সন্তানের জন্ম নিবন্ধন না করায় বাবাকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী দশমিনা উপজেলায় সন্তানের জন্মনিবন্ধন না করায় বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দজাফর ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, তিন মাস আগে হুমায়রার জন্ম হয়। গ্রাম পুলিশ বারবার বাড়িতে গিয়ে জন্ম নিবন্ধনের কথা বললেও কোনো গুরুত্ব দেয়নি। তাই সামাজিক সচেতনতায় প্রাথমিকভাবে হুমায়রার বাবা মো. হাসান পালোয়ানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে পাঁচশত টাকা জরিমানা করা হয়।




বাছুর দেওয়ার আশ্বাসে জেলেদের কাছ থেকে ঘুষ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি : প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে প্রণোদনা হিসেবে বকনা বাছুর পেতে সরকারি তহবিলে দুই কিস্তিতে জমা দিতে হবে ঘুষের টাকা। তাই জেলে প্রতি বাছুর বিতরণের আশ্বাস দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কয়েকশ জেলে পরিবারের কাছ থেকে দুই কিস্তিতে ৬-১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন খান (ভারপ্রাপ্ত)।

এমনটাই অভিযোগ উপজেলার কয়েকশ জেলে পরিবারের। এ ঘটনায় ঘুষ দিয়েও বাছুর না পেয়ে ঘুসের টাকা ফেরত পেতে আদালতে মামলা করেছেন ওই সব ভুক্তভোগী জেলেরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই মৎস্য কর্মকর্তা।

ভুক্তভোগী একাধিক জেলে জানান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ইচ্ছামাফিক তালিকা প্রস্তুত করে জেলেদের কাছ থেকে প্রতিটি বকনা বাছুরের অনুকূলে সরকারি তহবিলে টাকা জমা দেওয়ার কথা বলে প্রথম কিস্তিতে ৬-১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। সর্বশেষ বাছুরগুলো জেলে পরিবারের কাছে হস্তান্তরের সময় পুনরায় অফিস খরচের নামেও বাছুর প্রতি নেওয়া হয় ২ হাজার টাকা। এছাড়াও বাছুর বিতরণের আশ্বাস দিয়ে উপজেলার কয়েকশ জেলে পরিবারের কাছ থেকে বিপুল অংকের টাকা ঘুষ নেয়ার অভিযোগ তোলেন ওই জেলেরা।

এদিকে বাছুর না পেয়ে ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্য মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিদিন ধরণা ধরেও ফল পাননি। পরে ঘুষের টাকা ফেরত চেয়ে গত ১১ জানুয়ারি মির্জাগঞ্জ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আশ্রাফ আলী আকন এবং মির্জাগঞ্জ ইউনিয়নের মৎস্যজীবী মেহেদী হাসান জুয়েল মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় একমাত্র আসামি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন খান (ভারপ্রাপ্ত)।

মামলার বাদী মো. আশ্রাফ আলী আকন ও মেহেদী হাসান জুয়েল বলেন, ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় সরকারি প্রণোদনা হিসেবে ৩৫-৪০ হাজার টাকা মূল্যের বকনা বাছুর বিতরণ করা হবে বলে আশ্বাস দিয়ে সহজ সরল জেলেদের কাছ থেকে ৬-১০ হাজার টাকা পর্যন্ত ঘুস নিয়েছেন ওই সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন। প্রথম দফায় জেলেদের মধ্যে কেউ কেউ বকনা বাছুর পেয়েছেন। বাকিদের পরবর্তীতে দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে আসছিলেন তিনি (সহকারী মৎস্য কর্মকর্তা)।

তারা আরও বলেন, মনোহরখালী গ্রামে বকনা বাছুর দেবেন বলে ২২ জনের কাছ থেকে টাকা নিয়ে মাত্র দুজন জেলেকে ২টি বকনা বাছুর দিয়েছেন। বাকিরা টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা শুরু করেন। পরে ঘুষের টাকা ফেরত পেতে বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করেছি।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত জেলেদের বকনা বাছুর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রণোদনা হিসেবে ১৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। তা দিয়ে ৫৫টি বকনা বাছুর ক্রয় করে বিতরণ করা হয়েছে। এ বছর ৮০ জন জেলের তালিকা করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে পরবর্তীতে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হবে। তবে ঘুষ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।




বাবাকে চর-থাপ্পর দেওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ছেলের মামলা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাবাকে চর-থাপ্পর দেওয়ায় এক সাংবাদিকের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলা করেছে ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছেলে সোহাগ মাতুব্বর বাদী হয়ে ওই সাংবাদিক সাফায়েতের বিরুদ্ধে মামলা করেন।

জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের দোকানে মো. চানমিয়া মাতুব্বর এর পারিবারিক জমিজমা নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জনৈক সাংবাদিক মো. সাফায়েত হোসেন গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মো. চানমিয়া মাতুব্বর তার পরিচয় জানতে চাইলে তাকে চর-থাপ্পর দেয়। এতে তার কান ফেটে রক্তপাত হয়। এলাকার লোকজন সাফায়েত হোসেনকে অবরুদ্ধ করে রাখলে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শাখাওয়াত ও নুর হোসেন উদ্ধার করেন। চানমিয়াকে তার ছেলে মো. সোহাগ মাতুব্বরসহ এলাকার লোকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎস ডা. এইচএম আলবি প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোহাগ মাতুব্বর বাদী হয়ে সাফায়েতের বিরুদ্ধে মামলা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মামলাটি দশমিনা সিনিয়ার জুডিশিয়াল আদালতে প্রেরণ করেন।

সোহাগ মাতুব্বর বলেন, আমাদের পারিবারিক সমস্যা নিয়ে সালিশ চলছিল। সাংবাদিক সাফায়েতকে বা কার কথামতো সালিশিতে গিয়ে আমার বাবাকে চরথাপ্পর দেয় তা জানি না। তিনি সাংবাদিক হয়ে মাস্তানের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। তিনি আমার বাবাকে কেন চরথাপ্পর দিয়েছেন তাই ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্ত হয়েছি।




কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন বয়াতী (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলীতে টিউবয়েল বসানোর সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মাঈনুদ্দিনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাঈনুদ্দিন ওই ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাবিব বয়াতির ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, মৃত মাঈনুদ্দিন টিউবয়েল বসানোর কাজ করতো। ঘটনার সময় একটি টিউবয়েল বসানোর কাজ শেষ করে মালামাল ভ্যান গাড়িতে উঠাতে ব্যস্ত ছিলো। একটি লোহার পাইপ উঠাতে গেলে উপরে থাকা বিদ্যুৎ লাইনের সাথে লেগে মৃত্যবরন করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 




নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ, পটুয়াখালীতে আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক শিশু। সেই ঘটনার মামলায় পলাতক এক আসামিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। তাকে ফতুল্লা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার বাউফল উপজেলার চন্দ্রপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামির নাম মন্টু ওরফে মাসুদ রানা। তিনি ওই শিশু নির্যাতন মামলার দুই নম্বর আসামি।

র‌্যাবের পটুয়াখালী কোম্পানি কমান্ডার মেজর মাসুদ রানা জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার মাসদাইর এলাকার এক শ্রমিকের শিশু নিজ বাসার কাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় সাত জনকে আসামি করে ২৭ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় মামলা হয়।

তিনি আরো জানান, ধর্ষণের পর মন্টু বাউফলের এই এলাকায় আত্মগোপন করে দিনমজুরের কাজ করে আসছিল। গোয়েন্দা তথ্য  ও তদন্তে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

 




বরিশালে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জন কারাগারে

বরিশাল অফিস:: বরিশালে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখমের মামলায় মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বরিশাল মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা উচ্চ আদালতের দেওয়া জামিন বাড়ানোর আবেদন করেন।

মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আশরাফউদ্দিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, তার অনুসারী হাসান ও অপু।

মামলার বরাতে জিআরও এনামুল হক জানান, বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মেহেদি হাসান মিথুনকে ১৯ জানুয়ারি কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মিথুনের শ্বশুর বাদশা চৌধুরী নামধারী চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। ওই মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ দাসসহ নামধারী ৪ আসামি। এর মধ্যে প্রদীপসহ তিন আসামি হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। তবে মামলার অপর আসামি ছাত্রলীগ নেতার ভাই রাধেশ্যাম দাস আদালতে হাজির হননি।




বরিশালে জাটকা পরিবহন করায় ১৫ জনকে জরিমানা

বরিশাল অফিস::  বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ্য ভাবে জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মুলাদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি বলেন, উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জন কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়।

পরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৫ মণ জাটকা ১৩টি এতিমখানা ও গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকেউপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি মশারী জাল ও ৩৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




পিরোজপুরে সুপারি চোরাচালান মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

বরিশাল অফিস::  অবৈধ পথে ভারতে দেড় কোটি টাকার সুপারি চোরাচালান মামলার আসামি মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে (৬০) কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৮ মার্চ) পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি নেছারাবাদ থানা পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি উদ্ধার করে। এ সময় ট্রলার থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং অন্য কয়েকজন পালিয়ে যায়।

পরে পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদারসহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল।




ঝালকাঠিতে শিশু হত্যা : এক যুবকের ফাঁসি, এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস::  ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু হত্যার দায়ে ইয়াসিন জোমাদ্দার (২০) নামে এক যুবকের ফাঁসি ও রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ সময় শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেয়া হয়। এর আগে শিশু আদালত থেকে মামলার তিন শিশু আসামি খালাস পায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার জোরখালী গ্রামের শাহিন জোমাদ্দারের মেয়ে মাদরাসায় যাতায়াতের পথে প্রতিবেশী ইয়াসিন জোমাদ্দার উত্যক্ত করত। এতে বাঁধা দিতো শাহিনের শিশুপুত্র মেহেদী হাসান (৮)। এতে মেহেদী হাসানের ওপর ক্ষিপ্ত ছিল ইয়াসিন। ২০১৫ সালের ২৮ আগস্ট বিকেলে বাসা থেকে বের হলে শিশু মেহেদী হাসান নিখোঁজ হয়। পরে ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলির বাড়ির বাগানে ধারলো অস্ত্রদিয়ে ক্ষত বিক্ষত অবস্থায় শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ৩১ আগস্ট মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহ ছয় জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা করে। ২০১৭ সালে ৩০ ডিসেম্বর সর্বশেষ ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা দেন। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান মনু ও আসামিদের পক্ষে নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন। এই মামলার আসামি মো: শাহাদাত হোসেন এবং অপর তিন শিশু আসামিকে শিশু আদালত থেকে খালাস প্রদান করা হয়।




ভোলায় চাচিকে হত্যায় ভাতিজাসহ গ্রেফতার ৩

বরিশাল অফিস::  চাচিকে হত্যা মামলায় ভাতিজাসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে লালমোহন থানায় আনা হয়। এরআগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. রিপন ও তার স্ত্রী সুইটি বেগম এবং মা বিবি ছকিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া কান্দি এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগমকে গাছের ডাল দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন চিকিৎসক। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন বেগম।

তিনি আরো জানান, ওই ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে নিহত পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে ভাতিজা রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পালিয়ে থাকতে শুরু করেন আসামিরা। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায়, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত মূল অভিযুক্ত রিপনের শ্বশুরবাড়ি থেকে তাকেসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদেরকে লালমোহন থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।