আজ থেকে শুরু শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান।
এই উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে উৎসবটি। উৎসব শেষ হবে আগামী ৫ জুলাই বিকেল ৩টায় উল্টোরথের শোভাযাত্রার মাধ্যমে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব হচ্ছেন জগতের নাথ বা ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ ঘটে এবং তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি স্থাপন করে তা নিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকায় ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু হচ্ছে স্বামীবাগ আশ্রম। আজ সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকেল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করা হয়।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, ঢাকায় রথযাত্রার শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার ও দোয়েল চত্বর হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। ৫ জুলাই উল্টোরথে একই রুটে রথ ফিরিয়ে আনা হবে।
উৎসব উপলক্ষে ঢাকায় আরও কয়েকটি স্থানে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরান ঢাকার জগন্নাথ জিউ ঠাকুর মন্দির (তাঁতীবাজার), রামসীতা মন্দির (জয়কালী রোড) এবং একনাম কমিটি (শাঁখারীবাজার) সহ বিভিন্ন মন্দির।
নয়দিনব্যাপী রথযাত্রা উৎসবে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ধর্মীয় নাটক ও চলচ্চিত্র প্রদর্শন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি।
উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ধর্ম-বর্ণ নির্বিশেষে রথযাত্রাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।








