মুলাদী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে জেলা ও উপজেলা শিবির নেতারা মুলাদী কলেজে গেলে ছাত্রদল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১৫–২০ জন আহত হন। গুরুতর আহত ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, “ডাকসু নির্বাচনের পর থেকে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে শিবির। তারা বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে আমাদের কলেজ শাখার সভাপতি প্রতিবাদ জানায়। এরপর তাকে কলেজ থেকে বের করে দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়। তখনই শিবির আমাদের ওপর হামলা চালায়।” তিনি দাবি করেন, সংঘর্ষে ছাত্রদলেরও ৭–৮ জন কর্মী আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি থেকে ঘটনাটি শুরু হয়। পরে শিক্ষকরা মীমাংসা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঘটনার পর কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে নীলু ডাকুয়া (৪৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিলা কলেজের সামনে এক নারীর অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে নীলু ডাকুয়াকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত নীলু ডাকুয়া পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, “ইভটিজিংয়ের মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং নারীরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কাউখালীতে সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাদামতলা এলাকায় সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে লাশ উদ্ধার করে।

স্থানীয় গ্রামবাসী জানান, সন্ধ্যার পর নদীতে একটি লাশ ভাসতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, “গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে রাতেই অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, নিহত ২

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে নবীনগর হাউজিং এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। আহত অবস্থায় আটক হয়েছেন নাটা ফয়সাল ও শরীফ, বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের দিকে স্থানীয়রা ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুজনের মৃত্যু হয়। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়ার পর হানিফও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সুজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্টা এলাকার বাসিন্দা। হানিফসহ দুজনই মোহাম্মদপুরের বছিলা ৩ নম্বর রোড এলাকায় থাকতেন। ওসি রফিক জানান, নিহতদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে চারটি করে মামলা রয়েছে। এ ঘটনায় শরীফ ও নাটা ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে সুজন ও শরীফকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর সুজন মারা যান। ভোরে একই এলাকায় হানিফ ও ফয়সালকে গণপিটুনি দেওয়া হলে হানিফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে ছিনতাইয়ের ঘটনায় আরেক যুবক ইয়ামিন (২৩) জনতার গণপিটুনিতে নিহত হন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার এক মাসের কারাদণ্ড

আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক এক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি এ আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা মৃত বিমল দাসের ছেলে লিটন দাস (৩০)-কে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে দণ্ডপ্রাপ্ত লিটন দাসকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




উজিরপুরে মামার ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলায় মামার বাড়ি থেকে ন্যান্সি মণ্ডল (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ন্যান্সি ধামসর গ্রামের মৃত মিন্টু মণ্ডলের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

তিনি জানান, ন্যান্সির সঙ্গে ফেসবুকে ফরিদপুরের টুম্পা নামের এক তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ আগস্ট ন্যান্সি ওই তরুণীর সঙ্গে পালিয়ে মাদারীপুরে আত্মগোপন করেন। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তাকে উদ্ধার করে মামা মাইকেল পান্ডের বাড়িতে নিয়ে আসে।

ওসি আরও বলেন, সোমবার রাতে ন্যান্সি মামার বাসায় খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ন্যান্সির মামা মাইকেল পান্ডে জানান, ফেসবুকের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ন্যান্সি। পরিবারের মান-সম্মান ক্ষুণ্ণ হওয়া এবং ব্যক্তিগত টানাপোড়েন থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ন্যান্সির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকাহত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কলাপাড়ায় মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. আরিফ নামের স্থানীয় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশও দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকস এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এতে উর্বর জমির উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিশাল গর্ত তৈরি হয়ে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি আইন অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অনেক ইটভাটা মালিক এ আইন অমান্য করে ব্যবসা চালিয়ে আসছেন।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক সাংবাদিকদের বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃষিজমি নষ্ট করে মাটি কাটলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

এদিকে স্থানীয় কৃষকরা জানান, বছরের পর বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় তাদের ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে। অনেক জায়গায় জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলেও অনেকেই মনে করছেন, জরিমানা করার পাশাপাশি অবৈধভাবে মাটি কেটে যারা বড় পরিসরে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও আরও বড় পদক্ষেপ নেওয়া দরকার।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলাম গ্রেপ্তার

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিসোর্টটি তার মালিকানাধীন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি লতিফ সিদ্দিকী ও আবু আলম শহীদ খানসহ কয়েকজনের সঙ্গে গোপন আঁতাতের তথ্য হাতে আসার পরই এ অভিযান চালানো হয়। বর্তমানে ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সব সাংবাদিককে আর্থ-সামাজিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সরকারের বিদ্যমান অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে দেশের সব সাংবাদিকদের জন্য আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিয়মিত সহযোগিতা দিয়ে আসছে। তবে কেবল সরকারের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল আসবে না। এজন্য সরকারি ও বেসরকারি সমন্বয় জরুরি।

তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন একটি জটিল বিষয়। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের কারণে এটি বাস্তবায়ন সময়সাপেক্ষ। তবে সুযোগ পেলে ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। সাংবাদিকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৪ ইঞ্চি জমির বিরোধে খুন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়ায় চার ইঞ্চি জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের কিরিচের কোপে নিহত নুরুল কবির (৩৮) হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সোমবার বিকেল সাড়ে ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারে। মানববন্ধনে বক্তারা জানান, অভিযুক্তরা—আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, নজির আহমদ, নেয়াজুর রহমান ও আব্দুস সোবাহান—নুরুল কবিরের পরিবারের সঙ্গে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার মাথায় কিরিচ দিয়ে আঘাত করে। পরিবারের অন্য সদস্যরা বাধা দেওয়ায় তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে ৭ জনকে এজাহারনামীয় এবং ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫