দশমিনায় দু’হাত বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করে দশমিনা থানা পুলিশ।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে তেঁতুলিয়া নদীর তীরে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোক জন। পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থল থেকে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে দেখা যায় অজ্ঞাত পরিচয়ের লাশের দুই হাত পিছনে গামছা দিয়ে বাঁধা এবং মুখমন্ডল বিকৃত। বয়স আনুমানিক ৩৫। ধারণ করা হচ্ছে কেউ মেরে দুই হাত পিছনে বেঁধে নদীর পানিতে ফেলে দিয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার বিষয় অবহিত হবার পর ঘটনাস্থল থেকে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মূল ঘটনা জানা যাবে। লাশ শনাক্তের জন্য জেলা সিআইডি ও ক্রাইম সিম ম্যানেজমেন্ট টিম অফিসের বিশেষজ্ঞ দল কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অজ্ঞত যুবকের পরিচয় ও মৃত্যুর কারন উদঘাটন করা যাবে।




ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, মার্কিন কর্মকর্তারা এমনটি বলার পর তেহরান তিনটি ড্রোন ভূপাতিত করে।

শুক্রবার ইস্পাহান ও তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণ ঘটে বলে খবরে বলা হয়।

তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

বেশ কয়েকটি দেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলার নিন্দা জানায়। বিবৃতিতে দেশটি বলে, তারা অঞ্চলে বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানায়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এ অঞ্চলে সংঘাত ও অস্থিতিশীলতা প্রসারিত করার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে মিশর।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, এমন পদক্ষেপ থেকে যেন দুইপক্ষই বিরত থাকে। এক বিবৃতিতে এটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত, গাজায় গণহত্যা বন্ধ করা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করা।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি আরএআইকে বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এটি চলমান পরিস্থিতি। পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কার হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। মিত্রদের সঙ্গে মিলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে দুই পক্ষকে উত্তেজনা থেকে দূরে রাখতে আমাদের সবকিছু করতে হবে। অঞ্চলটি স্থিতিশীল থাকা এবং সব পক্ষের পরবর্তী পদক্ষেপ থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ নিশ্চিত করেছে যে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি চূড়ান্ত সংযমের আহ্বান জানান এবং বলেন, সামরিক সংঘাতে পারমাণবিক স্থাপনা লক্ষবস্তু হওয়া উচিত নয়। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আইএইএ পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কে ব্রুইনস স্লট বলেন, ইরানে পরিস্থিতি নেদারল্যান্ডস কাছ থেকে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে সর্বসাম্প্রতিক ঘটনা গভীর উদ্বেগের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তোলে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এখন নিশ্চিত করতে হবে, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যেন আর আর কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়।

ক্রেমলিন বলেছে, ইরানে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে রাশিয়া। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি।

এ ছাড়া জাপান, সুইডেন, কানাডা ফ্রান্সও উদ্বেগ প্রকাশের সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।




কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় আফছানা নামের ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের গাজী বাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। মৃত আফছানা ওই এলাকার নূরসায়েদ সিকদারের মেয়ে।

আরো পড়ুন : গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক তরুণীর অনশন

মৃতের ভাই আবু সাইদ জানান, প্রতিদিনের মতো বাজার করে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোনের ঝুলন্ত পাঁ দেখতে পাই। সন্দেহ হলে বেড়া কেটে ঘরে ঢুকে বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। তবে, কি কারণে সে গলায় ফাঁস দিতে পারে তার সঠিক কোন কারন খুঁজে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার থানার একটি ইউ ডি মামলা হয়েছে।




গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক তরুণীর অনশন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনুপম ভূইয়া (৩০) নামে এক যুবকের বাড়িতে অন্তরা রানী শীল (২২) নামে এক তরুণী অনশন করছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গলাচিপা সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই-বাংলা রোড এলাকায় অনশন করেন ওই তরুণী।

অভিযুক্ত অনুপম ভূইয়া ওই এলাকার অ্যাডভোকেট অরুন ভূইয়ার ছেলে এবং অনশনকারী অন্তরা রানী শীল বরিশাল ৩০ নম্বর ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে।

আরো পড়ুন : জলকেলিতে মাতোয়ারা রাখাইন কিশোর-কিশোরীরা

অনশনকারী ওই তরুণী স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তরা রানী শীল অভিযুক্ত অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় আসেন এবং বিকেল থেকে অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থানসহ অনশন শুরু করেন। এ সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভিড় করতে থাকেন।

অনশনকারী ওই তরুণী বলেন, ‘আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সাথে আমার পরিচয়। দীর্ঘ আট বছর ধরে অনুপমের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়েও করেন।’

তিনি আরো বলেন, ‘বিয়ের আগে ও পরে তিনি (অনুপম) আমার সাথে অসংখ্যবার শারীরিকভাবে মেলামেশা করেছেন। তার প্রমাণ রয়েছে। এরপর হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারি চাকরি করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভনও দেন অনুপম ভূইয়া। এরপর থেকে আজ নয় কাল করে বছরের পর বছর ঘুরাতে থাকে, অনুপমের অন্যেত্রে বিয়ের খবর শুনে আমি (অন্তরা রানী শীল) স্বামীর অধিকার নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সাথে খারাপ আচরণসহ বাড়ির বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় অনুপমের বাবা অরুন ভূইয়া।’

অন্তরা রানী শীল আরো বলেন, ‘স্বামীর অধিকার আদায়ের জন্য আমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপমের স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি।

আরো পড়ুন : জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুণীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।’




বরগুনায় মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: মা-মেয়ে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল সোবাহানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী।

১৭ বছর পর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জড়িত হালিম ইতোপূর্বে আদালতে আত্মসমর্পণ করে জেলে আছেন এবং সহিদ অন্য একটি খুনের মামলায় জেলে আছেন।

আরো পড়ুন : জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

অভিযুক্ত সোবাহান বরগুনা জেলার সদর উপজেলার আইয়ুব আলীর ছেলে বলে জানায় র‌্যাব।

১৭ এপ্রিল বেলা ১১টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার হয় সোবাহান।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন– ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি গভীর রাতে বরগুনা সদরে মা ও কিশোরী মেয়ে গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় অভিযুক্ত হন হালিম, সহিদ এবং গ্রেফতারকৃত সোবাহান। এ ঘটনায় পর থেকে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান সোবাহান। পরবর্তীতে আদালত সোবাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।




পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে সেনের হাওলা গ্রামের বাঁধ ঘাট এলাকার বদ্ধ খালের জমিতে করা পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর এক পক্ষে রয়েছেন হাফেজ আক্কাস, আর অন্য পক্ষে রাসেল মৃধা। তাদের এ বিরোধ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়।

তারা আরও জানান, সেই পুকুরে গত বছর মাছ চাষ করেছে বলে দাবি তুলে বুধবার সকালে মাছ ধরতে যান আক্কাসের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাছ ধরতে বাধা দেন রাসেল মৃধার লোকজন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন : গলাচিপায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আহতরা হলেন- সেনের হাওলা বাঁধ ঘাট এলাকার বাসিন্দা জাফর প্যাদা (৫০), হাফেজ আক্কাস (৩৫), রাকিব প্যাদা (২৮), রাশেদ প্যাদা (৩০), ইউনুস প্যাদা (৪৫), হনুফা বিবি (৫৫), খাদিজা বেগম (৩৫), সিয়াম (১৮), সোহাগ প্যাদা (২২), অনিক মৃধা (১৯), রনি (২০)। তাদের মধ্যে হাফেজ আক্কাস, হনুফা বিবি, রাকিব, ইউনুস ও জাফর গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, আহতদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দেয়ার জন্য বলেছি। ইতোমধ্যে এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি।




গরুসহ আটক ২, ৫ জনের বিরুদ্ধে থানায় চুরির মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় গরুসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালের এ ঘটনায় বিকেলে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আটক দুজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের খেজুরবাড়িয়ার মো. জামাল (৪০) ও মো. নিজাম দালাল (৪০)।

আরো পড়ুন : ছেলেকে বাঁচাতে ভিটে-বাড়ি বিক্রি করছেন মা ফরিদা

এলাকাবাসী জানায়, উপজেলা সদরের কাটাখালী গ্রামে গতকাল সোমবার বেলা ১১টার দিকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজনকে গরুসহ আটক করে এলাকার লোকজন। হারুন হাওলাদার নামের এক ব্যক্তির ডাকচিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাঁদের আটক করে। তবে অন্য তিনজন পালিয়ে যান। পরে আটক দুজনকে দশমিনা থানায় সোপর্দ করা হয়।

হারুন হাওলাদার বলেন, ‘আমাদের চরাঞ্চল থেকে এভাবে বহু গরু চুরি হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন লোক চরে এসে বিভিন্ন কাজের কারণ দেখায়। আমি পাতা বনে গরুর পাল দেখতে যাই। এ সময় দেখি গরুর পালে চার-পাঁচটি গরু নেই। তখন ওই ট্রলারের সামনে গিয়ে দেখি একটি গরু ট্রলারে বাঁধা। সেখানে দুজন ট্রলারে, তিনজন গরু হাতে দাঁড়িয়ে ছিল। তাদের পরিচয় জানতে চাইলে বলে কালাইয়া থেকে এসেছে। তখন চোর চোর বলে ডাক-চিৎকার করলে এলাকার লোকজন এসে দুজনকে আটক করে। অন্য তিনজন পাতা বনে পালিয়ে যায়।’

আরো পড়ুন : শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, হাদীর চর থেকে বিভিন্ন সময় গরু চুরির ঘটনা ঘটে থাকে। খবর পেয়ে দুজনকে গতকাল সোমবার সন্ধ্যায় থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। এদের সঙ্গে আরও তিনজন জড়িত। থানায় নিয়মিত মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।




হাসপাতালের প্রিজন সেলে হত্যার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

বরিশাল অফিস :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে এক আসামিকে অপর আসামি পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এরআগে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানিয়েছে।

তিনি জানান, মামলার বাদী হয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. নুর-ই আলম সিদ্দিকী। নমামলার আসামী টুয়াখালী গলাচিপা থানার হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম (২৫)। সে একই থানা এলাকার কলাগাছিয়া গ্রামের মোশারেফ সিকদারের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, রোববার রাতে ডেপুটি জেলার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামি হাসপাতালে চিকিৎসাধীন। তাই তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মামলার বরাতে তিনি আরও জানান, আসামি তরিকুল ইসলামকে পটুয়াখালী কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত ৬ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।

মামলায় বাদী উল্লেখ করেছেন ১৪ এপ্রিল সকালে প্রিজন সেলে তরিকুল ইসলাম অপর দুই আসামি মোতাহার ও অজিত কুমার মণ্ডলের সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তরিকুল উত্তেজিত হয়ে হত্যা করার উদ্দেশে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মোতালেব ও অজিতকে পিটিয়েছে। কারারক্ষীরা তাদের উদ্ধার করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নিয়ে আহত দুই আসামীকে ভর্তি করে। এর মধ্যে মোতাহের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অথচ হাসপাতাল সূত্রে জানা গেছে, আসামি হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত ছিল। তাকে মানসিক ওয়ার্ডে না রেখে কারা কর্তৃপক্ষ অন্য আসামিদের সঙ্গে প্রিজন সেলে রাখেন। যেখানে রোববার ভোরে তরিকুল ইসলামের হামলার শিকার হন অপর দুই আসামি মোতাহার ও অজিত কুমার মণ্ডল। আর ঘটনার সময় প্রিজন সেলের কাছাকাছি যে কারারক্ষীরা ছিলেন তাদের কাছে চাবি ছিল না। যার কাছে চাবি তিনি হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। ফলে তাৎক্ষণিক হামলাও প্রতিহত করা যায়নি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যদিও বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসব বিষয়ে জানতে সিনিয়র জেল সুপার রত্না রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। আর জেলার মোহাম্মাদ জয়নাল আবেদীন ভূঞা জানান, তিনি এ বিষয়ে কোনো কথাই বলবেন না, যা দরকার স্যারদের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন। অপরদিক মামলার বাদী ডেপুটি জেলার মো. নুর-ই-আলম সিদ্দিকীর মোবাইলে ফোন করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান।

তবে বরিশাল কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে আসামি খুনের ঘটনায় দায়িত্বরতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। পাশাপাশি ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।




এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে জড়িত ৮ জলদস্যু গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক : মুক্তিপণ নেওয়ার পর ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়ে তীরে উঠতেই অন্তত আট জলদস্যুকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘গারোই’ অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি অনলাইনের প্রতিবেদনে জানায়, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ।

তবে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দুই দস্যু জানিয়েছে, দুইদিন আগেই মুক্তিপণ হিসেবে তাদের ৫০ লাখ ডলার দেওয়া হয়। এই অর্থগুলো নকল কিনা পরবর্তীতে সেটি যাচাই-বাছাই করে তারা। এরপর নিজেদের মধ্যে অর্থগুলো ভাগ করে তারা জাহাজ থেকে চলে যায়।

মুক্তিপণের মাধ্যমে জাহাজ ছাড়িয়ে নেওয়ার বিষয়টি দস্যুদের আরো জাহাজ ছিনতাইয়ে উদ্বুদ্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পুন্টল্যান্ডের আরেক পুলিশ কর্মকর্তা।




বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে রবিবার (১৪ এপ্রিল) দুপুরে মোঃ নাঈম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

মো. নাঈম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোঃ মাসুদুর রহমানের ছেলে।

আরো পড়ুন : পহেলা বৈশাখে পর্যটকে মুখরিত কুয়াকাটা

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম এবং এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’