গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় সন্ত্রাসী হামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ডাকুয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামে ঘটনাটি ঘটে।

হামলায় আহত সেনা সার্জেন্ট (অব:) এর নাম মো. মিজানুর রহমান। ঘটনার সময় তার স্ত্রী মাকসুদা বেগম হামলার শিকার হন।

আহত মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এক দল সন্ত্রাসী গভীর রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমান ২০১৩ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে বাড়িতেই বসবাস করছেন। পাশাপাশি এলাকায় ব্যবসা করেন। মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন সন্ত্রাসী হামলা করে।

মিজানুর রহমান বলেন, মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগর সহ কয়েকজন গভীর রাতে অনধিকার ঘরের ভেতর প্রবেশ করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর ও মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথায় ৬টি সেলাই লাগে। আঘাত গুরুতর ও মাথায় সেলাই লাগার বিষয়টি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।




বাউফলে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয় এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন প্যাকেটজাত খাবার বিক্রয়ের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কালিশুরি বন্দর ও নুরাইনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোহেব।

অভিযানে একটি সার বিক্রয় প্রতিষ্ঠান, কনফেকশনারি প্রতিষ্ঠান ও তিনটি ফার্মেসিকে প্রাথমিকভাবে সতর্কতা মূলক মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। অভিযান অব্যাহত থাকনে বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে।




বাউফলে সাবেক কাউন্সিলরসহ আটক তিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) ভোরে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাউফল পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন আকন (৫০), নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বি (২০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে ,গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী-সভা চলাকালে উল্লিখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জন ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এ সময় ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং সভাস্থলে ভাঙচুর করা হয় এবং নগদ টাকাসহ তাদের মালামাল লুট করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিকুল ইসলাম (আতিক) বলেন, বাউফল থানায় করা মামলায় আসামি হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে । আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের বাবা পলাশ।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। আমরা কিছু ভিডিও পেয়েছি, কীভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেখানে অলিতে-গলিতে ঢুকে গুলি করেছে। তিনি বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে সে বলে, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’ এ ঘটনায় তার বাবা পলাশ সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগে এ নিয়ে মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হলো। এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।




দুমকীতে গভীর রাতে আ.লীগের ৩ নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু।

মঙ্গলবার মধ্যরাতে নিজ নিজ বাসভবন থেকে তাদেরকে গ্রেফতার করে বাউফল ও দুমকী থানা পুলিশ।

হুমায়ুন কবির উপজেলার একটি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে।

মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে।

অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বাউফল থানায় একটি নাশকতার মামলা রয়েছে এবং আসামিদের কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, যেহেতু তাদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে, কোর্টে চালানের প্রক্রিয়া তারাই সম্পন্ন করবেন। আমরা শুধু সহযোগীতা করেছি।




দুই মামলায় ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নবাবগঞ্জ থানায় করা মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সোহেল মিয়া। আর দোহার থানার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সাব-ইন্সপেক্টর ওমর ফারুক। সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক নবাবগঞ্জ থানার মামলায় ৪ দিন এবং দোহার থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নবাবগঞ্জ থানায় করা মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সোহেল মিয়া। আর দোহার থানার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সাব-ইন্সপেক্টর ওমর ফারুক। সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক নবাবগঞ্জ থানার মামলায় ৪ দিন এবং দোহার থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে ও ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।




মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা বহাল প্রবাসীর

পটুয়াখালী প্রতিনিধি :: মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা পাওয়া বাংলাদেশি প্রবাসীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আপিল আদালত। মঙ্গলবার এক রায়ে তার সাজা অপরিবর্তিত রাখার আদেশ দেন আদালত।

বিচারপতি দাতুক ওয়াজির আলম মাইদিন মীরার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে বলেছে দোষী সাব্যস্ত করা আসামিকে ছাড় দেওয়া প্রতিটি মামলার নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।

বেঞ্চের অন্য সদস্যদের মধ্যে ছিলেন দাতুক আহমেদ জাইদি ইব্রাহিম এবং দাতুক এসএম কোমাথি সুপ্পিয়া।

নিউস্ট্রিট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আপিল আদালত বাংলাদেশি মো. শাহজাদা সাজুর মামলায় এ রায় দিয়েছেন, যিনি ৬ বছর আগে তার স্ত্রী সাজেদা-ই বুলবুলকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে লাগেজের মধ্যে ভরে ডোবায় ফেলে আসেন।

২০২২ সালের মে মাসে হাইকোর্ট প্রসিকিউশনের মামলার শেষে সাজুকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আহমেদ জাইদির দ্বারা প্রস্তুত করা একটি লিখিত রায়ে, আদালত বলেছে এই মামলাটির ক্ষেত্রে বর্বরতা ও নৃশংসতার যে দৃষ্টান্ত অভিযুক্ত তৈরি করেছে তাতে মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় সাজা বহাল রাখা হয়।

রায়ে আরও বলা হয়, একজন অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ছাড় বা ক্রেডিট দেওয়া হবে কিনা তা প্রতিটি মামলার ঘটনা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।

সাজেদা-ই বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালতপাড়ার মো. আনিস হাওলাদারের মেয়ে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএম পাশ করেন। বিয়ের পর ২০১৬ সালের ৩ ডিসেম্বর স্বামীর সঙ্গে মালয়েশিয়া যান তিনি।

সেখানে যাওয়ার পর স্বামীর অন্য চেহারা দেখতে পান। শাহজাদা নিজে প্রতিষ্ঠিত হলেও স্ত্রীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে দেননি। নিয়মিত করতেন নির্যাতন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৫ জুলাই সাজেদাকে হত্যা করেন শাহজাদা। অপরাধ গোপন করতে স্ত্রীর লাশ টুকরো টুকরো করে কেটে লাগেজে ভরে সুংগাই কালাং (জালান ইপুহ) এলাকায় এক ডোবায় ফেলে গা ঢাকা দেন।

দুই লাগেজে ভর্তি সাজেদার আট টুকরা মৃতদেহ প্রথমে দেখতে পান একজন ভবঘুরে ব্যক্তি। তিনি পুলিশে খবর দিলে এই নৃশংস ঘটনাটি সামনে আসে।

পুলিশ শাহজাদাকে ২০১৮ সালের ২৫ জুলাই দেশটির জোহর রাজ্যের পেঙ্গেরং থেকে গ্রেফতার করে।




সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস :: ২০১৪ সালে বরিশাল সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র দখল, বোমার বিস্ফোরন ঘটানোসহ ব্যালটে সিল পিটিয়ে নৈরাজ্যে সৃষ্টির ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং রিটানিং কর্মকর্তাসহ আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দিনগত গভীর রাতে কোতয়ালী মডেল থানায় মামলা করেনপ্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক। মামলার বিষয়টি মঙ্গলবার স্বীকার করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি বলেন, একটি মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও নামধারী অপর আসামীরা হলেন তার চাচাতো ভাই ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আক্তার হোসেন আকেজ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আবুয়াল হোসেন অরুন ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা এবং বর্তমানে কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা মো. দুলাল তালুকদার। মামলায় অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী মনিরুজ্জামান জামাল অভিযোগ করেন, ২০১৪ সালের উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু। এছাড়াও নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাচাতো বাই সাইদুর রহমান রিন্টু। তাই অবৈধ প্রভাব বিস্তার করে নির্বাচনী এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। তারা বিএনপি মনোনীত চেয়ারম্যান-ভাইস-চেরয়াম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা জখমের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়। পরে উপজেলায় রিন্টুর প্রতিটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠিয়ে দিয়ে ভোট ডাকাতি করে।

ভোটের পূর্বে যে ভোটারের জানাজা নামাজ আদায় করেন প্রার্থী রিন্টু। সেই ভোটারের ভোট কেন্দ্রে শতভাগ ভোট গ্রহন দেখানো হয়েছে। রির্টানিং কর্মকর্তা দুলাল তালুকদারের সাথে সভা করে ৩০ টি কেন্দ্রে বোমা ও অস্ত্রের ব্যবহার করে ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করেছে।

দেশে মামলা করার পরিবেশ না থাকায় এতদিন মামলা করা হয়নি। বর্তমানে আইনের শাসন ও জীবনের নিশ্চয়তা তাকায় ন্যায় বিচার পেতে মামলা করা হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন




সাবেক হুইপ মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউস সানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আশুলিয়া থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ড আবেদন করেন।

এর আগে গতকাল সোমবার রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে গিনিকে আদালতে হাজির করে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়।

গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।



নবাগত ওসির সাথে গলাচিপা প্রেসক্লাব সাংবাদিকদের মত বিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা নবাগত ওসি আসাদুর রহমান সঙ্গে গলাচিপা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আসাদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্জ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন-দৈনিক যুগান্তর পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক কালের ছবির গলাচিপা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুর রহমান এলিট, আমাদের সময় পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মনতাসির মামুন, ঢাকা প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি কমল সরকার , দৈনিক যায় যায় দিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন, দৈনিক আমাদের অর্থনিতি পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, মাই টিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী, ৭১ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি শাকিব হাসান, বিজয় টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসানুল হক জিকু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি বিনয় কর্মকার, দৈনিক নিউনেশন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জীব সাহা, সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ।