কিশোর গ্যাংয়ের হামলায় এইচএসসি পরিক্ষার্থী নিহত

পটুয়াখালী প্রতিনিধি :

গলাচিপায় কিশোর গ্যাংয়ের মারধরে জিসান ডাক(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার শেষ বেলায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মশিউর রহমান নান্নু ডাক এর ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বানিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেটে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্যরা রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক বাপ্পি কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড় হতে বলে।

জিসান বাজারে পৌছা মাত্র বাপ্পি, মাহিন, মহিবুল,  জহিরুল, বেল্লাল ও ইছা সহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি(চলা) দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি আঘাত করে। এ হামলায় জিসান মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকায় প্রায় ১০ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে এনে ৫/৬ঘন্টা অবস্থান করলে জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 




গলাচিপা পৌর শহরে ভোক্তার অভিযান, ৯ হাজার টাকা জরিমানা।

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো:  শাহ শোহাইব মিয়া ও সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস।

অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রোডাক্ট রাখার দায়ে ৫ টি দোকানে জরিমানা করা হয়। এ সময় শেখর কসমেটিকস ৩ হাজার টাকা, লামিয়া কসমেটিকস এক হাজার ৫শত টাকা, বিসমিল্লাহ পোল্ট্রি এক হাজার ৫শত টাকা, মিম স্টোর্স ফলের দোকান দুই হাজার টাকা, ও রফিকুল ইসলাম বীজ ভাণ্ডারে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মোঃ শাহ শোহাইব মিয়া জানান, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মঙ্গলবার গলাচিপা পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক ও জরিমানা করা হয়।

 




স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

বরিশাল অফিস:: ১৪ বছরেরও বেশি সময় পালিয়ে থাকার পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলাম (৫৩) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুরের ধূলিয়ারী কদমতলা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা হিসেবে নজরুলের স্ত্রী নাসিমার (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় নজরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

ঘটনার পর থেকেই নজরুল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। নজরুল পিরোজপুর জেলার সদরের চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা নারীর হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বের হয়ে আসে অজ্ঞাতনামা নারী হচ্ছে সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমা (২০)। এ ঘটনায় নজরুলের সম্পৃক্ততা পাওয়ায় আদালত থাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‌্যাব আরও জানায়, র‌্যাব-৮ ছায়াতদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দণ্ডপ্রাপ্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




হলমার্ক কেলেঙ্কারি: তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী এবং গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা গেছে, ভুয়া ম্যাক্স স্পিনিং মিলসের হিসাবে সুতা রপ্তানির নামে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে নথিপত্রে দেখানো হয়। ওই হিসাবে পুরো অর্থ জমা করা হলে তা থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা হলমার্কের আরেক ভুয়া প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের হিসাবে স্থানান্তর করা হয়, যা পরে তানভীর ও তার স্ত্রী তুলে নেন। ২০১২ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার এবং পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক। ২০১৬ সালের ২৭ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলির আদেশ দেন।

এ মামলার আসামিরা হলেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।

টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।

 এছাড়া সোনালী ব্যাংকের হোটেল শেরাটন বা রূপসী বাংলা শাখার সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম অফিসের জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক, ও সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান।

এর মধ্যে আসামি জামাল উদ্দিন সরকার জামিনে রয়েছেন। এছাড়া সাইফুল, মতিন, হুমায়ুন, গোপাল নাথ, তসলিম, সাইফুল, মেরী ও জাকারিয়া পলাতক রয়েছেন।




এমভি আবদুল্লাহ উদ্ধারে সোমালিয়ায় অভিযানের প্রস্তুতি

চন্দ্রদীপ ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে দেশটির পুলিশ ও বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা মিলে যৌথ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। জলদস্যুদের হাত থেকে ভারতীয় নৌবাহিনী অন্য একটি জাহাজ উদ্ধারের দুদিন পর সোমবার এই অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে বলে দেশটির পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ জানিয়েছে।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমভি আব্দুল্লাহকে উদ্ধারে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক বাহিনীর প্রস্তুতির তথ্য জানানো হয়েছে।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে গত ১২ মার্চ সোমালি জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয় এমভি আব্দুল্লাহ। ওই সময় জাহাজটিতে ২৩ বাংলাদেশি নাবিক ছিলেন।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের উপকূলীয় এলাকায় দেশটির জলদস্যুদের অনেক ঘাঁটি রয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, তারা উচ্চ সতর্ক অবস্থায় আছেন। একই সঙ্গে এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এমভি আবদুল্লাহকে মুক্ত করতে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন খবর পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুতি নিয়েছে।’’

তবে ভারত মহাসাগরে কয়েকটি ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দেওয়া ভারতের নৌবাহিনী এমভি আব্দুল্লাহকে ঘিরে অভিযানের প্রস্তুতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

রোববার পুন্টল্যান্ড পুলিশ জানায়, তারা এমভি আবদুল্লাহ জাহাজে অবস্থানরত জলদস্যুদের সরবরাহ করার কাজের জন্য মাদক খাত থেকে নেওয়া একটি গাড়ি জব্দ করেছে।

সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০১১ সালে। ওই সময় সোমালি জলদস্যুদের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৭০০ কোটি ডলারের ক্ষতি হয়। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার তাদের কাছে গিয়েছিল মুক্তিপণ হিসেবে।

সূত্র: রয়টার্স।




পিরোজপুরে সুপারি পাচার মামলায় চেয়ারম্যান কারাগারে

চন্দ্রদীপ নিউজ: পিরোজপুরে সুপারি পাচারের মামলায় শাহজাহান হাওলাদার (৬০) নামের এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ তাকে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান।

মামলার বরাতে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে দেড় কোটি টাকার সুপারিসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা এসব পণ্য ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল। এ সময় ট্রলারে থাকা মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার পালিয়ে যান। তবে গ্রেফতার হন মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার সেকেন্দার মাঝির ছেলে মো. হারুন মাঝি (৬০), একই এলাকার আব্দুল খালেক হাওলাদারে ছেলে অলি হাওলাদার (২৮) এবং মো. ফয়েজ হকের ছেলে নূর নবী মাঝি (৩২)। এ ঘটনায় পুলিশ শাহজাহান হাওলাদারসহ চার জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করেন।

এ ঘটনায় তখন শাহজাহান হাওলাদার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। এ সময়ের মধ্যে তাকে পান নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ তার জামিনের আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।




বাউফলে দুটি প্রতিষ্ঠান বন্ধ, ১ ব্যক্তির কারাদণ্ড, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ ব্যক্তির কারাদণ্ডসহ ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।

অভিযানে অবৈধভাবে করাতকল চালানোর দায়ে উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙাব্রিজ এলাকায় মো. হানিফ চৌকিদার (৬০) নামে এক ব্যক্তির দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই আদালত আদাবাড়িয়া ইউনিয়নের মিল ঘর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির অবৈধ করাতকল বন্ধ করে ওই করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে সাবুপুরা এলাকায় মো. সোহেল (৩৫) ও মো. গোলাম মোস্তফা (৪৫) নামে দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।




দুমকীতে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :

র‌্যাবের জালে পটুয়াখালীর দুমকীতে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা মামলার পলাতক আসামী দুলাল খন্দকারকে (৩৫) মামলা রুজু হওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে আটক হয়েছে। 

রবিবার(১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮ (সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানার ফুলঝুঁড়ি এলাকা থেকে দুলালকে আটক করা হয়।

আটক আসামী দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। সে ৩ সন্তানের জনক।

আট মাস আগে ধর্ষণের ঘটনায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির খন্দকারের মেয়ে ভুক্তভোগী সাদিয়া আক্তার (৭ম শ্রেণির শিক্ষার্থী) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুলাল খন্দকারের নামে দুমকী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হলে ঘটনাটি র‌্যাবের নজরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামী দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

 




ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত উধাও

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের ঘটনায় ১২ বছরের এক কিশোরী স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ উঠেছে।

অভিযুক্তের নাম দুলাল খন্দকার (৩৮)। তিনি তিন সন্তানের জনক। ধর্ষণের শিকার ওই কিশোরী দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১২)।

এঘটনার সুবিচার পেয়ে আইনি সহায়তা দাবি করেছে ওই কিশোরীর পরিবার।

অভিযুক্ত দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। এ বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দুলাল গাঢাকা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মা না থাকায় ওই কিশোরী তার বাবা এবং দাদির সাথেই বসবাস করে। তার বাবা সারাদিন বাইরে থাকায় দাদির তত্ত্বাবধানেই থাকে। গত ৮ মাস আগে দাদির অনুপস্থিতিতে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দুলাল।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, অভিযুক্ত দুলাল প্রায়শই মাছ ধরার ছুঁতোয় তাদের ঘরের পাশে এসে মোবাইলে সিনেমা চালু করে দিয়ে যেত এবং বিভিন্ন ছল-ছুঁতোয় আশপাশে ঘোরাফেরা করত। প্রায় ৮ মাস আগে গত বছর শ্রাবণ মাসে বৃষ্টির সময় কিশোরীর দাদি পাশের বাড়ি পান আনতে যায়। এসময় কিশোরীকে ঘরে একা পেয়ে দুলাল জোরপূর্বক জড়িয়ে ধরে ছবি তোলে ও নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এঘটনা কাউকে জানাতে চাইলে বাবা, দাদি, চাচা ও তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। ভয়ে কিশোরী এ নিয়ে কাউকে কিছু জানায়নি। অন্তঃসত্ত্বার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুলাল কিশোরীর গর্ভপাত করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে সে আট মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর বাবা কবির খন্দকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটির মা নেই, ওর দাদি কানে শোনে না এবং চোখেও দেখে না। আমি গাড়ি চালাই, বাইরে থাকি। এ সুযোগ নিয়ে দুলাল আমার মেয়ের যে ক্ষতি করেছে তার উপযুক্ত বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য জলিল হাওলাদার বলেন, ঘটনাটি জানাজানির পরে উভয় পক্ষ আমার সাথে যোগাযোগ করেছে। আমি বিষয়টিকে সালিশ-অযোগ্য ঘটনা বলে তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 




অবন্তিকার মৃত্যুর ঘটনায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক

চন্দ্রদীপ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত জবি শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এবং সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে ফাইরুজ অবন্তিকা শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে— ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে; অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনা; দ্রুত সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার; ভিক্টিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করতে হবে।