল আহসান খান ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, হিজলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়ের আহম্মেদ, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস, চরকালেখান ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, জাপা নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম ও হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন। সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান একজন মানবিক ও সংস্কৃতিমনা পুলিশ অফিসার। তিনি ভালোবাসা দিয়ে মুলাদী ও হিজলা উপজেলায় অপরাধ দমনের চেষ্টা করে সফল হয়েছে।




তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে পড়েছে স্কুল ছাত্রীর পরিবার। অভিযুক্ত পনু ঘরামীর ভাড়াটে সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য জীবনাশের হুমকির দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যৌন নিপীড়নের স্বীকার স্কুল ছাত্রীর পিতা নিজাম খান মামলার আসামি পনু ঘরামীর সর্বোচ্চ শান্তির দাবী জানিয়ে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় পনু ঘরামীর মুদি দোকানে গত ৭ অক্টোবর ঝালমুড়ি ক্রয় করতে গিয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করেন। সেখানে ৩০ হাজার টাকায় মিমাংশার প্রস্তাব দিয়ে মাতবররা সময়ক্ষেপণ করলে ১০ অক্টোবর স্কুল ছাত্রীর বাবা নিজাম খান যৌন নিপীড়নের অভিযোগে পনু ঘরামী (৪২) বিরুদ্ধে মামলা করেন।

এই মামলা থেকে বাঁচতে ও তদন্ত কার্যক্রমকে ব্যহত করতে গত ১১ অক্টোবর পনু ঘরামী ও তার ভাড়াটে সন্ত্রাসী শহিদুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে নিজ বাড়িতে থানার ওসি, তদন্ত ওসি, এক এসআই, দুই ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।

এই ঘটনার পর রাতে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে ফের মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া হয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ যায় ঘটনাস্থলে। জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে যৌন নিপীড়নের শিকার হলে থানায় মামলা দায়ের করে বিপাকে পড়েছি। আসামীপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে সন্তানদের নিয়ে অন্যান্যের বাড়িতে থাকি। আমি নর-পিশাচ পনু ঘরামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।

অভিযুক্ত পনু ঘরামী ও শহিদুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তারা ফোন ধরেনি। তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশের পক্ষ থেকে স্কুল ছাত্রীর পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




মুলাদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

বরিশাল অফিস: মুলাদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ভ্রাম্যমান আদালতে ৩জনকে ২০ দিন করে কারাদন্ড দেন। এরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের হান্নান সরদারের ছেলে মো. রকি সরদার (৩৬), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবদুল বারেকের ছেলে ইস্রাফিল (২৯) ও আবদুল গণি মিয়ার ছেলে হাসান (১৯)।

তাদেরকে আড়িয়ালখাঁ নদী থেকে বালু তোলার সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, মা ইলিশ রক্ষার অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। ওই সময় ড্রেজার ও জাহাজ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাদেরকে আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দিয়ে পুলিশকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।




রাঙ্গাবালীতে মাল্টা বাগানের অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার রাঙ্গাবালীতে রাতের আধারে ১টি মাল্টা বাগানের প্রায় অর্ধ-শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

বাগানটির মালিক ওই গ্রামের লিমা বেগম নামের এক নারী। সকালে তার জমির ফলন্ত মাল্টা গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ভুক্তভোগী বাগান মালিক লিমা বেগম জানান, গত বছরের ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) সহযোগিতায় সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে তার উদ্যোগে বাবা হারুন মৃধার ৫০ শতক জমিতে এ মাল্টা বাগান করেন। ওইসময় বারি মাল্টা-১ জাতের ৬০টি মাল্টা গাছ রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতের আঁধারে লিমা বেগমের বাগানটি কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয়দের প্রশ্ন, গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? মাল্টা গাছের কি দোষ ছিল?

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ বিষয়ে এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




যৌন হয়রানির প্রতিবাদ করায় দুমকিতে যুবককে কুপিয়ে আহত

মো: আল-আমিন (পটুয়াখালী):  জেলার দুমকী উপজেলায় এক গৃহবধূকে যৌন হয়রানি এর প্রতিবাদ করায় ফলে আ. কাইয়ুম হাওলাদার (৪০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিপন হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার বাহেরচর গ্রামের লঞ্চ ঘাটে মতিউর রহমান গাজীর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিপনকে (৪৫) আসামি করে বৃহস্পতিবার দুমকী থানায় মামলা দায়ের করেছেন আহতের স্ত্রী সালমা বেগম।

রিপন উপজেলার বাহেরচর এলাকার মৃত মো. কাদের হাওলাদারের ছেলে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাবেয়া জাহানারা মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রের মায়ের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে প্রায়ই যৌন হয়রানি করেন রিপন হাওলাদার। যৌন হয়রানির শিকার ওই ছাত্রের মা রিপনের দোকানে এসে ভবিষ্যতে তাকে আর বিরক্ত না করার জন্য বলেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় স্থানীয় যুবক আ. কাইয়ুম হাওলাদার রিপনের স্বভাব-চরিত্র ভালো নয়– এমন মন্তব্য করেন। রিপন এ কথা শুনতে পেয়ে নিজের দোকানে থাকা রামদা দিয়ে কাইয়ুমকে কোপ দিলে হাত দিয়ে ঠেকাতে গিয়ে কাইয়ুমের চারটি আঙুল কেটে যায়। স্থানীয়রা কাইয়ুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

যৌন হয়রানির শিকার ওই গৃহবধূ জানান, রিপনের মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও তিনি ইমোতে ভিডিও কল দিয়ে তাঁকে বিরক্ত করেন। তিনি রিপনের কল না ধরায় ক্ষিপ্ত হয়ে রিপন গ্রামে তাঁর নামে কুরুচিপূর্ণ কথা ছড়ান। এসব কথাবার্তা তাঁর স্বামী জানার পর তাদের সংসারে অশান্তি নেমে আসে। তিনি রিপনের দোকানে গিয়ে ভবিষ্যতে কল না করার জন্য বলেন এবং স্থানীয় লোকজনের কাছে বিচার দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি দোকানি মতিউর রহমান গাজী, জিয়াউর রহমান, স্থানীয় বাসিন্দা কাওসার ও মো. আশিক জানান, রিপন দোকান থেকে রামদা বের করে কাইয়ুমকে তাদের সামনেই কুপিয়ে জখম করেন। তারা রিপনের বিচার দাবি করেন।

অভিযুক্ত রিপন হাওলাদার আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আসামিকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।