বাউফলে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বগি তুলতলা এলাকায় জেলেদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ৫ অক্টোবর বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে দুই নম্বর আসামি করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী বলে জানা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।




পটুয়াখালী জেলায় সেনাবাহিনীর প্রয়োজনীয় মুঠোফোন নম্বর সংশোধিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী এলাকার সেনাবাহিনীর প্রয়োজনীয় মোবাইল নাম্বারসমূহ (৮ আগস্ট ২০২৪ এ সংশোধিত) হয়েছে। একটি অফিসিয়াল সুত্রে এ তথ্য পাওয়া গেছে।

দর উপজেলা

১। কন্ট্রোল: 01769073127
২। মেজর সাব্বির: 01769073120
৩। মেজর ফয়সাল: 01769072358
৪। ক্যাপ্টেন রিমান: 01769073122

বাউফল ও দুমকী উপজেলা

১। ক্যাপ্টেন শাইয়েন: 01769072360

২। লেঃ শাহরিয়ার : 01769078263

কলাপাড়া ক্যাম্প

১। ক্যাম্প কমান্ডার : 01769072388

২। ক্যাম্প টুআইসি: 01769072397

৩। কন্ট্রোল :01769072396

কুয়াকাটা ক্যাম্প

১। ক্যাম্প কমান্ডার:01769072399
২। কন্ট্রোল : 01769078038

গলাচিপা ও দশমিনা

১। ক্যাম্প কমান্ডার : 01769008970
২। কন্ট্রোল :01769078034

রাঙাবালি

১। লে: ফিরোজ (BD Navy): 01769763862

প্রসঙ্গত: উপরোক্ত তথ্য এবং সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দগনের মুঠোফোন নম্বর পটুয়াখালী জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত সুত্রে সংবাদে প্রকাশ করা হয়েছে।




ফের রিমান্ডে পলক, সালমানসহ আ. লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আবারও রিমান্ডে পাঠানো হয়েছে দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তোলা হলে তিনি রিমান্ডের এই আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে ৭ দিন ও ৫ দিন, জুনায়েদ আহমেদ পলককে ৭ দিন ও ৫ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট।

অপরদিকে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হকসহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত।

এ ছাড়াও, মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে।




ইনু-বাহাউদ্দিন নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা-৮ আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে।

বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে– যেসব হিসাব স্থগিত করা হয়েছে, তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনের সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আর হাসানুল হক ইনু এখন কারাগারে বন্দি আছেন।




মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

অভিযানটি পরিচালিত হয় ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে। যৌথ টহল দল, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়।

দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তাঁর বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ।

জুয়েল মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান মাদক ব্যবসা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মির্জাগঞ্জের মতো শান্তিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই তৎপরতা সমাজে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।




এস আলম পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন-সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।

দুদক কর্মকর্তা মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এদিকে আওয়ামী লীগে সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এছাড়াও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।




দুর্গাপূজায় থাকবে তিন ধাপে নিরাপত্তা : আইজিপি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সারাদেশে কম-বেশি সাড়ে ৩১ হাজার মণ্ডপে পূজা উদযাপন করা হবে। এসব মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ময়নুল ইসলাম বলেন, সংখ্যাটা কম বেশি হতে পারে, এবার প্রায় সাড়ে ৩১ হাজার মণ্ডপে পূজা উদযাপন হবে। এসব পূজা মণ্ডপে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতোমধ্যে আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সব পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন আছে তারাও পূজার দায়িত্ব পালন করবেন। আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সবসময় কাছাকাছি দূরত্বে থাকবে। আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার রয়েছে তারাও কাজ করছে। এতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতার সুযোগ নেই।

তিনি আরো বলেন, ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে।




সামিটের আজিজসহ পরিবারের ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিসাব স্থ‌গিত করা ব্যক্তি ও তাদের মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

ব‌্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হ‌লেন: মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খান।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবসহ খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে হবে।

চিঠিতে জব্দ করা ব‌্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। এছাড়া আমদানি বা রফতানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রফতানির বিলের বিস্তারিত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।




বসুন্ধরার আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা’র কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যদের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রবিবার (৬ অক্টোবর) দেশের ব্যাংকগুলোয় বসুন্ধরা গ্রুপের আট পরিচালকের ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখার নির্দেশনার চিঠি পৌঁছায়।

ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, এই আট জনের নামে একক মালিকানাধীন কোনও প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ।

এছাড়া বসুন্ধরা গ্রুপের পরিচালকদের ও তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রফতানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।




বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ আট জনের ব্যাংক হিসাব জব্দ : বিএফআইইউ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাঁদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের সবার ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করতে রোববার সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে।

ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, এই ৮ জনের নামে একক মালিকানাধীন কোনও প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও ১ মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ।

এছাড়া বসুন্ধরা গ্রুপের পরিচালকদের ও তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রফতানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।