৫ আগস্টের পর ডিআইজি এসপিসহ পুলিশের ১৮৭ জন অনুপস্থিত




পটুয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি – হাত-পা বেঁধে রেখে টাকা-স্বর্ণালংকার ও বাইক লুট

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলটি বাড়ির লোকজনের হাত-পা মুখ বেঁধে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার ও মোটরসাইকেল। তবে মোটরসাইকেলসহ ডাকাত দলের এক সদস্যকে পটুয়াখালী টোলপ্লাজায় আটক করে স্থানীয় লোকজন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দীন মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।

বাড়ির মালিক আলাউদ্দীন মিয়ার বর্ণনা মতে, রাত তিনটার দিকে ডাকাত দলটি তাদের বাড়িতে প্রবেশ করে। জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবল্ট খুলে ৬-৭ জন ডাকাত ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। প্রথমে তার ছেলে কলাপাড়ার স্যানিটারি ব্যবসায়ী মিয়া স্যানিটারির স্বত্বাধিকারী মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলাউদ্দীন মিয়া ও তার স্ত্রী আমেনা বেগমকে (চাঁদনি) হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানাপত্র তল্লাশি করে নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা, ১০ ভরির বেশি স্বর্ণালংকার ও পাঁচটি জমির দলিল লুটে নেয় ডাকাত দল।

ডাকাত দল প্রায় দুই ঘণ্টা ঘরে তাণ্ডব চালায় এবং ঘরে কোথায় কী আছে না বললে তাদের কুচি কুচি করে কেটে রেখে যাবে বলে হুমকি দেয় তারা।

আলাউদ্দিন আরও জানান, ডাকাতদের কথায় তিনি বুঝতে পারেন তাদের দলে ১৩ জন সদস্য। ছয়-সাতজন ঘরে ঢোকে, অন্যরা বাইরে পাহারায় ছিল।

ডাকাতির ঘটনা জানাজানি হলে তৎক্ষণাৎ কলাপাড়া টোল প্লাজা থেকে পটুয়াখালী টোল প্লাজায় অবহিত করলে সেখানে মোটরসাইকেলসহ একজন ডাকাত সদস্যকে আটক করা হয়। তাকে পরে থানায় সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, পটুয়াখালী টোল প্লাজায় আটক ডাকাত সদস্যকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।




পটুয়াখালীতে দুই ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী ব্যবসায়ী প্রণব চন্দ্র রায় এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটায় দিকে সদর উপজেলার ভূড়িয়া ইউনিয়নের ভায়লা বাজারে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে যায় শ্রী গুরু ফার্মেসী এবং রবিউল স্টোরের সব মালামাল। যাতে ঐ দুই ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।

শ্রী গুরু ফার্মেসীর মালিক ভুক্তভোগী প্রণব চন্দ্র রায় বলেন, রবিবার রাত নয়টার সময় আমার ফার্মেসীর ভেতরে মটরসাইকেল রেখে বাসায় যাই। পরে রাত সাড়ে বারোটার সময় স্থানীয় লোকজনের মুখে জানি আমার দোকানে আগুন লাগছে। এসময় দোকানের সামনে এসে দেখি ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে রাস্তার উপর দাড়িয়ে পানি দিতে হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তুু ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।

তিনি আরো বলেন, দোকানের যে জমি রয়েছে সেটা আমাদের জমি। বেশ কয়েক বছর ধরেই মানুষের চিকিৎসা দিয়ে আসছি। তবে কিভাবে আগুন লাগলো আর কারাই বা লাগালো কিছুই বুঝতে পারছি না। দোকানের মধ্যে থাকা ঔষধ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ প্রায় ৬ লক্ষ টাকা এবং বাসার কিছু স্বর্ণালংঙ্কার ছিলো যার কিছুই পাওয়া যায়নি। এক আগুন আমার সব কেড়ে নিলো।

মুদি মনোহারী দোকানী রবিউল স্টোরের মালিক সিদ্দিক হাওলাদার বলেন, জীবনের সবটুকু সঞ্চয় ছিলো এই দোকানকে ঘিড়ে কিন্তুু আগুন সবকিছু কেড়ে নিলো। এখন আর পরিবার নিয়ে চলার মত উপায় নাই। আল্লায় এর চাইতে আমারে নিয়ে গেলে ভাল হতো।

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ আসাদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

 




সাবেক বিচারপতি মানিকের জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ এক টাকা জরিমানা আদায়ের মাধ্যমে তাকে জামিন দেন।

 সিলেটের কানাইঘাট থানায় পুলিশের একটি মামলায় তাকে এই জামিন দেয়া হয়। পাসপোর্ট ও ভিসা ব্যতীত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।

২৩ আগস্ট কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতারের আগে বা পরে মারধরের শিকার হন মানিক। অসুস্থ হয়ে পড়ায় অস্ত্রোপচারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে অনেকটা সুস্থ হওয়ার পর তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। জামিনের পর তাকে সিলেট কারাগারে রাখা হয়েছে। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হবে। 

এই সাবেক বিচারপতির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে।

২৩ আগস্ট রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে ২৪ আগস্ট ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন। এরপর মানিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। 
 
সে সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেয়ার সময় কয়েকজনকে তার ওপর হামলার চেষ্টা চালাতেও দেখা যায়। এ সময়ই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন নাকি আটকের আগে আহত হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
 
পরে সাবেক বিচারপতি মানিক নিজেকে অসুস্থ দাবি করলে আদালত জেলকোড অনুসারে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশ দেন। এরপর সেদিন রাতে সিলেট কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হলে তার গুরুতর আঘাতপ্রাপ্ত অণ্ডকোষে জরুরি অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) একটি কেবিনে রাখা হয় তাকে। এরপর তার উন্নত চিকিৎসায় আট সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।



নববধূকে বাড়িতে এনেই পিটিয়ে হত্যা করলেন বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের দাবি পূরণ না করায় এক নববধূকে পিটিয়ে হত্যা করেছেন বর। ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক হিসেবে একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ও তিন লাখ রুপি না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এনডিটিভি বলছে, দুই বছর আগে আমরোহার বাসিন্দা মীনা নামের এক তরুণীকে বিয়ে করেন বাইখেদা গ্রামের তরুণ সুন্দর। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগেও কয়েকবার নববধূকে মারধর করেন স্বামী।




বাউফলে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে নিলয় ব্যাপারী (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওলিপুরা গ্রামে নিজ ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের ওলিপুরা গ্রামের তাপস ব্যাপারির একমাত্র সন্তান। তাপস ব্যাপারি স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থাকেন। নিহত শিশু দাদা-দাদীর সঙ্গে গ্রামে বসবাস করতো।

পুলিশ জানায়, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে কাদামাটি মাখামাখি করে ঘরে ফেরে শিশু নিলয়। এ কারণে তার দাদী তাকে বকাঝকা করেন। এরপর শিশুটিকে দোচালা টিনের ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শিশুটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।




যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। হত্যা মামলাটিতে যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুনও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজছাত্র ইমাম হাসান তাইম। তিনি নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার মা মোছা. পারভীন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেন ও পরিদর্শক জাকির হোসেন।

হত্যা মামলাটিতে আজ শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে বনানীর বাসা থেকে আটক করেছে বনানী থানা পুলিশ।




দ্রুত নির্বাচনের দাবি ‘সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কীভাবে বুঝবে তাঁরা নিরপেক্ষ?’

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায়, সেভাবে নিয়ে আসার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যাঁরা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কী করে বুঝবে যে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?’

আজ সোমবার ‘দ্বিকক্ষ পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালে জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক। যেকোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সে জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাঁদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত-আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান সংস্কার ও শাসনব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করেছে, তাদের ক্ষমা করা যাবে না। বিচার করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করা হবে, সেটা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তা কীভাবে টেকসই যায়, তা ভাবতে হবে। কারণ, অর্জন করলেও তা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেটা নিয়ে আলোচনার করা দরকার।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব সমর্থন করেন না বলে জানান এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশে এটা নিরাপত্তার জন্য উদ্বেগের। এখানে আইন পাস করা কঠিন হয়ে যাবে। তাই এটা পুনর্বিবেচনা করা দরকার।

এ সময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির।