নিত্যপণ্যের দাম তদারকিতে মাঠে নেমেছে বরিশাল জেলা প্রশাসনের ১১ টিম

বরিশাল অফিস:: পবিত্র রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম তদারকি করতে মাঠে নেমেছে বরিশাল জেলা প্রশাসন। শুধু জেলা প্রশাসনই নয় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর কাজ করবে এই পণ্যগুলোর দাম নিয়ন্ত্রন তথা তদারকিতে। সব মিলিয়ে সরকারের এই ২৯ টি পণ্যের দাম নির্ধারনের পর তা তদারকি ও বাস্তবায়ন করতে কঠোরভাবে মাঠে নেমেছে বরিশাল জেলা প্রশাসন ও সরকারের একাধিক প্রতিষ্ঠান। গত শুক্রবার মাছ মাংসসহ ২৯ টি পণ্যের দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর।

বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকারের এই নির্দেশনার পর জেলার ১০ টি উপজেলা ও সদর উপজেলা মিলিয়ে মোট ১১ টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা টিম প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। এর বাইরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরও কাজ করবে।

তিনি বলেন, নির্দেশনা রয়েছে উৎপাদন,পাইকারী ও ভোক্তা এই তিন পর্যায়ে তদারকি করার। কিন্তু আমরা এই ৩ টির মধ্যে ভোক্তা পর্যায়টিকে বেশী গুরুত্ব দেব। কারন বেশীরভাগ ক্ষেত্রে ভোক্তাই পণ্য মূল্য নিয়ে বেশী প্রতারণা ও হয়রানীর শিকার হচ্ছেন।
বরিশাল কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মাহবুব আলম বলেন, শুক্রবার বন্ধের মধ্যে এই
নির্দেশনা এসেছে। তাই আমরা কিভাবে তদারকি করব সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। তবে ঢাকা থেকে আমাদের উর্ধ্বতন কর্তৃকক্ষ ও জেলা প্রশাসন যে ধরনের দিক নির্দেশনা দেবেন আমরা সেভাবে কাজ করব। তিনি আরো বলেন, মূলত খুচরা পর্যায়ে এসে দাম বেড়ে যায়। তাই আমরা এই লেভেলটাকেই প্রাধান্য দেব। কিন্তু সমস্যা হচ্ছে খুচরা ব্যবসায়ীরা পণ্য ক্রয় ভাউচার বা রশিদ রাখে না। ফলে আমরা তাদের কে ধরতে গিয়ে বিপাকে পড়ে যাই। এজন্য এবার খুচরা ব্যবসায়ীদের বিষয়ে কঠোর হতে হবে। তারা যার কাছ থেকেই মালামাল ক্রয় করুক না কেন যেন রশিদ বা ভাউচার রাখে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কৃষি বিপণন ২৯ টি পণ্যের দাম নির্ধারন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয় নির্ধারিত এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নি¤েœাক্ত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো। নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তা পর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে।




পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো ব্লেড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. জামাল আকন (৪৫), মো. শানু হাওলাদার (৬০) ও মো. হানিফ হাওলাদার (৪৯)।

জানা যায়, তিনজনই পেশাদার ডাকাত দলের সদস্য। এদের মধ্যে জামাল আকনের বাড়ি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে, শানু হাওলাদার ও হানিফ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর লাউকাঠি গ্রামে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।




প্রেমের টানে নবম শ্রেণি পড়ুয়া ভাগ্নিকে নিয়ে পালিয়েছে আপন খালু

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম সরদারের ছেলে খাজুরা গ্রামের বাসিন্দা ইউনুস সরদার (৩১) দুই কন্যা সন্তানসহ স্ত্রী রাবেয়াকে রেখে নতুন সংসার গড়তে নবম শ্রেণিতে পড়ুয়া আপন ভাগ্নিকে নিয়ে বাড়ি ছেড়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি এনজিও থেকে লোন নিয়ে ওই মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে যান খালু ইউনুস। পরবর্তীতে উভয় পরিবার জানতে পারে যে, তারা বিয়ে করেছেন। কিন্তু বাড়ি ছাড়ার ১ মাস পার হলেও কোথায় আছেন সেই হদিস মেলেনি এখনো।

ইউনুস সরদারের দুই সন্তানের একজনের বয়স ৩ মাস। অন্যজনের বয়স ৯ বছর, তবে শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন।

এদিকে দুই সন্তান ও স্ত্রীকে ফেলে যাওয়ায় তাঁদের কাটছে দুর্বিষহ জীবন। ইউনুস চলে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে তার স্ত্রী রাবেয়া আক্তার। দুই সন্তানের ক্ষুধার যন্ত্রণা, সামাজিক বঞ্চনা এবং ঋণে জর্জরিত পরিবারটি পাওনাদারদের চাপে মানবেতর জীবন কাটাচ্ছে তাঁরা। ভাগ্নিকে নিয়ে পালিয়ে যাওয়ার কারণে একদিকে আর্থিক সংকটে একেবারে খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে, অন্যদিকে সামাজিক ভাবে একটি ঘৃণার কাজ করেছে যে কারণে মানুষ নানা কথা বলছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার পাশাপাশি বসবাস করে আসছে ইউনুস ও ওই মেয়ের পরিবার। দীর্ঘদিন একইস্থানে থাকায় তাঁদের মধ্যে খালু – ভাগ্নি সম্পর্ক হলেও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে তাঁদের নিয়মিত যোগাযোগ হতো। যা নিয়ে দুই পরিবারের মাঝে অনেক সময় কথা কাটাকাটিও হতো।

ইউনুস সরদারের স্ত্রী রাবেয়া আক্তার জানান, আমার এক মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন, আর এক মেয়ের বয়স তিন মাস মাত্র। এনজিও থেকে ২ লক্ষ টাকা ঋণ নেয়া। এনজিওর লোকেরা প্রতিদিন আসে টাকার জন্য, আমার সন্তানদের খাবারের জন্য ঘরে পানি ছাড়া কিছুই নেই। আমার ছোট ভাই দিনমজুরি কাজ করে গত এক মাস যাবত ভাই আমার কাছে থাকে তার ইনকামের টাকায় আমরা খাই। মাঝে মাঝে না খেয়ে থাকে আশেপাশের লোকজন কিছু খাবার দেয়। আপনারা একটু তাকে খুঁজে বের করে আমার পরিবারটাকে বাঁচান। না হয় আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে না। আপনাদের কাছে আমার অনুরোধ দেশের যে প্রান্তে হোক ওদেরকে দেখলে ধরিয়ে দেবেন।

পালিয়ে যাওয়া ওই শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে দাদাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। পরে ওর দাদা বাড়িতে না পৌঁছালে আমরা খোঁজাখুজি করে জানতে পারি আমার বোনের স্বামীর সাথে পালিয়েছে। এরপরে আমরা থানায় জানিয়েছি। থানা থেকে পুলিশ এসে উভয় পরিবারের সঙ্গে কথা বলে গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, বিষয়টি আমি অবগত নই, জানার চেষ্টা করছি। তবে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




রাফায় অভিযানের অনুমোদন নেতানিয়াহুর, কয়েক দেশের সতর্কতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলের হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে মিশরের সীমান্তবর্তী রাফা শহরে। এত দিন এই জায়গাটিকে নিরাপদ মনে করা হয়েছে। কিন্তু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানেও সেনাবাহিনীকে অভিযানের অনুমোদন দিয়েছেন। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে।

তবে রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে, জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৩ হাজার ৪৩৯ জন।

হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি নেতানিয়াহুকে আরও গণহত্যার মতো অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত করেছেন।

এদিকে হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার (১৫ মিার্চ) যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের নতুন প্রস্তাব এখনো অনেক অযৌক্তিক দাবি রয়েছে। তবে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যেতে ইসরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা




পটুয়াখালীতে চুরির ১০ দিন পর নিজ সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত মা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে কন্যা সন্তানের দ্বায় এড়াতে স্ত্রীর কোল থেকে নবজাতক চুরি করে পাচার করার অভিযোগে স্বামী ও হাসপাতালের নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবজাতক কন্যা শিশুটি উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ১০ দিন পর নিজ সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত মা।

৪ কন্যা সন্তানের জননী এই মা জানিয়েছেন, পরপর ৪ কন্যা সন্তান জন্ম নেয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তার স্বামী। তিনি তার স্বামীর শাস্তি দাবি করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানিয়েছেন , জেলার দশমিনা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হানিফ মৃধা গত ৩ মার্চ সকালে তার প্রসুতি স্ত্রীকে জেলা শহরের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করান। ঐ দিন বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হলে হাসপাতালের নার্স লাইজু বেগমের মাধ্যমে শিশুটিকে চুরি করিয়ে বিক্রির জন্য পাচার করেন। সদর থানা পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযানে বৃহস্পতিবার ভোররাতে পটুয়াখালী সেতুর উপর থেকে শিশুটিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত শিশুটির পিতা ও হাসপাতালের নার্স লাইজু বেগমকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় মায়ের কাছে শিশুটি হস্তান্তর করা হয়।

 




কুয়াকাটায় অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, মাছ শিকারে যে সকল জেলেরা চায়না দুয়ারী জাল ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 




রমজানে বাজার মনিটরিং: ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড

বরিশাল অফিস :: পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। এ সময় তিনি নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 




গাঁজাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা বাবু খলিফা

বরিশাল অফিস;: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগের এক নেতা ও তার সহযোগীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন-গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীর হাজীপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খলিফার ছেলে সম্পাদক রুহুল আমিন খলিফা ওরফে বাবু খলিফা।
তিনি নলচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

অপর গ্রেপ্তার হলেন তার সহযোগী হাজীপাড়া গ্রামের মৃত অতুল হালদারের ছেলে সমীর হালদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে বাবু খলিফার কাছ থেকে ৩০ গ্রাম ও সমীর হালদারের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানার এসআই হৃদয় কুমার চাকলাদার মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুজনকে আদালতে পাঠানো হয়েছে।




কেজিতে তরমুজ বেচায় চার ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :

পিস হিসাবে কিনে কেজিতে বিক্রি করার দায়ে পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট ও পুরানো বাজারে চার তরমুজ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করে।

একই অভিযানে বাধঘাট এলাকায় জ্বালানি তেল মাপে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভার স্যানিটারি পরিদর্শক শারমিন সুলতানা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং তরমুজ বিক্রির ব্যাপারে প্রতারণা কমাতে  করতে বাজার মনিটরিং ও অভিযানের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।

 




নেভি-জলদস্যু গোলাগুলি, তবুও উদ্ধার করা যায়নি নাবিকদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধার করতে নেভির একটি জাহাজ তাদের পিছু নিয়েছে। এসময় জলদস্যু ও নেভির মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে জিম্মি বাংলাদেশিদের হত্যার হুমকিও দেয় জলদস্যুরা। এরপর কোনো উপায় না থাকায় পিছু হটে নেভির জাহাজটি।