গ্রেপ্তার দশমিনায় আওয়ামী লীগ নেতা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বেতাগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম হাওলাদার (৬৫) বেতাগী গ্রামের মৃত আনোয়ার হোসেন ও মৃত বরু জান বিবির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির এক কাউন্সিলে হামলার অভিযোগ রয়েছে। ওইদিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের সভায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়। ঘটনার প্রায় তিন বছর পর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবেই শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “অপারেশন ডেভিল হান্ট” এখনো চলমান। গ্রেপ্তার শাহ আলম হাওলাদারকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ট্রাইব্যুনালে জামিন পেলেন না কামাল মজুমদার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় এনে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকালে আসামিপক্ষের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। তিনি আদালতকে জানান, কামাল আহমেদ মজুমদার গুরুতর অসুস্থ। পিজি হাসপাতালে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও পর্যাপ্ত সিট না থাকায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি। ফলে আদালতের নির্দেশনার প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি মিরপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলাটি বর্তমানে আলোচিত অবস্থায় রয়েছে, আর আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে কলাপাড়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি। শনিবার সকাল থেকেই নিখোঁজের খবরে আন্ধারমানিক নদীর তীরে জড়ো হয়েছেন স্বজন ও স্থানীয়রা।

পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোরিকশায় বসে ছিলেন। সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোরিকশার চালককে আটক করেন। পরবর্তীতে নুরুল ইসলামের দেহ তল্লাশি চালানো হলেও তার কাছে কিছু পাওয়া যায়নি। তবুও তাকে ধাওয়া করা হয় বলে পরিবারের দাবি।

নিখোঁজের কন্যা রূপা জানান, তার বাবা পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল বিকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালালেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে অভিযানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির। তিনি দাবি করেন, তাদের টিম এমন কোনো ধাওয়া বা অভিযানের সঙ্গে জড়িত ছিল না।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে পরিবার ও স্বজনরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবাড়ি গ্রামে র‌্যাব সদস্য সেজে ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, ১৬ সেপ্টেম্বর রাতে পান ব্যবসায়ী বিপুল ঢালী, পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় কয়েকজন অস্ত্র ও হ্যান্ডকাফ দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়। সন্দেহ হলে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের সহযোগী সুমনসহ কয়েকজন পিস্তল, হ্যান্ডকাফ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রমিক দলের নেতা রাসেল মোল্লাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বড় ভাইয়ের মতো ফাঁস লাগিয়ে ছোট ভাইয়ের আত্মহত্যা

বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ মহল্লায় বড় ভাইয়ের মতো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি বয়াতী (২২) নামের এক যুবক। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের শয়নকক্ষে ফাঁস দেন রাব্বি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বি স্থানীয় কৃষিকাজ করতেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। তবে দেড় বছর আগে রাব্বির বড় ভাই রফিক বয়াতী একইভাবে আত্মহত্যা করেছিলেন। দুই ভাইয়ের একই ধরনের মৃত্যুর ঘটনায় পুরো পরিবার ও মহল্লাজুড়ে চলছে শোকের মাতম।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আসল কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

অভিযানে পাঁচটি গুদাম থেকে ৪০ বস্তা চায়না দুয়ারী ও ১৬ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। পরে নিষিদ্ধ এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে আমিরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বরগুনার কাজীপাড়া এলাকার হযরত আলী সিকদারের ছেলে এবং নগরীর পোর্ট রোডের নিউ ভাই ভাই ষ্টোরের মালিক।

এছাড়া একই অভিযানে আরও চার ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন—আমিরুল ইসলামের ভাই জহিরুল ইসলাম, একই এলাকার জাকির হোসেন (পিতা নুরুল ইসলাম) এবং নগরীর পলাশপুর এলাকার আ. ছালাম (পিতা রশিদ সিকদার)।

নির্বাহী হাকিম জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




কুয়াকাটায় অশ্লীল ভিডিও কাণ্ডে কনটেন্ট ক্রিয়েটরের জেল

পটুয়াখালীর কুয়াকাটায় নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণ ও অশ্লীল মন্তব্য করার দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা রুবেল পেশায় মুদি দোকানদার হলেও অবসরে কনটেন্ট তৈরি করতেন। তবে সম্প্রতি সমুদ্রসৈকতে তিনি নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ এবং অশ্লীল কথাবার্তা বলছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ফটোগ্রাফার আরিফ বলেন, “আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। তখনই তাকে ধরে ফেলি।” অপর ফটোগ্রাফার রাসেল জানান, “তার মোবাইল চেক করে অনেক ভিডিও পাওয়া যায়। এরপর আমরা টুরিস্ট পুলিশকে খবর দিই।”

টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে মোবাইল ফোনসহ আটক করে। প্রাথমিকভাবে দেখা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের ভিডিও ধারণ করছিলেন। তবে সেসব ভিডিও কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রকাশের প্রমাণ মেলেনি। স্থানীয়দের ধারণা, তিনি এগুলো অন্য কারো কাছে বিক্রি করতেন বা ভিন্নভাবে ব্যবহার করতেন।

ঘটনায় ক্ষুব্ধ পর্যটকরা বলেন, “এ ধরনের কাজ কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক জানান, “রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কুয়াকাটায় এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

রায় ঘোষণার পর তাকে থানায় হস্তান্তর করা হয়। প্রশাসনের এ পদক্ষেপে পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং কুয়াকাটার পর্যটন নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

 

আল-আমিন



দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় মোকলেস মৃধা গ্রেফতার

পটুয়াখালীর দুমকীতে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে মোঃ মোকলেস মৃধা (৫৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, মোকলেস মৃধা উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মৃত আঃ রশিদ মৃধার ছেলে। তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর মামলার অভিযোগ রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুমকি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় মোকলেস মৃধাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। সে সময় উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।

পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৭ নভেম্বর মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর গ্রামীণ এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্ক

পটুয়াখালীর গ্রামীণ জনগণ একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের পাশাপাশি ন্যাক্কারজনক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে।

গত ১৩ জুলাই কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের দক্ষিণ বাদুরতলীতে এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির সবাইকে হাত-পা বেঁধে নববধুকে পাশের কক্ষে নিয়ে গণধর্ষণ করে। তারা লুট করে প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ।

এরপর ২১ আগস্ট রাতে কলাপাড়ার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে আরেকটি দুঃসাহসিক ডাকাতি ঘটে। ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে, পরিবারের সদস্যদের মারধর ও বেঁধে রাখে এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে।

দুদিন পর ২৩ আগস্ট রাতে লতাচাপলী ইউনিয়নের আলিপুর গ্রামে তিনটি বাড়িতে ডাকাতি হয়। একই রাতে গলাচিপা পৌর শহরের এক সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িও ডাকাতদলের লক্ষ্য হয়।

অন্যদিকে, বাউফলের কাশিপুরে ডাকাতির পর পালাতে গিয়ে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। চলতি বছরের জানুয়ারিতে কলাপাড়ার নীলগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের স্ত্রী শাহনাজ বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, রাতে ঘুমানোও নিরাপদ নয়। পুলিশের টহল থাকলেও ডাকাতি থামছে না।

পুলিশ জানায়, নববধু ধর্ষণসহ একাধিক ডাকাতির ঘটনায় কয়েকটি চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার বলেন, “ডাকাতির ঘটনায় আমাদের একাধিক অভিযান চলছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে মাঠে কাজ করছে পুলিশ।”

পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলায় ডাকাতির ঘটনায় ২০টি মামলা হয়েছে। এর মধ্যে শুধু জুলাই-আগস্ট মাসে মামলা হয়েছে ৮টি। গ্রেফতার হয়েছেন ৪২ জন। তবে পুলিশের পরিসংখ্যানের বাইরে আরও অনেক ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা ভয়ে কিংবা বিচারহীনতার আশঙ্কায় মামলা করতে পারছেন না।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাবুল হত্যা মামলায় মুলাদীতে সাত আসামি গ্রেপ্তার

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামে কৃষক বাবুল বেপারীকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডে ২৭ জনকে আসামি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বড় ভাই আব্দুল জলিল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করার পর মৃধারহাট এলাকায় আত্মগোপনে থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের করিম মল্লিক ও তার সহযোগীরা বাবুল বেপারীর ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় আলীম বেপারী ও রেশমা আক্তারসহ অন্তত ৭-৮ জন গুরুতর আহত হন।

মামলায় করিম মল্লিকসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন—বজায়শুলী গ্রামের করিম মল্লিক, তার ছেলে রফিক মল্লিক, শফিক মল্লিক, ইয়াসিন মল্লিক, ইউনুস সরদারের ছেলে রাজ্জাক সরদার, নজরুল সরদার এবং মুলাদী পৌরসভার চরডিগ্রি গ্রামের আব্দুল করিম খান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫