কলাপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের ভেতর শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিজ দলের কর্মীদের হামলায় উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. সজীব মৃধা (৩৫) গুরুতর জখম হয়েছেন।

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অভ্যন্তরে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।  গুরুতর আহত সজীব মৃধা এ ঘটনার জন্য উপজেলা যুব লীগের সহ-সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম (রকি) এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি সরদারকে দায়ী করেছেন।

আহত সজীব মৃধা অভিযোগ করে বলেন, রকি ও জনি আগে থেকেই সজীবের ওপর ক্ষিপ্ত ছিল। তারা দুইপক্ষই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক। সজীব কখনো দলীয় কার্যালয়ে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হতো। তার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কার কথা তিনি দলের জ্যেষ্ঠ নেতাদেরকেও জানিয়েছেন।

কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে সজীব নৌকা প্রতীকের নির্বাচনী কাজ শেষ করে দলীয় কার্যালয়ে গেলে হঠাৎ হামলার শিকার হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সজীব মৃধা আক্ষেপ করে বলেন, যখন রামদা দিয়ে  আমার ওপর হামলা করে তখন দলীয় কার্যালয়ের ভেতর অনেকেই উপস্থিত ছিল। তারা কেউই আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এ হামলায় রকি ও জনির সঙ্গে মুছা, সুমন, মহিবুল্লাহ, মোস্তফাসহ অন্তত ১০-১২ জন জড়িত ছিল বলে সজীব জানায়।




দল বেঁধে হাঁটতে থাকায় মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

চন্দ্রদীপ ডেস্ক : মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা বড় জমায়েত নিয়ে হাঁটছিলেন, যা স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল।

খবরে বলা হয়েছে, ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীকে (এমএএফ) একই দিন একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এমএএফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন।

তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।

সোমবার এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে, কারণ তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন।

তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনো তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি। 

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়। সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস




পটুয়াখালীতে ২১টি সুন্ধী কাছিম উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ২১পিচ সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক ফকিরের মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।

এসময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক ফকির ও ফারুক নামের দুই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারীদের কাছ থেকে ক্রয় করে ঢাকায় পাচার করতে চেয়েছিল ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাছিম উদ্ধার করা হয়।




দুমকির অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মো: আল-আমিন (পটুয়াখালী): আদালতের  নির্দেশে পটুয়াখালীর দুমকি উপজেলায় ’মেসার্স হাওলাদার ব্রিকস্ ” নামের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পিবার দুপুরে (২১ ডিসেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের টিম ইটভাটাটির আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনেট মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে ও বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার অবৈধ ইটভাটাটি নির্মাণ করে ব্যবসা করে আসছিল।

অবৈধ ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো: জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭ নম্বর রিট পিটিশনের আদেশে দুমকি উপজেলার চরগরবদি মৌজায় মেসার্স হাওলাদার ব্রিকস্ অবৈধ ঘোষনা করে তা বন্ধের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশ পেয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ‘মেসার্স হাওলাদার ব্রিক্সস ভেঙ্গে দেয়।

এর আগেও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দু’দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দিলেও তা ফের চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল প্রভাবশালী ইটভাটা মালিক পক্ষ।

প্রভাবশালী ইটভাটা কর্তৃপক্ষ প্রশাসনের আদেশ অগ্রাহ্য করে অবৈধ ইটভাটার স্থাপনা না সরিয়ে বরং দিগুণ উৎসাহে তাদের ইট তৈরী ও পোড়ানোর কাজ চালিয়ে আসছিল।

এ বিষয়ে ইট ভাটার মালিক বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়েছি।




পটুয়াখালীতে ১৩ লোহার সেতু নির্মাণে নয়ছয়, দুদক অভিযানে সত্যতা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি লোহার সেতু নির্মাণ প্রকল্পে নয়ছয়ের প্রাথমিক সত্যতা মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।

প্রয়োজন নেই এমনও স্থানে আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। এমনকি বাতিলকৃত প্রকল্প নথি জালিয়াতির মাধ্যমে আবার কাজ শুরুরও অভিযোগ রয়েছে।
যদিও দুদকের অভিযানের আগেই অনিয়মের কারণে ৪ থেকে ৫টি ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।

সম্প্রতি দুদকের পটুয়াখালী অফিস থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ সময় প্রকল্প সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

অভিযানে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি আয়রন ব্রিজ নির্মাণের অনিয়মের অভিযোগে এলজিইডির অভ্যন্তরীণ তদন্ত কমিটি কর্তৃক একটি তদন্ত করা হয়েছিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ৪ থেকে ৫টি ব্রিজ নির্মাণ বন্ধ করে বাকিগুলোর কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নিতে দুদক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৩টি আয়রন ব্রিজ নির্মাণের কাজ অনুমোদন করে ২০২০ সালের মার্চে। কাজ বণ্টনে অনিয়ম, নির্দিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ প্রদান, ব্রিজ নির্মাণে অতিরিক্ত ব্যয়সহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাতিল করা হয় সেই কাজ। কিন্তু চলতি বছরের জুন মাসে দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের (আইবিআরপি) অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী এসব ব্রিজের কাজ চলমান। অভিযোগ করা হয়, কাজ বাতিল ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীর দেওয়া নির্দেশনা নথি থেকে সুকৌশলে মুছে ফেলা হয়েছে। এরপর স্বাভাবিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে ব্রিজ নির্মাণের ফাইল। ফলে এলজিইডির দপ্তরের কাগজপত্রে ১৩টি ব্রিজের কোনো অস্তিত্ব না থাকলেও অন্য সব জায়গার নথিতে রয়ে গেছে এগুলোর নির্মাণকাজ। ১৩টি ব্রিজ নির্মাণের কাজ পান মাত্র দুজন ঠিকাদার। যেসব স্থানে ব্রিজের প্রয়োজন নেই, রাস্তা নেই কিংবা জনমানবের চলাচল কম, সেসব স্থানে ব্রিজ করার প্রকল্প নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।




বরিশালের ৬ টি আসনে ১৩ ম্যাজিষ্ট্রেট নিয়োগ

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বরিশাল জেলার ৬ টি আসনে ১৩ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। ১৮ ডিসেম্বর এই নিয়োগ প্রদান করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। কমিশন সচিবালয়ের উপ সচিব আব্দুস সালাম স্বক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে ভোট গ্রহনের আগের ও পরের ২ দিন এবং ভোট গ্রহনের দিন মিলিয়ে মোট ৫ দিন ম্যাজিষ্ট্রেটরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলায় বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান,আগৈলঝাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা সুমি,বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন,বানারিপাড়ায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রেনেসা খান,বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমাইয়া রেজবী মৌরী, বাবুগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আল ফয়সাল,বরিশাল -৪ আসনের মেহন্দীগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আব্দুল আলিম, হিজলা উপজেলায় সহকারী জজ নজরুল ইসলাম,বরিশাল সদর ৫ আসনে সিটি এলাকার ১ থেকে ১৫ নং ওয়ার্ডে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জহির উদ্দিন,১৬ থেকে ৩০ নং ওয়ার্ডে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী,বরিশাল সদর উপজেলায় জেলা লিগ্যাল এইড অফিসার রেজওয়ানা আফরীন,বরিশাল ৬ আসনের জন্য বিদ্যুৎ আদালতের ম্যাজিষ্ট্রেট গৌতম কুমার ঘোষ এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহফুজুর রহমান কে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ প্রাপ্ত ম্যাজিষ্ট্রেদের প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী এ্ং যানবাহন প্রদানসহ সার্বিক সহযোগীতা প্রদান করতে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।




পটুয়াখালীতে ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিকের মৃত্যু

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে পূর্ব বিরোধের জের ধরে সহকর্মী মো. জহিরুলকে (২৭) ধারোলো দা দিয়ে আঘাত করে হত্যা করেছে  শ্রমিক মো. কাওসার (২৫)।

এসময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছে একই পিকআপে থাকা অপর দুই সহকর্মী শ্রমিক সাইফুল (২৩) ও সাকিব (২০)। তাদেরকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮ টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার কহিনুর অটো রাইসমিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে।

নিহতের স্বজন হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জহিরুল, আহত দুজন ও ঘাতক কাওসারসহ ৭ জন পল্লী বিদ্যুৎ-এর পিকআপ ভ্যানে করে সকালে গলাচিপার বদুরা বাজারে দিকে যাচ্ছিলো লাইনের উপর ঝুলে পড়া গাছের ডালপালা কাটতে। পথে জহিরুলের সাথে তর্ক-বিতর্ক হয় কাওসারের। এক পর্যায়ে গাছের ডাল কাটার জন্য আনা দা দিয়ে জহিরুলের বামপাশের কানের নীচে ঘাঢ়ে আঘাত করে কাওসার। এসময় থামাতে গিয়ে কাওসারের হাতে থাকা দায়ের আঘাতে গুরুতর জখম হন অপর দুই সহকর্মী সাইফুল ও সাকিব।
তাদেরকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল নয়টায় চিকিৎসার জন্য আনা হয়। জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে নেয়ার পথে জহিরুলের মৃত্যু হয়। অপর দুই আহতকে তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়।

গ্রেপ্তার ঘাতক কাওসারের দাবি নিহত জহিরুল প্রায়ই তাকে বিরক্ত করতো। হামলার কথাও স্বীকার করেন কওসার।

হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার জানান, ঘাড়ের বাম পাশে গুরুতর জখম নিয়ে আসার পর ওয়ার্ডে নেয়ার পথে মৃত্যু হয় জহিরুলের।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, পল্লী বিদ্যুতের লাইন পরিস্কার রাখার জন্য গাছের ডাল কাটার শ্রমিক হিসাবে কাজ করা সবাই একই গ্রামের বাসিন্দা। পিকাপে বসে তর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি মন্ডল জানান, নিহত জহিরুলসহ পিকাপে থাকা ৭ জন গাছের ডাল কাটার জন্য বাদুরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের মধ্যে তর্কের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবিহিত করা হয়। এরা দৈনিক মজুরিতে পল্লী বিদ্যুতের লাইনের গাছ অপসারণের কাজে নিয়েজিত ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, নিজেদের মধ্যে তর্কের জেরে এ হত্যাকান্ড ঘটে। ঘাতক কাওসারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।




প্রার্থিতা ফেরার আশায় আদালতের দুয়ারে তারা

বরিশাল অফিস :: বৈধ প্রার্থীরা যখন সোমবার প্রতীক পেয়ে প্রচার শুরু করবেন, তখনও প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় অনেককে ঘুরতে হবে উচ্চ আদালতে। রোববার হাইকোর্টের দুটি বেঞ্চে ৫৭ প্রার্থীর রিট আবেদন উত্থাপিত হয়েছে। এতে বৈধতা পেয়েছেন ৬ জন। আর খারিজ হয়েছে ৯ জনের আবেদন।

নির্বাচন কমিশনে বৈধতা না পাওয়া প্রার্থীদের শেষ ভরসা উচ্চ আদালত। রোববার বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও বরিশাল ৪ এর আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদসহ আলোচিত অনেক প্রার্থীকেই দেখা যায় হাইকোর্টে।

প্রার্থিতা ফিরে পাওয়া এক প্রার্থীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন কমিশনের আপিলে রিটার্নিং অফিসারের যে বাতিল আদেশ সেটিকে কনফার্ম করল। তারপর মহামান্য হাইকোর্ট ডিভিশনে এসে রিট ফাইল করলাম। হাইকোর্ট আমাদের প্রার্থীকে বৈধ ঘোষণা করলেন।’

আরেক আইনজীবী জীবন আহমেদ বলেন, ‘শুনানীর শেষে কোর্ট আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণে আইনগত আর কোনো জটিলতা রইল না।’

এদিন রিটকারীদের পক্ষে প্রত্যন্ত এলাকা থেকে আদালতে হাজির হন নারীসহ অনেক ভোটার। তবে এক শতাংশ ভোটারের সমর্থন প্রমাণে ব্যর্থ হয়েছেন অনেক প্রার্থী।

এমনই এক প্রার্থীর আইনজীবী তানভীর চৌধুরী বলেন, ‘সারারাত জার্নি করে তারা আদালতে এসেছে বিজ্ঞ আদালতে তাদের স্টেটমেন্ট দেওয়ার জন্য এবং উপস্থাপন করার জন্য যে সইগুলো যথাযথ ভাবেই হয়েছে। কিন্তু বক্তব্যগুলো তারা সেভাবে মাননীয় বিচারপতিদের সামনে উপস্থাপন করতে পারেন নি।’

উচ্চ আদালতে যারা প্রার্থিতা ফিরে পাবেন- দেরিতে হলেও নিয়ম অনুযায়ী তাদের পরে প্রতীক বরাদ্দ করবে কমিশন।




মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার গলাচিপায় তেরো বছরের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের দুলাল সিকদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, লামিয়া বাবা দুলাল সিকদার ও মা লাইজু বেগমের সঙ্গে ঢাকায় থাকতো। ঘটনার ৪ দিন আগে লামিয়ার বাবা-মা তাকে দাদা-দাদির কাছে রেখে আবার ঢাকায় চলে যায়। ঘটনার দিন সকালে মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের সঙ্গে মান-অভিমান হয়। পরে বিকেল ৩টার দিকে লামিয়ার দাদা ও দাদি ধান কাটার কাজে বাহিরে যায়। বিকেল ৫টায় ফিরে তার দাদা ও দাদি ঘরের দরজা খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করে লামিয়াকে ঝুলন্ত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উপস্থিত হয়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।

লামিয়ার দাদা হালিম সিকদার (৫৬) বলেন, ‘আমি ও আমার স্ত্রী ধান কাটতে যাই। ধান কাটা শেষে বাড়িতে এসে দেখি লামিয়া আড়ার সঙ্গে ওড়নার পেঁচানো অবস্থায় আছে। আমার স্ত্রী দ্রুত লামিয়াকে নিচে নামিয়ে আনে এবং পুলিশকে খবর দেই।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




ইসিতে আপিল শুনানি শেষ হচ্ছে আজ

চন্দ্রদীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে শুক্রবার (১৫ ডিসেম্বর)। নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের।

এদিন ঋণখেলাপির দায়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে ইসি। প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলম। বহাল আছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতাও।

বুধবার চতুর্থ দিনে (১৩ ডিসেম্বর) ৪৫ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। ভোট হবে ৭ জানুয়ারি।