নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীতে চার জেলে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজার মিটার জালও জব্দ করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহাঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন তারা মাছ ধরার চেষ্টা করেন।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজননের সময় নদীতে মাছ শিকার, আহরণ, মজুত এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে আটক চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা এবং ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় মাছ ব্যবসায়ী জুয়েল পালিয়ে গেলেও তার গদি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ চরঘূর্ণী ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়।

নৌ-পুলিশ জানিয়েছে, এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।




বাউফলে শিক্ষকের ঘর ভাঙচুর: দুই দিনেও মামলা নেয়নি পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে এক শিক্ষক হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ মামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠি গ্রামে আলমগীর হোসেন মাষ্টার (৫৮) নামে ওই শিক্ষকের বসতঘরে এই ঘটনা ঘটে। ঘটনার রাতে ভুক্তভোগী শিক্ষক বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আলমগীর স্থানীয় তাঁতেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তিনি ভাতিজা করিম শাহ (৩২) ও কাওসার শাহ (২৮) এবং ১০-১২ জন অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে তার বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীরের বড় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন, তিনি তার ভোগদখলকৃত জমিতে নতুন রান্নাঘর নির্মাণের কাজ শুরু করেন, যা পূর্ববিরোধের জেরে হামলাকারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। হামলাকারীরা নির্মাণাধীন ঘর ভাঙচুর করার পাশাপাশি আলমগীরের বসতঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

হামলার সময় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা অভিযোগের প্রাথমিক তদন্ত করেছেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য আলোচনা চলছিল। অভিযুক্তরা দাবি করেছেন, জমির বিরোধের কারণে তারা এ কাজ করেছেন।

এদিকে, শিক্ষক আলমগীরের পরিবার পুলিশি সহযোগিতা আশা করছেন, তবে এখনও মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন।




ডিজিএফআই’র নতুন প্রধান: মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে এই পরিবর্তন আনা হয়। বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া, ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকেও লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক এর জিওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।

মেজর জেনারেল ফয়জুর রহমানকে ১২ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিজিএফআই’র মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন।




পিরোজপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরে ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম খান (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার রাতে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং তার সহযোগীরা আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রেজাউল আদালতে উপস্থিত ছিলেন না।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম খানকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।




টানা ৪দিন ছুটির পর আজ খুলল অফিস-আদালত

চন্দ্রদ্বীপ নিউজ : পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিন বন্ধ ছিল সরকারি অফিস-আদালত। ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত সময়ে খুলতে শুরু করেছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

সরকারি ছুটির ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

এদিকে দুর্গাপূজা, ফাতেহা ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হয়েছে ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় বুধবার (৯ অক্টোবর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২০ অক্টোবর)। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।




তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনার তালতলীতে পায়রা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সাত জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে রাতভর নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে ওই সাত জেলেকে আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, “ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।” এ সময় দেশের কোথাও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ, যা দণ্ডনীয় অপরাধ।

নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করছিলেন। এমন সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ পায়রা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে ৩ মণ মা ইলিশ, পাঁচটি মশারি জাল, ১৬টি কারেন্ট জালসহ (আট হাজার মিটার), এবং দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “প্রথমবারের মতো মুচলেকা রেখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সাত জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”




পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর শারীরিক নির্যাতনের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মো. আল আমিন হাওলাদারের বিরুদ্ধে তার স্ত্রী জুঁইকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জুঁইয়ের মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর জুঁই জানান, “বিয়ের আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর থেকেই আল আমিন আমাকে প্রতারণা ও নির্যাতনের শিকার করছেন।”

এ ঘটনায় মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তিনি বলেন, “যদি অভিযোগ আসে, তবে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

এ ঘটনার পর এলাকাবাসী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং সবাই আশা প্রকাশ করেছেন যে, এই ঘটনায় যথাযথ বিচার হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।




দুই মাসেও পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ, জননিরাপত্তা ঝুঁকিতে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সারাদেশে পুলিশি কার্যক্রমে ধীরগতি ও জনবল সংকটের কারণে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানীর থানাগুলোর অনেকগুলোতেই এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। একাধিক থানায় কর্মকর্তা সংকট এবং তাদের ঢিলেঢালা মনোভাবের কারণে সেবাপ্রার্থীদের উপস্থিতি কমেছে।

অনেক থানায় একজন কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করছেন, অথচ পুলিশ পুরোপুরি সক্রিয় না হওয়ায় নগরবাসী নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। মিরপুর ও মোহাম্মদপুর থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায়ও কার্যক্রমের ধীরগতি লক্ষ্য করা গেছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পূর্বের মতো স্থিতিশীল নয় বলে মনে করছেন বাসিন্দারা। পুলিশের টহল কার্যক্রম শুরু হলেও তা আগের তুলনায় কম, এবং থানা পর্যায়ে নতুন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অভাব রয়েছে।

ডিএমপি মুখপাত্রের মতে, অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে ভয়, আতঙ্ক ও আস্থাহীনতা পুলিশের পূর্ণ কার্যক্রমে ফেরার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।




শেখ হাসিনার ‘ট্রাভেল ডকুমেন্ট’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই।

কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে উঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার।

ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।’

পূজা উদযাপনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা আশাবাদী যে বাকি দিনগুলোতেও কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে।




পটুয়াখালীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং পূর্ব সুবিদখালী গ্রামের হারুন রাঢ়ীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

ক্যাপ্টেন নিশাত জানান, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সূত্রে তথ্য পেয়ে জানা যায়, তার বাড়িতে ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। এ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইফুলকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।