গাজায় নিহত ২৭ হাজার ছুঁইছুঁই

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় লাশের সারি বাড়ছেই। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল-আমাল হাসপাতালে তীব্র হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় হামাসকে নির্মূলের অজুহাতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় চার মাস ধরে সেখানে সংঘাত চলছেই।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে লোহিত সাগারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেখানে এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা-পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু।

ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত নয়বার হামলা চালিয়েছে বাইডেন প্রশাসন। এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে। কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সও। হুথি বিদ্রোহীদের দাবি, ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই হামলা চালানো হবে।

ইসরায়েল ও হামাসের মধ্য সংঘাত শুরুর পরই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী। যদিও এসব হামলার অধিকাংশই ভূ-পাতিত করা হয়েছে। কিন্তু জর্ডানে সবশেষ হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি ৩৪ জন আহত হয়েছেন।

সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনী লক্ষ্য করে অব্যাহত হামলার জন্য বাইডেন শুরু থেকেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলেকে দায়ী করছেন। ইরান তাদের সামরিক সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে। এই গোষ্ঠীগুলো ড্রোন ও রকেট দিয়ে হামলা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আটবার প্রতিশোধমূলক হামলা করেছে। বেশি হামলা করা হয় ইরানের লক্ষ্যবস্তুতে।




পটুয়াখালীতে পাঠ্য বইয়ের ভেতরে গাঁজা

বরিশাল অফিস :: পটুয়াখালীতে পাঠ্য বইয়ের ভেতরে গাঁজা বহন করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের কলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর বল্লভপুরের মৃত আজিজ তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার (৫৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের মৃত হরে কৃষ্ণ পালের ছেলে শ্রী ধ্রুব পাল (৫৬) এবং সদর উপজেলার বদরপুরের মৃত আসমত আলী ফরাজীর ছেলে মো. আলম ফরাজী (৫২)।

আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পটুয়াখালী ডিবির ইনচার্জ একেএম আজমল হুদা।

ঘটনার বরাত দিয়ে ওসি আজমল হুদা বলেন-দীর্ঘ দিন থেকে চট্টগ্রামের ধ্রুব পাল পটুয়াখালীর জালাল ও আলম ফরাজীকে গাঁজা সরবরাহ করতেন। এমন খবরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জীব কুমার সরকারের নেতৃত্বে ওত পাতেন ডিবি পুলিশ।

 

তথ্যের ভিত্তিতে উল্লেখিত তিনজনকে আটক করেন ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ের একটি বস্তা জব্দ করেন তারা। বস্তা খুলে দেখতে পান বইয়ের পাতার ভেতরের অংশ কেটে গাঁজা সংরক্ষণের স্থান তৈরি করে দুই কেজি বহন করছেন তারা। এ সময় ডিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান- চট্টগ্রাম থেকে আনা হয়েছে।

 




সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ, জাপা ২টি

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন বণ্টনের হিসাবে স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় আওয়ামী লীগ ৫০ সংরক্ষিত আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। আর বাকি দুটি পাবে জাতীয় পার্টি।

আজ বুধবার (৩১ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিক ও স্বতন্ত্র এমপিদের সমর্থন-সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছে জমা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একদল প্রতিনিধি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠি হস্তান্তর করেন।




এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

এর আগে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, তথা সাইফার মামলায় ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার মাত্র সপ্তাহখানেক আগে ইমরানের বিরুদ্ধে এসব রায় দিলেন পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের রাষ্ট্রীয় তোশাখানা পরিচালনা করে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যান্য দেশের সরকার ও রাজ্যের প্রধান, সংসদ সদস্য, আমলা, কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মূল্যবান উপহার তোশাখানায় সংরক্ষণ করা হয়। নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পাওয়া উপহার বা এ জাতীয় অন্যান্য উপকরণগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট করা বাধ্যতামূলক।

অভিযোগ উঠেছে, পিটিআই সরকারে থাকাকালে ইমরান খানের পাওয়া উপহারের যথাযথ বিবরণ প্রকাশ করেনি। এমনকি এ বিষয়ে পাকিস্তান তথ্য কমিশনের (পিআইসি) নির্দেশও উপেক্ষা করেছিল তারা।

২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

এ নিয়ে ব্যাপক নাটকীয়তার পরে দায়রা আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

কিন্তু সৌদি যুবরাজের কাছ থেকে পাওয়া একটি গহনা সেট তোশাখানায় জমা না দেওয়ার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে গত মাসে নতুন একটি রেফারেন্স দায়ের করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

বুধবার জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলাটির শুনানি পরিচালনা করেন। ওই কারাগারেই বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

মামলার রায়ে ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের জন্য যেকোনো সরকারি পদের অযোগ্য ঘোষণা করা হয়। একই সঙ্গে, তাদের প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না বুশরা বিবি।




পিরোজপুরের সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার’সহ র‍্যাবের হাতে গ্রেফতার ৪

বরিশাল অফিস :: পিরোজপুরের চাঞ্চল্যকর সাবেক চেয়ারম্যান কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার’সহ তার সহযোগী আসামীদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে বরিশাল র‌্যাব ৮-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম তিনি জানান,বরিশাল এবং র‍্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল বুধবার ( ৩১ জানুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা হতে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী ও তার সহযোগী আসামী আটকে করেছে র‍্যাবের সদস্যরা।

আসামিরা হলেন,ফণি ভূষণ হালদারের ছেলে মিঠুন হালদার (৪৪),কুরিয়ানা গ্রামের সমীরণ হালদারের ছেলে সুষময় হালদার (১৮), একই গ্রামের মোঃ ফারুক হোসেন ছেলে
জালিস মাহমুদ (২৪),সংগীতকাঠি গ্রামের
দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৩)। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা।

তিনি জানান, সোমবার ( ৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর জেলার কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার ৪২ নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন।

তিনি আরও জানান,এ সময় কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামী মিঠুন হালদার (৪৪) এর নেতৃত্বে ২৫/৩০ জন সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদারকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামীরা মৃত মনে করে চলে যায়।

তিনি জানান,পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরামর্শ দিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদারের স্ত্রী মালা মন্ডল (৪৫)

বুধবার( ৩১ জানুয়ারী) রাতে বাদী হয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান,হত্যার সাথে জড়িত ব্যক্তিরা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে। তাদের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-৮ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে র‍্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

 

 




গলাচিপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির হাওলাদারকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

সোমবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত বশির একই এলাকার মৃত ফজলুল হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন ফার্নিচারের দোকানের মালামাল পরিবর্তন করছিল। এ সময় আসামি বশির হাওলাদার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে বশির হাওলাদারকে উত্তেজিত স্বজনরা ধরে মারধর করে পুলিশে দেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




বইয়ের ভেতরে মিলল ২ কেজি গাঁজা, ডিবির জালে আটক ৩

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর জেলা সদরে বইয়ের মধ্য থেকে ২ কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা পুলিশের জালে আটক হয়েছে ৩ বৃদ্ধ মাদক কারবারি।

মঙ্গলবার দিবাগত রাতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা সদরের টাউন কালিকাপুরের কলাতলা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- জেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকার মৃত. আজিজ তালুকদারের ছেলে মোঃ জালাল তালুকদার (৫৫), বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত. আসমত আলী ফরাজীর ছেলে মোঃ আলম ফরাজী (৫২) এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জট পুকুরিয়া এলাকার কাঞ্চনা গ্রামের মৃত. হরে কৃষ্ণ পালের ছেলে শ্রী ধ্রুব পাল (৫৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সাদা প্লাষ্টিকের বস্তায় বিভিন্ন প্রকারের বইয়ের মধ্যে কসটেপ দ্বারা পেচানো নীল রংয়ের পলিথিনের মধ্য থেকে এ গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের নামে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নিমূর্লে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।




চিকিৎসার নামে কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা!

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় মোসা. নুরজাহান বেগম নামে এক নারী ফকিরের বিরুদ্ধে চিকিৎসার নামে কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দশমিনা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

নিহত কিশোরীর নাম হাফসা বেগম (২০)। তিনি উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মো. শাজাহান মৃধার মেয়ে। হাফসা আলীপুরা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২১ জানুয়ারি রাত ৯টার দিকে মোসা. লুৎফুরন্নেছা বেগম তার মেয়ে হাফসা বেগমকে নিয়ে ছেলের শ্বশুর বাড়ি দশমিনা সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে বেড়াতে যান। সেখানে গেলে মো. মনির সরদারের স্ত্রী মোসা. নুরজাহান বেগমসহ বাকিরা হাফসার মা লুৎফুরন্নেছা বেগমকে ওই রাতেই কৌশলে বাড়ি পাঠিয়ে দেন।

একই দিন রাতে প্রধান অভিযুক্ত মোসা. নুরজাহান বেগমসহ অন্যরা হাফসাকে পূর্ব পরিকল্পিত ভাবে কবিরাজি চিকিৎসার নামে বাড়ির পাশের কৃষি জমিতে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আহত হাফসাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ২২ জানুয়ারি বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। শেবাচিমের চিকিৎসকরা হাফসার অবস্থার অবনতি দেখে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি রাতে হাফসা মারা যান।

এ ঘটনায় হাফসার মা মোসা. লুৎফুরন্নেছা বেগম বাদী হয়ে মোসা. নুরজাহান বেগমকে প্রধান অভিযুক্ত করে ৩ জনের নামে দশমিনা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয় মোসা. নুরজাহান বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। তবে তার স্বামী মো. মনির সরদার বলেন, এ ঘটনার পর তার স্ত্রী পলাতক রয়েছেন। আমি দশমিনা সদরে ছিলাম তাই কিছু জানি না। আগুন লাগার পর দশমিনা হাসপাতালে গিয়ে হাফসাকে ওষুধও কিনে দিয়েছিলাম।

দশমিনা থানার এসআই মো. মেহেদী হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে মামলা গ্রহণ করা হবে।




পিরোজপুরে ভ্যান চালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

বরিশাল অফিস ::পিরোজপুরে এক ভ্যানচালককে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম মোল্লাকে (২৫) মৃত্যুদন্ড এবং সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৮) ও পল্টু কুমার দাস (২৭) নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পিরোজপুর জেলা অতিরিক্ত দায়েরা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন। নিহত ভ্যানচালকের নাম মিজানুর শেখ মানিক (২৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের মো. আবুল শেখের ছেলে।

আর মৃত্যুদন্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সঞ্জয় দেবনাথ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ও পল্টু একই গ্রামের মৃত সুনিল চন্দ্র দাসের ছেলে। আদালত এ সময় মৃত্যুদন্ড প্রাপ্ত সাইদুলকে ৫০ হাজার টাকা এবং অন্য দুজনের  প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদন্ড ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, নাজিপুরের ছোট আমতলার আকরাম মোল্লার ছেলে সাইদুল ইসলাম তার শ্বশুরবাড়ি কাউখালী যাওয়ার কথা বলে ২০১৭ সালের ১৫ জুলাই ব্যাটারিচালিত অটোভ্যান চালক মিজানুর শেখ মানিককে ভাড়া করে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে বিক্রি করে আসামিরা টাকা ভাগ করে নেন।
নিহতের মা মঞ্জুয়ারা বেগম জানান, তার ছেলের খোঁজ না পাওয়ায় তিনি নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার পরেরদিন তার ছেলের মরদেহ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নে একটি পানের বরজে ভাসমান অবস্থায় দেখতে পান। পুলিশকে জানান, ওই এলাকার চৌকিদার জাকির হোসেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



দ্বাদশ জাতীয় সংসদের ঘটনাবহুল প্রথম দিন

অনলাইন ডেস্ক : বিদায়ী সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী এই প্রস্তাব সমর্থন করেন। আর কোনো প্রার্থী না থাকায় শিরীন শারমিন চৌধুরীকে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন স্পিকারের আসনে থাকা শামসুল হক টুকু।

এরপর অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এ সময় সংসদ ভবনের ৭ তলায় রাষ্ট্রপতির কক্ষে স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হয়। স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদে বক্তব্য দেন সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডা. দীপু মনি এবং বিরোধী দলীয় নেতা জিএম কাদের।

পরে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদের নির্বাচন হয়। বিদায়ী সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক এবারও এই পদে নির্বাচিত হয়েছেন। সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম ডেপুটি স্পিকার পদে শামসুল হকের নাম প্রস্তাব করেন। সরকারি দলের মকবুল হোসেন ওই প্রস্তাব সমর্থন করেন। অন্য কোনো মনোনীত প্রার্থী না থাকায় স্পিকার কণ্ঠভোটে টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

এরপরে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যদের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। তাঁরা হলেন—এবি তাজুল ইসলাম, মোহাম্মদ সাহাবুদ্দিন, আ ফ ম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, উম্মে কুলসুম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করবেন।

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পেশ করেন। শোক প্রস্তাবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পরে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষণের পর সংসদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়। দেশের বিশিষ্টজন ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়ে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।