সাবেক স্বামীকে মারাতে কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ ৪ গ্রেপ্তার

বরগুনার আমতলীতে পুলিশের অভিযান শেষে কিশোর গ্যাং চক্রের তিন সদস্য এবং এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কিশোর গ্যাংয়ের সদস্য মো. সাকিল (১৯), মো. রাকিবুল (১৯), মো. ওলি হাওলাদার (১৯) এবং লাইজু আক্তার (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে মো. ফরহাদ ইসলামের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় লাইজু আক্তারের। রোববার সন্ধ্যায় লাইজু আক্তার ফরহাদকে তাদের সন্তান দেখার জন্য ডেকে পাঠান। ফরহাদ চাওড়া ইউনিয়নস্থ উশ্যিতলা মূল রাস্তার পাশে পৌঁছালে লাইজু পূর্বপরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে নিয়ে আসে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরহাদকে মারধর করে তার মোবাইল ও নগদ অর্থ লুট করে।

ঘটনার পর ফরহাদ আমতলী থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হামলা, গ্রেপ্তার ৩

বরিশালের বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. ইমরান খান সালাম। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বরের কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) ডিলার রুহুল নিকারী সরকারি নিয়ম মেনে চাল বিতরণ না করে গোপনে বাজারজাত করছিলেন। এই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক ইমরান খান সালামের ওপর অতর্কিতভাবে হামলা চালান এবং তাকে বেধড়ক মারধর করেন।

অভিযুক্ত হামলার পর স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহুল নিকারী, সবুজ নিকারী ও আবুবক্কর নামে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

বাকেরগঞ্জের সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে দাম্পত্য কলহে বিষপানে স্বামী’র আত্মহত্যা

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দাম্পত্য কলহের জেরে মোস্তফা সরদার (৪২) নামে দুই সন্তানের জনক আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ ঘরে বিষপান করলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তফা সরদার ওই গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণেই তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মাওলানা নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি, সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ রাস্তায় নেমে নোমানীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা মসজিদের সামনে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের মুসুল্লি, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিবাদকারীরা বলেন, মাওলানা নোমানী ছিলেন একজন সৎ, নীতিবান ও ইসলামী শিক্ষার প্রচারক। তাকে নৃশংসভাবে হত্যা করে গোটা সমাজকে স্তম্ভিত করা হয়েছে। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষে নিজ বাসায় ফেরার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তিনি ঘরে একাই ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় নারীর চুল কেটে জুতার মালা পরানো, আটক ৪ জন

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীর চুল কেটে তাকে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে উপজেলার মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায়।

ভুক্তভোগীর মা জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় শিহাব নামের এক ব্যক্তি তার মেয়ের ঘরে এসে “চোর ধরেছেন” বলে দরজা খোলার অনুরোধ করেন। দরজা না খোলায় ৪-৫ জন লোক ঘরের টিন ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরকীয়ার অভিযোগ তুলে তার মেয়ে ও স্থানীয় ইদ্দিক মাঝিকে ধরে নিয়ে যায় এবং স্থানীয় একটি বাজারে আটকে রাখে।

পরদিন সকালে নতুন বাজার এলাকায় নিয়ে গিয়ে কয়েকজন নারী ভুক্তভোগীর চুল কেটে দেন। পরে স্থানীয় জলিল, নূরন্নবী, বশির ও মানিকা ইউনিয়ন বিএনপির নেতা মো. কবির তাকে জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত নেতা মো. কবির জানান, ওই নারীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। পরে জনতার চাপের মুখে বিচার করতে গিয়ে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হলেন—আব্দুর রশিদ, ইসমাইল, মেদেহী হাসান ও মো. সিরাজ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ জমা দিয়েছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা এবং কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মো. বায়েজিদ।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। এসময় ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতা ছাড়াও শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন—

  • নাহিদা নূর সুইটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কাফরুল থানা মহিলা আওয়ামী লীগ
  • মিরাজ সিকদার, সহ-সভাপতি, মতিঝিল থানা ছাত্রলীগ
  • মো. বায়েজিদ, আওয়ামী লীগ কর্মী
  • মহর আলী, শ্রমিকলীগ নেতা, উত্তরা পশ্চিম থানা
  • শেখ ইবনে সাদিক, সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
  • আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ
  • নিতাই ঘোষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ
  • মো. শামীম শিকদার, আওয়ামী লীগ কর্মী
  • ইমতিয়াজ উদ্দীন সুমিত, সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ
  • আমির হামজা, সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ
  • মো. সাকিব কাজী, যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ
  • মো. নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক, রূপনগর থানা ছাত্রলীগ
  • মো. রেজওয়ান হাওলাদার, যুবলীগ কর্মী।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরে হত্যায় একই পরিবারের ৬ জনকে যাবজ্জীবন

পিরোজপুরে আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একই পরিবারের ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে একজনকে দুই বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার সময় একজন আসামির মৃত্যু হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন; বাকি আসামিরা পলাতক রয়েছেন।

  • এজাজা শরীফ (৩৮), মো. হানিফ শরীফের ছেলে
  • মো. আক্কাস শরীফ (৬৩), হাবিব শরীফের ছেলে
  • সাখায়েত শরীফ (৫১), জবেদ আলী শরীফের ছেলে
  • শেফালী বেগম (৫৬), আক্কাস শরীফের স্ত্রী
  • হ্যাপি বেগম (৩৯), সাখায়েত শরীফের স্ত্রী
  • লিমা বেগম (৩১), এজাজা শরীফের স্ত্রী
  • মো. এমরান (৩৯), হানিফ শরীফের ছেলে — দুই বছরের কারাদণ্ড

মামলার এজাহার অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত সাইজ উদ্দিন শরীফের সন্তানদের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ আসামি আক্কাস শরীফের বাড়ির সামনে আসার সময় তাকে হামলার মাধ্যমে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত আবুল কালামকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেন, সেখানে তিনি মারা যান।

পরদিন নিহতের ভাই হাকিম শরীফ পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৪ মে পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (৭ সেপ্টেম্বর) আদালত রায় ঘোষণা করে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে ভাইপোকে চোখে আঘাত: ছোট ভাই ৫ দিনের রিমান্ডে

বরিশালের মুলাদী উপজেলায় এক ভয়ঙ্কর ঘটনায় সেজ ভাই রিপন ব্যাপারীর দুই চোখ আঘাতের শিকার হয়েছেন। মামলার প্রধান অভিযুক্ত ছোট ভাই স্বপন ব্যাপারীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলুর রহমান পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, স্বপন ব্যাপারীকে ২৮ আগস্ট মুলাদী থানার পুলিশ শ্বশুরবাড়ি উজিরপুর মশাং গ্রাম থেকে গ্রেপ্তার করে। স্বপন ব্যাপারী নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আরশেদ ব্যাপারীর ছেলে। তার সঙ্গে মেজ ভাই রোকন ব্যাপারী এবং অন্যান্য লোকজন মিলে সেজ ভাই রিপন ব্যাপারীর চোখে আঘাত করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রিপন ব্যাপারী অবৈধভাবে উপার্জিত টাকা ও স্বর্ণালংকার মেজ ভাই রোকনের কাছে রাখেন। এছাড়া বাবার জায়গাজমির ভাগ দাবিকেও কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরে ২২ আগস্ট রাত ১১টার দিকে আরশেদ আলী ব্যাপারীর নির্দেশে স্বপন ও রোকন ব্যাপারী এবং তাদের লোকজন রিপন ব্যাপারীর চোখে আঘাত করে।

রিপন ব্যাপারীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন, রোকন, আরশেদ আলীসহ ৮ জনকে আসামি করে বরিশাল আদালতে মামলা করেন। মামলার কপি ২৭ আগস্ট বিকেলে মুলাদী থানায় পৌঁছালে তা নথিভুক্ত হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ২৮ আগস্ট ভোর রাতে স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় এবং শুনানির পর তা মঞ্জুর করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

বরিশালে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত করতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বরিশাল শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মো. মহসিন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, এবং ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এ্যাডভোকেট সাহিদা তালুকদার।

সভায় অতিথিরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত করতে করণীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। এতে আইনি প্রক্রিয়া, সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, এবং সমাজ সচেতনতামূলক পদক্ষেপসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচনে সহযোগিতা পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, “জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন, যাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।”

তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু আইন শেখানো নয়, বরং চাপের মধ্যেও কীভাবে নিরপেক্ষ থাকা যায়, কীভাবে সংঘাত এড়িয়ে সমাধান দেওয়া যায় এবং মানুষের আস্থা অর্জন করা যায়—সেই সক্ষমতা অর্জন করতে হবে।”

বাহারুল আলম বলেন, “আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করি, তবে পুলিশের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। বাংলাদেশ পুলিশকে আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে।”

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “প্রশিক্ষণে শেখা প্রতিটি জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।”

আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫