কলাপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

বরিশাল অফিস: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি সেতুর উপর ফখরুলকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে আসা বাসটি সেতুর উপর হাঁটতে থাকা পথচারী ফখরুলকে পিছন থেকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এইচ খান লেলিন জানান, তার মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহত ফখরুল ইসলামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও গ্রামে। তার পিতার নাম আজির উদ্দিন। সে কলাপড়ায় কেন এবং কি কাজে এসেছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই স্ট্যান্ডে বাস ফেলে রেখে বাসের সুপারভাইজার ও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।




ঝালকাঠিতে ছাত্রলীগ কর্মীকে আহতের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল অফিস : ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সদর থানায় আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর ফরাজী ও ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক মনির হোসেন। এরা দুজনই ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত। বিকেলে শহরের চাদকাঠি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পোষ্ট অফিস সড়কে ঝালকাঠি শহরে অবরোধ বিরোধী মহড়া চলাকালীন যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ চারজন গুরুতর আহত হয়।

এর মধ্যে মিলনসহ তিনজনকে বরিশাল শেবাচিমে এবং অপর এক যুবলীগ কর্মীকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন, ঝালকাঠি সরকারী কলেজ লীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু, যুবলীগ কর্মী হারুন হাওলাদার ও মো. সাগর।

এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনার হামলার ঘটনায় জড়িতরা গা ডাকা দিয়েছে।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় জাহাঙ্গীর ফরাজী ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




বাউফলে জমি বিক্রি না করায় ৩ মাস ধরে ঘর ছাড়া জেলে দম্পতি

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে নান্নু প্যাদা (৪২) ও ইয়ানুর বেগম (৩৫) দম্পতির সাথে। নান্নু প্যাদা পেশায় একজন জেলে।

জানা গেছে, নান্নু ও ইয়ানুর দম্পতি প্রায় ১২ বছর আছে ২৬ শতাংশ জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছে। তার আশে পাশের জমির মালিক হল এলাকার প্রভাবশালী দিদারুল আলম টুকু। দিদারুল অনেক বছর যাবত জেলে দম্পতিকে ভয় দেখিয়ে আসছে তার কাছে জমি বিক্রি করার জন্য। কিন্তু নান্নু ও ইয়ানুর জমি বিক্রি করতে রাজি না। এর ফলে দিদারুল আলম তার নিজ জমির চার পাশে তার কাঁটার বেড়া দিলে জেলে দম্পতির হাটার রাস্তা বন্ধ হয়ে যায়। তার পরেও জেলে দম্পতি জমি বিক্রি করতে রাজি না হওয়াতে তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।

সেই থেকে প্রাণের ভয়ে ৩ মাসের বেশি সময় ধরে নিজ বাড়িতে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছে নান্নু ও ইয়ানুর দম্পতি। শেষে নান্নু শশুর বাড়িতে আশ্রয় নিয়েছে ।

ভুক্তভোগি নান্নু প্যাদা বলেন, তাদের ক্ষমতা আছে দেইখা মোগো মতো গরিবের কথা কেউ শুনে না। অনেক বার ইউএন, চেয়ারম্যান, মেম্বার এর কাছে বিচার এর জন্য গেলেও তারা কোন বিচার করে নাই। এ জন্য মাইর খাইয়া প্রাণে বাচঁতে নিজের ঘর থুইয়া শশুরের বাড়ি আশ্রয় নিছি।

ভুক্তভোগি ইয়ানুর বেগম বলেন, খাইয়া না খাইয়া মাছ ধরে বেইচ্চা টাকা দিয়া জমি কিন্না বাড়ি করছি। সেই জমি জোর করে কিন্না নিতে চায়। মোরা জমি বেচতে রাজি না হওয়াতে দিদারুল আলম তার জমির চাইর পাশে তারকাটাঁর বেড়া দিয়া মোগো হাটাঁর রাস্তা বন্ধ কইরা দেয়। এতেও মোরা জমি বেচতে রাজি হই নাই। হের জন্য উনি আমাগো মাইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে।

অভিযুক্ত দিদারুল আলম টুকু বলেন, তাদের মার-ধর করার যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা। তাদের পাশের জমিগুলো আমার হওয়াতে আমার জমিতে বেড়া দিয়েছি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন, আমি অভিযোগ পেয়েই সাথে সাথে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাই। এসিল্যান্ড নিজে গিয়ে ঘটনা তদন্ত করেছে। খুব শীগ্রই ব্যবস্থা নেয়া হবে।




মানবতার বুলি আওড়ানো শক্তির সর্মথনপুষ্ট ইসরায়েল মেরে ফেলেছে আইসিইউর বেশিরভাগ রোগী

চন্দ্রদীপ ডেস্ক: বিশ্বজুড়ে মানবতার সবক দেয় যারা তাদের আশ্রয়- প্রশ্রয় এমনকি প্রত্যক্ষ সহযোগিতায় গাজার সবচেয়ে বড় হাসপাতালটি আইসিইউ র বেশিরভাগ রোগীকে মেরে ফেলেছে ইসরায়েল।  জ্বালানী বন্ধ করে, অক্সিজেন সেবা বিচ্ছিন্ন করে পরবর্তীতে আল শিফা নামের হাসপাতালটিতে নির্বিচারে গুলি ও অভিযান চালিয়ে হত্যা করে ইহুদি সেনারা।

হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালামিয়া গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এদিকে আল-শিফা হাসপাতালসংলগ্ন জায়গা থেকে গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি ইয়েহুডিত ওয়েইস নামের এক বৃদ্ধার লাশ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনারা।

হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালামিয়া জানান, আইসিইউতে থাকা অনেক অপরিণত শিশু মারা গেছে।

এই পরিস্থিতিতে অন্য শিশুদের বাঁচিয়ে রাখার আশাও ক্ষীণ।
এই চিকিৎসক আরো জানান, গাজার সবচেয়ে বড় হাসপাতালটির মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। কম্পাউন্ডের প্রধান ভবনগুলোতে পানি ও বিদ্যুৎ নেই। ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ উড়িয়ে দিয়েছে।

 




পটুয়াখালীতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দুমকীতে মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে তার মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

রবিবার(১২ নভেম্বর) উপজেলার লেবুখালির পাগলা গোল চত্বর সংলগ্ন দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর মা রুমা বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি করা হয়। আমার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারনে আমি ঢাকায় চাকরি করি এবং আমার বাবার বাড়ির কাছে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করি। এর আগেও আমার ছেলের সাথে এ ঘটনা ঘটে এবং আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাই। আমার ছেলের সাথে এমন ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালকের কঠিন শাস্তি দাবি করছি।

ভুক্তভোগীর নানা বলেন, আমার নাতি এখন অসুস্থ তাই তাকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য।

এ বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমি ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছি এবং মাদ্রাসা আপাতত বন্ধ রাখা হয়েছে।




কলাপাড়ায় ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় নিজ বাড়ির সামনের জিলাপি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ষাটোর্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা আকলিমা বেগম (৬০) ওই গ্রামের মৃত আনোয়ার খানের স্ত্রী ও চার কন্যার জননী। মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অভিমানে বৃদ্ধ মা এভাবে আত্মহননের পথ বেছে নেবে, তা ভাবতেও পারছেন না তারা। এমন ঘটনায় হতবাক গ্রামবাসীও।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার রাতে বিদেশ ফেরত মেজমেয়ের সাথে টাকা-পয়সা নিয়ে আকলিমার তর্ক হয়। রাতে এ কলহ শেষ হওয়ার পর তারা দু’জনই নিজ নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। রোববার সকালে নিহতের মেয়ে লাইজু ঘরের বাইরে বের হলে বাড়ির সামনের জিলাপি (এক ধরণের বাবলা) গাছের সাথে আকলিমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে গ্রামবাসীর এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কলাপাড়া থানায় খবর দেয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাইয়েবুর রহমান জানান, সকালে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এডভোকেট আফজাল

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এলাকা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হলো।

আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বার্ধক্যজনিত মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ২৫৬ জন।




বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন

বরিশাল অফিস:  বরিশালে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে পারভেজ সিকদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আবুল বাশার।

পলাতক দণ্ডপ্রাপ্ত পারভেজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য চরাদি গ্রামের মো. খলিল সিকদারের ছেলে। তিনি বরিশাল নগরের লালদীঘির পাড় এলাকার ইউনুস পুলিশের ভাড়াটিয়া ছিলেন।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী বাশার বলেন, ২০১৬ সালের ৯ এপ্রিল রাতে র‌্যাব-৮ এর একটি দল নগরীতে টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দলটি নগরীর বটতলা ক্ষিরোধ মুখার্জী লেনের আদম আলী হাজী গলির মুখে অবস্থান নেয়। এ সময় ওই এলাকা অতিক্রমকালে একটি অটোরিকশা থামানোর সংকেত দেয়। র‌্যাবের সংকেত পেয়ে অটোরিকশা থামিয়ে পালানোর চেষ্টকালে চালক পারভেজ সিকদারকে আটক করা হয়।
পরে ওই অটোরিকশা থেকে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে পরদিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার এসআই কামরুজ্জামান লিজা একই বছরের ৩০ মে একমাত্র পারভেজকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়ার পর থেকে পলাতক পারভেজ সিকদারের সাজা শুরু হবে বলে জানান ওই বেঞ্চ সহকারী।




দশমিনায় চেয়ারম্যানের স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দশমিনায় মৌসুমী আক্তার (৩২) নামে এক চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নলখোলা বন্দরের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার স্বামী।

তিনি উপজেলা বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় পরিবার দাবি করেছে- চেয়ারম্যান তার স্ত্রীকে হত্যা করেছেন।

জানা যায়, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তারকে নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানুর ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন।

মো. কিরণ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি চেয়ারম্যানকে নিয়ে বহরমপুর ইউনিয়ন পরিষদ থেকে দশমিনা সদরে চেয়ারম্যানের ওই বাসায় যান। সেখানে দরজা খোলা বাসায় তিনি চেয়ারম্যানের সঙ্গে প্রবেশ করেন এবং বাথরুমের দরজা ভেঙে চেয়ারম্যানের স্ত্রী মৌসুমীকে চেয়ারম্যানসহ তিনি গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে দশমিনা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মৌসুমীর ভাই মনিরুজ্জামান বিপ্লব অভিযোগ করেন, চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ প্রায়ই মাদক সেবন করে মৌসুমীকে মারধর করতেন। চেয়ারম্যানের পরিবারের ক্ষমতার কাছে তারা দুর্বল। চেয়ারম্যানের চাচা উপজেলা চেয়ারম্যান (আবদুল আজিজ) হওয়ায় পুলিশ কোনো কিছু কর্ণপাত করে না। চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার বোনকে মেরে ফেলতে পারেন। তিনি তদন্ত করে সঠিক বিচার প্রার্থনা করেন।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।




মির্জাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

 

মো: আল-আমিন (পটুয়াখালী): মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির নির্বাহী উপদেষ্টা মাহাবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, শ্রমিক লীগের সভাপতি ফারুক খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।