মারধরের পর সাবেক এমপি শাহে আলমকে থানায় দিল জনতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশাল–২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) রিয়াজুল হক।

পুলিশ কর্মকর্তা জানান, শাহে আলম তালুকদার বর্তমানে গুলশান থানায় আটক অবস্থায় আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সূত্র জানিয়েছে, চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর শাহে আলম তালুকদারের বিরুদ্ধে বরিশালের একটি আদালতে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

শা‌হে আলম তালুকদার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।




সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক এই মন্ত্রীকে রাজধানীর আদাবর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে র‌্যাব আদাবর থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

ফরহাদ হোসেন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এই আন্দোলনে গুলি করে শত শত মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করা হয় দলটির নেতা, সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের। ইতোমধ্যে দলটির নেতাদের বিরুদ্ধে কয়েকশ মামলা হয়েছে, যার বেশির ভাগই হত্যা মামলা।




কুয়াকাটার হোটেলকক্ষে তরুণীর ঝুলন্ত লাশ – আটক ৩

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষে পাওয়া গেছে আফরোজা আক্তার ওরফে রিতু (১৯) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ।

শনিবার দুপুরে সৈকতপারের হোটেল সী-বিচ ইনের ৫০১ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পালানোর সময় রিতুর স্বামী ও তাঁর বন্ধুসহ ৩ জনকে আটক করা হয়েছে। অন্যজন কিশোরী।

রিতু যশোরের কোতোয়ালি থানার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাঁর স্বামী হিসেবে পরিচয় দেওয়া একই থানার সংকরপুরের বাবু মীরের ছেলে ইছা মীর (২১), তাঁর বন্ধু বারান্দিপাড়া এলাকার কুমারেশ সাহার ছেলে কপিল চন্দ্র সাহা (২১) ও রিতুর আপন বোন পরিচয় দেওয়া ১৭ বয়সী এক কিশোরী।

পুলিশ ও সী-বিচ ইন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার যশোরের কোতোয়ালি এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারী ওই হোটেলের দুই কক্ষবিশিষ্ট একটি কানেক্টিং রুম ভাড়া নেন। শনিবার সকালে নাশতা খাওয়ার পরে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ওই তরুণী দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না গলায় দিয়ে ফাঁস নেন। পরে দরজা ভেঙে হোটেলের ব্যবস্থাপকসহ অন্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। একপর্যায়ে ইছা মীর ও কপিল চন্দ্র সাহা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. আলী হায়দার বলেন, হঠাৎ করে রাস্তায় দুটি ছেলে দৌড়ে পালাচ্ছিল। তাদের পিছু নিয়ে ওই আবাসিক হোটেলের এক কর্মচারী ধাওয়া করেন। এটি দেখে তারা ওই ব্যক্তিদের আটক করে হোটেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই তরুণীর সঙ্গে থাকা তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আসতে বলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে ভুয়া মেজর পরিচয়ে ৪ প্রতারককে আটক করেছে সেনাবাহিনী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ভুয়া মেজর পরিচয়ে চার প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমী সেনা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোঃ সালাহ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, খান রেজাউল করিম, মোঃ জসীম হাওলাদার। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ী পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আর জসীম উদ্দিনের বাড়ী বাকেরগঞ্জ থানায়।

পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ জানান, সাদা রংয়ের একটি প্রাইভেট কারে শুক্রবার রাতে ক্যাম্পের সামনে এসে সালাহউদ্দিন নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করতে চায়। এসময় তার কথাবার্তায় অসংলগ্ন দেখা দিলে গাড়ীসহ তাদেরকে কৌশলে ক্যাম্পের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে কর্নেল মোহসীন স্যারকে বিষয়টি অবহিত করি। পরে কর্নেল মোহসীন স্যারের সামনে নিলে সালাহউদ্দিন নিজেকে ১৯নং কোর্সের এর অবসরপ্রাপ্ত মেজর অফিসর পরিচয় দেয়। এক পর্যায়ে খোজ খবর নিয়ে নিশ্চিত হয় যে, তিনি আসলে ভুয়া পরিচয় দিয়েছে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসা করলে নিজেকে ভুয়া মেজর স্বীকার করেন। তারসাথে যারা ছিল তারাও এক পর্যায়ে নিজেদেরকে ভুয়া সেনাবাহিনীর সদস্য বলে স্বীকার করেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ওই প্রাইভেট কার নিয়ে তারা চারজন পটুয়াখালীতে অবস্থান করছিলেন। তবে কোথায় কোথায় গেছেন বা কি করেছেন আর কি কারণে ভুয়া মেজর পরিচয় দিছে সেটির ব্যপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছেন বলে পটুয়াখালী জেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান।

এব্যাপারে প্রতারণা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মোঃ জসীম জানান।




পটুয়াখালী‌তে আ.লীগ নেতৃবৃ‌ন্দের বিরু‌দ্ধে দায়েরকৃত মামলার বাদী‌কে কু‌পি‌য়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী‌তে ৪৩জন আওয়ামীলীগের নেতাকর্মীর না‌মে দা‌য়েরকৃত মামলার বাদী মোস্তফা আঁকনকে কুপিয়ে গুরুতর জখম করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা বলে দাবি করেছেন বিএনপির নেতা কর্মীরা ।

গুরুতর জখম মোস্তফা আঁকনকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে।

মোস্তফা আকন জেলা বিএন‌পি কার্যালয়ের অফিস সহায়ককারী হিসাবে দীর্ঘদিন ধ‌রে কাজ ক‌রে আস‌ছি‌লেন।

শুক্রবার রাত ১১টার দি‌কে সদর উপ‌জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য মামলার আসামী‌দের দায়ী কর‌ছেন সেচ্ছা‌সেবক ও ছাত্রদল নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান মিলন জানান , স্বৈরাচারী হাসিনা সরকারের সময় বিএনপির দলীয় কার্যালয়ে একাধিকবার হামলা হয়েছে ওই হামলায় মোস্তফা একাধিকবার জখম হয়েছে,। বিএনপি অফিসে হামলার একটি মামলায় বাদী হওয়ার কারণে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ওকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া তাৎক্ষণিকভাবে জানান, মোস্তফা কে মারাত্মকভাবে জখম করার পরে গায়ে কেরাসিন ঢেলে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়।

দায়িত্ব রত চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যেকোন দাহ্য পদার্থ তার শরীরে লাগ‌তে পা‌রে। আরো কিছু পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। বাইট ডাঃ আবু বকর।

আর পু‌লিশ বল‌ছে বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।




সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার




বাউফলে হাটের খাজনা তোলা নিয়ে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ – আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি হাটবাজারের খাজনা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কালাইয়া বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলা যুবদলের সদস্য মালিকুল ইসলাম (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫) ও তাঁর ছেলে জুবায়ের হোসেন খান (২১)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্যতম বড় বন্দর কালাইয়া হাটবাজারের খাজনা ওঠানো নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের অনুসারী কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ (তুহিন) ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের অনুসারী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে আজ সন্ধ্যায় জসিম ও গিয়াস উদ্দিনের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে বিএনপির নেতা জসিম আহমেদ ও যুবদল নেতা গাজী গিয়াস উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা ব্যস্ত আছেন বলে জানান। সংঘর্ষের জন্য দুজন একে অপরকে দোষারোপ করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, দলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কালাইয়া হাটবাজারের ইজারাদার ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির মোল্লা। ইজারাদার হিসেবে তিনিই খাজনা তুলতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সমঝোতার ভিত্তিতে যুবলীগ নেতার থেকে বাজার ইজারা নিয়ে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ খাজনা তোলেন।




দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা – প্রেসক্লাবের নিন্দা

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকলেও ষড়যন্ত্রমূলক আসামি করে মামলায় জড়ানোর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা।

শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা প্রকৌশলী মো: কামাল হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদের অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে। তাই আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সাংবাদিক মো: দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

পাশাপাশি এই মিথ্যে মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদকর্মীরা।




যেভাবে ভারতে পালিয়েছেন বিপ্লব কুমার

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেড় লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে লালমনিরহাটসহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ সংক্রান্ত বিরোধের জেরে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার ওসমান গণির ছেলে চোরাকারবারি শুভ স্থানীয়দের হাতে ধরা পড়েন। সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ, দহগ্রামের আকছেদুল, মমিন, লম্বা শাহীন, ফারুক, রাজিব, শামীম ও মকছেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয়।




মাদ্রাসা সুপারের পদত্যাগে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা দাবি ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ৫ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার বিকালে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধা, মজনু মৃধা, দুলাল মৃধা, আব্দুল করিম ও মাসুদ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট অভিযুক্তরা মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জোরপূর্বক একটি পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।

এ ঘটনায় মাদ্রাসার সুপার প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মৃধা তার দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মৃধা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলাটি করা হয়েছে। আমি কারও কাছে কোনও চাঁদা দাবি করিনি।