বরগুনায় রহস্যজনক মৃত্যু: ঘরে মিললো স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী ঝুলন্ত অবস্থায় উদ্ধার

বরগুনা সদর উপজেলায় স্বপন মোল্লা (৩০) ও তার স্ত্রী আকলিমা (২৬) নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকায় মোল্লাবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, স্বপনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী আকলিমাকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। নিহতদের ঘরে সাদিয়া (৬) ও আফসানা (৯ মাস) নামে দুই শিশু কন্যা রয়েছে।
স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে স্বপন ও আকলিমার মধ্যে কলহ চলছিল। সকালে শিশুদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে ঘটনাটি দেখতে পান।
স্বপনের চাচাতো বোন রাজিয়া বলেন, “ফজরের নামাজের জন্য পুকুরপাড়ে যাচ্ছিলাম। তখন স্বপনের বড় মেয়ে আমাকে ডেকে বলে, মা পড়ে আছে, কথা বলে না। ঘরে গিয়ে দেখি স্বপন ঝুলে আছে আর আকলিমা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি কেউ।
অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








