ডিবি হারুনের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ সোমবার সিআইসি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়, যাতে পুনরায় আদেশ না আসা পর্যন্ত তাঁর হিসাব জব্দ রাখা হয়।

হারুন অর রশীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, মা, দুই ভাই এবং শ্বশুরসহ আত্মীয়। এনবিআর সূত্রে জানা গেছে, তাঁদের কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে এবং সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। যদি কর ফাঁকির প্রমাণ মেলে, তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া দেশের শীর্ষ ছয় ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে নামা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহানসহ অন্য ব্যবসায়ীরা।




বসুন্ধরা গ্রুপের এমডিসহ পরিবারের ৮ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ তাঁর পরিবারের আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তাঁর স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীর ও তাঁর স্ত্রী সাবরিনা সোবহান, আরেক ছেলে সাদাত সোবহান ও তাঁর স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান এবং আরও দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

এ জন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। তাঁরা দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এ জন্য তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আদালতকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন।




সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যু: বঙ্গভবনের বিবৃতি

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে নতুন করে বিতর্ক সৃস্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস রিলিজে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃস্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পস্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের গত ০৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ০৮ আগস্ট, ২০২৪ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মতামত চাওয়ার প্রেক্ষিতে আপীল বিভাগ এই মতামত দিয়েছিলেন।
মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃস্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সকলের প্রতি আহ্বান জানান।




হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।




বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৫ আসামি জেল হাজতে প্রেরণ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশাল মহানগরীতে স্বামীকে নিয়ে আবাসিক হোটেলে রাত্রিযাপনের সময় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উজিরপুরের শাহিন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু চাপরাশী এবং জাহিদ হাওলাদার।

এ ঘটনার সূত্রপাত হয় গৃহবধূর স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে। পরে তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। বরিশাল বিমান বন্দর থানার ওসি জাঁকির শিকদার জানান, গৃহবধূ ও তার স্বামী অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে বাসা থেকে এবং হোটেল বয় জাহিদকে গ্রেপ্তার করে।

ধর্ষিতা গৃহবধূকে শের-এ-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পুলিশের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে। মহানগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা মামলাটির তদন্ত তত্ত্বাবধান করছেন।




বরিশালে ৭ কোটি টাকার জাল জব্দ, ১২৯ জেলের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালে মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে নদ-নদীতে মাছ শিকার করার দায়ে ১২৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ৭ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০০ টাকার মূল্যের ৩৮ লাখ ৭৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং ১১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত সাত দিনে পরিচালিত এসব অভিযানে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ৮৩৪টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ২৭০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ৩১১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ সময় বরিশাল বিভাগের ১৬৮টি মৎস্য অবতরণকেন্দ্র, ১ হাজার ২৬৫টি মাছঘাট, ২ হাজার ৩৪১টি আড়ত ও ১ হাজার ৩৭০টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ৫ হাজার ২০০ টাকা আয় হয়েছে।

এছাড়া, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।




বরিশালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের কোতোয়ালি মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, দুই সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানও আসামি হয়েছেন। রোববার (২০ অক্টোবর) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এই মামলা করেন।

বাদী জিয়াউদ্দিন সিকদার জানান, প্রথমে থানায় অভিযোগ জমা দেওয়া হলেও কিছু ভুল-ভ্রান্তির কারণে মামলা হয়নি। পরে তিনি আদালতে আবেদন করেন, যেখানে বিচারক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করে মামলা দায়েরের নির্দেশ দেন। এরপর চলতি মাসের দ্বিতীয় দফায় থানায় অভিযোগ জমা দেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে রোববার মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং আরো ৫০৩ জনকে নামধারী ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডার হিসেবে কাজ করছে। সাধারণ মানুষের প্রতিবাদের ওপর হামলার উদ্দেশ্যে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ১৯ জুলাই নগরের সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শোক র‌্যালির সময় আসামিরা সশস্ত্র অবস্থায় বিস্ফোরক দ্রব্য ও ককটেল ব্যবহার করে হামলা চালান।

আসামিরা হত্যার উদ্দেশ্যে পিস্তল, শটগান ও রিভলভার দিয়ে গুলি করে, এবং বাদীর কাছ থেকে লাইসেন্সকৃত পিস্তল ও প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ও তার সহযোগীদের গুরুতর জখম করে।

 




সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে।

রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ইমরান আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।




পটুয়াখালীর ডাকাত বাহিনীর প্রধান জুয়েল গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি ও বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান মো. জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল মৃধা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো. ইউনুস মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান এবং এ বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান হোসেন জানিয়েছেন, গত ৪ আগস্ট কুয়াকাটার আবাসিক হোটেল মালিক মো. রনি মিয়ার বাসায় ডাকাতি করে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন রনি মিয়া। তদন্তে জুয়েল মৃধাকে শনাক্ত করার পর আজ তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।




বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে

চন্দ্রদ্বীপ নিউজ: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। ফলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবী। এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে।

রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে দীর্ঘ আট বছর পর নিষ্পত্তি হলো গুরুত্বপূর্ণ এ রিভিউ আপিলের।
বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির দিন গত ১৫ আগস্ট আজকের দিন ধার্য করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে বেশ কয়েকবার সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন কার্যতালিকায় এলেও শুনানি হয়নি।