দুমকিতে মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে মারধর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়ে ও স্কুলশিক্ষক বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে মাসুম নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে বাবা ও মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাধ্যমিক স্কুলের শিক্ষক মো. শাহ ইয়ার গাজীর সরকারি জনতা কলেজের ছাত্রী উম্মে হানীকে (১৭) যাওয়া-আসার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন একই এলাকার এলেমদ্দীন হাওলাদারের মেয়ের ঘরের নাতি মাসুম (২০)। মাসুমের বাবা মো. লিটন শ্বশুরবাড়ি থাকার সুবাদে একই এলাকায় তাদের বসবাস।

প্রতিদিনের মতো রোববার দুপুরে উম্মে হানী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বখাটে যুবক মাসুম পথ আটকে প্রেমের প্রস্তাব দেন এবং বলেন প্রস্তাবে রাজি না হলে উঠিয়ে নিয়ে বিয়ে করবেন। মাসুমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় উম্মে হানীকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করলে বাবা শাহ ইয়ার গাজী প্রতিবাদ করায় তাকেও মারধর করে এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনা কারও কাছে বলাবলি করলে উম্মে হানীকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বলে পুলিশি হয়রানি করবেন বলে জানান। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মাসুমের বাবা লিটন খান বলেন, উত্ত্যক্ত বা শ্লীলতাহানির ঘটনা সম্পূর্ণ মিথ্যা। উল্টো আমার ছেলেকে ওই মেয়ে প্রেমের প্রস্তাব দেন আমার ছেলে তা প্রত্যাখ্যান করায় উল্টো আমার ছেলেকে তারা মেরেছে।

এদিকে তথ্য জানতে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার এসআই মাসুদকে ফোন দিলে তিনি জানান, কোনো ইভটিজিং বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। বিষয়টি কথা কাটাকাটি ও উভয়পক্ষে মারামারি হয়েছে।

দুমকি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিষয়টি আমি দেখছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল পর্যটকের ঝুলন্ত মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্ক ইনের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) শেষ বিকেলে ফ্রেন্ডস পার্ক ইন নামক হোটেলটির তৃতীয় তলায় সি-৫ নামক রুমের দরজা ভেঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়। ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরের জাহিদ হাসান জাফরের ছেলে জিহাদ। পোস্ট মর্টেমের জন্য জিহাদের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুলাই) দুপুর দুইটায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেয়। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বিকেলে পুলিশ এসে জিহাদের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, প্রাথমিক সুরতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।




আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের শুনানিতে যা হলো




কোটা আন্দোলনকে কেন্দ্র করে ৫০ হাজারেরও বেশিবার গুরুত্বপূর্ণ ৮টি ওয়েবসাইটে সাইবার হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে ৫০ হাজারেরও বেশিবার গুরুত্বপূর্ণ ৮টি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। তবেএসব হামলায় কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোন তথ্য নিতে পারেনি হ্যাকাররা।

চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ে অংশীজনদের সাথে জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হামলা হয়নি। ক্ষতিগ্রস্থ হয়নি আর্থিক ব্যবস্থাপনাও। ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করা হয়েছে। এমন তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভিপিএন’র অতিরিক্ত ব্যবহারে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে।সা

মাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে ফেসবুক, টুইটার, টিকটককে। ইতোমধ্যে টিকটক ই-মেইলে সাড়া দিয়েছে। বাকী দুটো সামাজিক মাধ্যম থেকে কোনো সাড়া মেলেনি। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে আইসিটি বিভাগ। ইন্টারনেট গতি নিয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা নেই, এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের ক্ষতিপূরণের জন্য তাদের সেবা রপ্তানীতে যেন ইনসেনটিভ দেয়া যায় সে চেষ্টা করা হবে আইসিটি বিভাগের পক্ষ থেকে। ব্যাংক, তৈরি পোষাক, বিদ্যুৎ জ্বালানী ও শিক্ষা খাতে সাইবার হামলার আশঙ্কা আছে মন্তব্য করে প্রতিমন্ত্রী জানান, সরকারের চিহ্নিত ৩৫ টি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে মাত্র ৮টি সাইবার নিরাপত্তা বিষয়ক নীতিমালা মেনে চলছে।




বেনজীরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের (তিন মেয়ে) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

অনুসন্ধানে দুদক বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাবে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ২৮ জুলাই অগ্রগতি প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেন হাইকোর্ট।




পটুয়াখালীতে মুরগীর পচা মাংস সংরক্ষণ – হোটেল মালিককে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগীর মাংস সংরক্ষণের দায়ে মিজানুর রহমান (৪৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, বেশ কয়েকদিন ধরে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগির মাংস রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পচা মুরগির মাংস উদ্ধার করে। এসব মুরগি রান্না করে বিক্রি করতে চেয়েছিলেন ওই হোটেল ব্যবসায়ী। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, এর আগেও হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগ ছিলো। আজ বস্তাভর্তি পচা মুরগিসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। যারাই হোটেল ব্যবসায় এ ধরণের কাজে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




বরিশালে ভিডিও কনফারেন্সে জেএমবি সদস্যের আদালতে হাজিরা

বরিশাল অফিস :: বরিশালে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেএমবি সদস্যের হাজিরা গ্রহণ করা হয়েছে। রোববার (২৮ জুলাই) বরিশালের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ভার্চুয়াল আদালতের বিচারক মোস্তফা পাভেল হায়দার এ হাজিরা গ্ৰহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ভার্চুয়াল আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়া ওই জেএমবি সদস্য হলেন, আতিকুর রহমান বাবু ওরফে শাওন ওরফে সাইফুল্লাহ। তিনি বরগুনা সদর উপজেলার রায়ভোগ মোড়খালী এলাকার মৃত গোলাম কবির মাতব্বরের ছেলে।

বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দিক বিবেচনা করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারান্তরীণ জেএমবি সদস্য বাবুকে আদালতে আনা হয়নি। কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে উপস্থাপন করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের করা পৃথক দুইটি মামলার চার্জশিটভুক্ত মামলার আসামি জেএমবি সদস্য বাবু। দুইটি মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ধার্য দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার হাজিরা নিয়েছেন আদালত।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ৩০ আগস্ট নগরীর দরগাবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জনের একটি দল পালিয়ে যায়। এ সময় বিদেশি পিস্তল, গুলি, ব্যাটারি, সার্কিট, জিহাদী বইসহ জেএমবির এক সদস্যকে আটক করা হয়। এ ঘটনার পরদিন ১ সেপ্টেম্বর র‌্যাবের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে নামধারী ৬ জনসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি আতিকুর রহমান বাবু।

মামলার এক মাস পর ২৯ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়ক নয়াকান্দা এলাকায় র‌্যাব-৮ এর আরেকটি দল অভিযান চালায়। ওই দলটি বিদেশি পিস্তল, জিহাদি বই, দুইটি পাসপোর্টসহ জেএমবি সদস্য আতিকুর রহমান বাবুকে গ্রেফতার করে।

এ ঘটনায় পরদিন কোতোয়ালি মডেল থানায় র‌্যাবের ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেন। দুইটি মামলা বর্তমানে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।




মেট্রোরেলে নাশকতা: বিএনপি নেতা স্বপন-অসীম রিমান্ডে

বরিশাল অফিস :: মেট্রোরেলে নাশকতা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ে সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ তিন জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অপর আসামি হলেন, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং সাবেক গাজীপুর জেলার জামায়াতের সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী।

শনিবার (২৭ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত জহির উদ্দিন স্বপন ও ডঃ মো. সামিউল হক ফারুকীর পাঁচ দিন এবং ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ জুলাই সেতু ভবনে হামলার মামলায় স্বপন, অসিম ও ফারুকীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে শনিবার মেট্রোরেলে নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা। আসামিরা গত ১৯ জুলাই দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, যা কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি নিয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ-বহির্গমন গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিসাধন ও সরঞ্জামাদি আগুন দিয়ে পঞ্চাশ কোটি টাকার ক্ষতি করে।

তথ্য প্রমানের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি ও ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নেওয়া দরকার মর্মে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।




আন্দোলন চলাকালে নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন: ডিবিপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে (নুর) এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন। রিমান্ডে তিনি এ কথা স্বীকার করেছেন। এ টাকা পরে কাকে দেওয়া হয়েছে এবং কী কাজে খরচ করা হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে। খবর: বাসস

শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ বলেন, ‘নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তাঁর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন চলাকালে একজন নেতা তাঁকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। কী জন্য তিনি টাকা নুরকে দিয়েছেন, সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবিপ্রধান।

শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২১ জুলাই তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান শুক্রবার নিশ্চিত করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘১৮ জুলাই দুমিক বোর্ড অফিস বাজার এলাকায় সংঘটিত ঘটনায় ১৯ জুলাই ২৫ জনকে শনাক্ত করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কৃষকদল নেতা জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান বলেন, ‘গত ৫ দিনে পটুয়াখালীর বিভিন্ন থানায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যেই জেলা হাজতে পাঠানো হয়েছে। দুমকিতে বৃহস্পতিবার রাতে একটি নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর অপরাধিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।