দুমকিতে বাল্যবিবাহে কনের বাবাসহ দু’জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলগী গ্রামের রুহুল আমিন সিকদার (৫৫) এবং তাসলিমা বেগম (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পক্ষ পালিয়ে যায়।

নবম শ্রেণির ছাত্রী রুমানা আক্তারের বয়স গোপন করে বিয়ে দেওয়ার সময় স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা ও একজন সহযোগীকে আটক করে। কনের বরের নাম মোঃ রিপন হাওলাদার এবং তার ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। এ সময় পুলিশের সহযোগিতায় ইউএনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে, তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।




সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ এ রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি।

গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এসময় কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু ১৭ অক্টোবর

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, আগামীকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে, গতকাল সোমবার হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হওয়া মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া প্রসিকিউশন টিমের অপর পাচ প্রসিকিউটররা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম বরাবর হত্যা, গণহত্যা, গুম-খুনের অর্ধশত অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বিচারক নিয়োগ হওয়ামাত্র ট্রাইব্যুনাল ফাংশনাল (কার্যকর) হবে। ট্রাইব্যুনাল ফাংশনাল হওয়া মাত্র আমরা গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশ যাওয়া বন্ধ করা, তথ্য-উপাত্ত জব্দ করার জন্য আদেশ চাইব। আসামিদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে। সে ব্যাপারে ট্রাইব্যুনাল থেকে আদেশ আসবে।

২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল বহাল রাখা হয়। ফলে একটি ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য চলমান রয়েছে।




সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফারুক খান একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন। ফারুক খান আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

 




দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে এক আইনজীবী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি ১০ দিনের মধ্যে পাইকারি বাজারে পণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করা, সিন্ডিকেট ভেঙে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।

নোটিশে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পণ্যের দাম ক্রমেই বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

আইনজীবী নাদিম মাহমুদ বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধ ও বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অধীনে পর্যাপ্ত অভিযান পরিচালনা এবং সিন্ডিকেট ভেঙে দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।

সর্বশেষ সংসদে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে চাকরিজীবন শেষ করেন।




যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যৌথ বাহিনীর চলমান অভিযানে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

এছাড়া, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম শিগগিরই শুরু হবে। সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। আসিফ নজরুল বলেন, ‘আমরা হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি।’ নতুন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

আইন উপদেষ্টা জানান, ‘এর মাধ্যমে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচার কাজ শুরু করার ব্যাপারে একটি বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি খুব শিগগির বিচার কাজ শুরু হয়ে যাবে।’ তিনি উল্লেখ করেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে এক হাজারেরও বেশি মানুষ হত্যা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করা হয়েছে। এই অপরাধের বিচারের জন্য এটি একটি শক্তিশালী ফোরাম।’

এছাড়া, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারা দেশের অধস্তন আদালতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।




সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

জুলাই-অগাস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার হলেন। তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে আর দেখা যাননি।




বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি মো. আনোয়ার হোসেনকে শিশু ধর্ষণের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ (সোমবার) উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান মিল্টন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে আনোয়ার হোসেনের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির একটি শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করছিলেন। সর্বশেষ, তিনি গত বুধবার ওই শিশুকে একটি দোকানে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করেন। এই ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে তার মাকে এ ব্যাপারে জানায়। মা শিশুকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধর্ষিত শিশুর মা অভিযোগ করেন, ঘটনার প্রকাশ পেলে ধর্ষকের পক্ষ থেকে তাদেরকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। পরে পুলিশ বিষয়টি জানার পর শিশু ও তার মাকে থানায় আসতে বলে এবং রবিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়।

এদিকে, একটি সূত্রে থেকে জানা গেছে, ধর্ষকের পক্ষ থেকে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ‘ধর্ষণের চেষ্টা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।