জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

হিজরি ১৪৪৫ সনের জমাদিউস সানি মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সযোগে তথ্য পাঠাতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি




হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ছে

হজের নিবন্ধনের সময় আরও ২১ দিন বাড়ানো হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় বাড়িয়ে রোববার (১০ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

আগামী বছর (২০২৪ সাল) হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা রোববার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত সব হজযাত্রী নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ নিবন্ধনের ক্রমিক ৯১০০৯৬।

কিন্তু শনিবার পর্যন্ত পাঁচ শতাংশ হজযাত্রীও নিবন্ধিত হয়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম শনিবার বলেন, ‘হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। রোববার এ বিষয়ে নোটিশ জারি করা হবে।’

তিনি বলেন, ‘এরপর হয়তো আমাদের আর নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব হবে না। ওই সময় পর্যন্ত যারা নিবন্ধন করবেন, তারাই এবার হজ পালন করতে পারবেন।’




ব‌রিশালে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার অডিশন

 বরিশাল অফিস:: কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর বরিশাল বিভাগের অডিশন শুরু হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে বরিশাল নগরের লুৎফুর রহমান সড়কের লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’ এর বরিশাল বিভাগের এই অডিশন পর্ব চলবে বৃহস্পতিবার সারাদিন।

লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ আয়োজন কুরআনের একটি বড় খেদমত। এ আয়োজনে বরিশাল বিভাগের হাফেজরা খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখে এই কামনা করছি।

সরেজমিনে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদ্রাসা প্রাঙ্গণে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।

বরিশাল বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইন বলেন, ১৬ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার বরিশাল পর্বে সাড়ে ৫ শতাধিক কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে বলে আশা করছি। তিনি আরও বলেন,বরিশাল অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে রয়েছেন মেয়র হানিফ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী ইমরান নুরুদ্দীনসহ আট জন।

অডিশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত হাফেজরা বাংলানিউজকে জানায়, এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরেই তারা খুশি, তারপরও সকলেই আশা করছে চূড়ান্ত পর্বে গিয়ে বিজয়ের মুকুট নিয়ে আসতে পারবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।

বসুন্ধরা গ্রুপের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার এবারের অডিশন শুরু হয় গত ২৪ ডিসেম্বর সিলেট থেকে। এরপর ২৬ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রাম, ২৮ নভেম্বর কুমিল্লা, ১ ডিসেম্বর ময়মনসিংহ, ৩ ডিসেম্বর রংপুর, ৫ ডিসেম্বর রাজশাহী, ৭ ডিসেম্বর খুলনা, ৯ ডিসেম্বর বরিশাল, ১১ ডিসেম্বর ফরিদপুর, ১৩ ডিসেম্বর ঢাকা উত্তর ও ১৪ ডিসেম্বর ঢাকা দক্ষিণের মধ্যে দিয়ে প্রাথমিক পর্যায়ের অডিশন পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।




পুরোনো ব্রাশ ফেলে না দিয়ে যেসব কাজে লাগাতে পারেন




৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি। এ নিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসে জনবল চাহিদা পাঠানো হয়। সেখানে ৩ হাজার ১০০ পদের কথা উল্লেখ ছিল। তবে বৃহস্পতিবার সকালে পিএসসির এক সভায় ৪০টি ক্যাডার পদ বাড়ানো হয়। এতে মোট ৩ হাজার ১৪০টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।




১০ বছরের মধ্যে সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সর্বশেষ দশটি বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ রেখে আজ প্রকাশ করা হচ্ছে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। আজ (বৃহস্পতিবার) এ বিসিএসের মাধ্যমে ৩ হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে প্রাথমিকভাবে কিছু পদ চূড়ান্ত করা গেলেও পরবর্তী সময়ে সেটি বাড়ানো হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।



অধিবাসের মধ্য দিয়ে কুয়াকাটায় দুদিনব্যাপী রাস পূজা শুরু

 বরিশাল অফিস:  সাগরকন্যা কুয়াকাটায় আজ থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। টানা দুই দিনব্যাপী রাসমেলা আজ রোববার (২৬ নভেম্বর) অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে সোমবার (২৭ নভেম্বর) ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছেন রাস পূজা ও মেলা আয়োজক কমিটি। ইতোমধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান এবং রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রাসমেলা আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে।

উৎসব ঘুরে দেখা গেছে, রাস উৎসবকে সামনে রেখে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে প্রতিমায় রং তুলির আঁচরে ভিন্নতা পেয়েছে প্রতিমাগুলো। মেলায় অংশগ্রহণ করতে ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ভাসমান দোকানিরা কুয়াকাটায় আসছে।

বিগত বছরে এ মেলায় বিভিন্ন ধর্ম বর্ণের প্রায় লক্ষাধিক লোকের সমাগম হত। মাঝে দুই বছর করোনা আর এবার যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এ নিয়ে অস্বস্তি বিরাজমান আয়োজকদের মধ্যে। আয়োজকদের কমতি নেই ভক্তবৃন্দকে বরণ করতে, তবে শঙ্কাও কাজ করছে হরতাল আর অবরোধের কারণে উপস্থিতি নিয়ে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গাস্নান ও রাসমেলা উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পটুয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা দফায় দফায় মেলা উদযাপন কমিটি ইতোমধ্যে বৈঠক করেছেন। ব্যাপক সংখ্যক আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশের পাশাপাশি নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো নাশকতা রোধে আনসার, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে।

অপরদিকে গঙ্গাস্নান ও রাসমেলায় আগত হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগমকে সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে হোটেল মোটেল ও পর্যটনমুখী ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পরিচালক ও পুরোহিত ব্রহ্মচারী শিশির মহারাজ জানান, আগত হাজার হাজার পুণ্যার্থীদের সমন্বয়ে রোববার শ্রী কৃষ্ণের মহা নামযজ্ঞের মধ্য দিয়ে এ রাস পূজা আরম্ভ হবে এবং ২৭ নভেম্বর (সোমবার) বিকেলে শ্রী কৃষ্ণের নামযজ্ঞ শেষে স্নানের মধ্যে দিয়ে রাস পূজা শেষ হবে।

তিনি আরও বলেন, রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। প্রচলিত বিশ্বাসের জায়গা থেকে তারা মনে করে বঙ্গোপসাগরে জোয়ারের স্নানের মধ্যে দিয়ে জাগতিক পাপ মোচন হয়ে থাকে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের বরণ করতে তারা প্রস্তুত রয়েছেন। পর্যটকরা হোটেলে রাত্রি যাপনে ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাবে। অতিরিক্ত দর্শনার্থীদের চাপকে পুঁজি করে কোনো হোটেল মালিক যাতে ফায়দা লুটতে না পারে সেদিকে নজর রাখা হবে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, যুগ যুগ ধরে চলে আসা এ ধর্মীয় উৎসবকে সুষ্ঠু ও সুচারুভাবে শেষ করার জন্য যা যা করার তা করব। কুয়াকাটার দর্শনীয় স্পটগুলো ও মন্দিরের আশপাশে আমরা নিরাপত্তার বলয় তৈরি করব।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, রাসমেলা উপলক্ষে আগত পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি এবং প্রশাসনও সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাসমেলা ও রাসপূর্ণিমা উপলক্ষে আগত ভক্তবৃন্দকে নিরাপত্তা দিতে সব প্রস্তুতি সম্পন্ন। কয়েকটি ভাগে ভাগ হয়ে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে।




মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল

এস এল টি তুহিন,বরিশাল : আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল।

গত বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় এ মাহফিল।যা শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখো মুসল্লিদের এ মিলনমেলা।

সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই।

সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।

আখেরি মোনাজাতে চরমোনাই পীর ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।




চরমোনাই দরবারের তিনদিনব্যাপী মাহফিল শুরু: ‘দুনিয়া হলো মাকাল ফলের মত’ : উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই

এস এল টি তুহিন, বরিশাল : আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দুনিয়া হলো মাকাল ফলের মত। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পাগল হয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করা যাবেনা। দুনিয়ার সকল মানুষই পাগল। কেউ পদ-পদবীর জন্য পাগল, কেউ এমপি-মন্ত্রী হওয়ার পাগল, কিন্তু একদল আছে মাওলা পাকের পাগল। চরমোনাই মাহফিল মূলত মানুষকে মাওলা পাকের পাগল বানিয়ে ছেড়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে দ্বীনের পাগল হয়ে যায়। এজন্য আমাদের সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সবাইকে চিন্তা করতে হবে। মুরাকাবা করতে হবে। দুনিয়ার সকল মানুষ এমনকি রাজা-বাদশা এবং রাস্তার ফকির সবাই বিবস্ত্র অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। আবার দুনিয়ার সফর শেষে কবর পথেও একই অবস্থা তথা তিন টুকরা সাদা কাপড় নিয়েই বিদায় নিতে হবে। দুনিয়ায় ভাগ্যক্রমে কেউ ধনবান হয়ে চিরস্থায়ী জগতে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হওয়া যাবেনা। দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে চিরস্থায়ী জগতের সামান জোগাড় করতে হবে।

পীর সাহেব চরমোনাই মাহফিলে আগত নতুনদের উদ্দেশ্যে বলেন, চরমোনাইতে এসে নিয়তকে পরিবর্তন করে ৩দিন বয়ান শুনে মনের অবস্থা পরিবর্তন করতে হবে। দিলের মধ্য থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্ততি নিতে হবে। এক মূহুর্তও যেন নেক আমলের বাহিরে না কাটে। মনে রাখতে হবে, চরমোনাই মাহফিল প্রতিষ্ঠাই করা হয়েছে মানুষের দিলের অবস্থা পরিবর্তন করে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। সুতরাং সে উদ্দেশ্য সাধনের জন্যই এই বিশাল আয়োজন।

তিনি আরো বলেন, চরমোনাইতে লোক ভারি করার দরকার নেই। যারা চরমোনাইর লেবেল ব্যবহার করে দুনিয়াবী উদ্দেশ্য হাসিল করতে চায় তারা মূলত চরমোনাইর মুরীদ নয়, বরং এরা ধান্দাবাজ। কেউ নির্বাচন এলে দুনিয়াবী নেতা-নেত্রীদের খুশী করার জন্য বলে যে, এই দুইমাস আমি চরমোনাইর মুরিদ না। এরা মূলত এই দরবারকে হাসি-তামাশার খোড়াক বানাতে চায়। এদের চরমোনাইর মুরিদ হওয়ার কোন প্রয়োজন নেই।

পীর সাহেব চরমোনাই এসব নামধারী মুরীদদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বুধবার (২২ নভেম্বার) বাদ জোহর ও বাদ মাগরীব ঐতিহাসিক চরমোনাই ময়দানে ১০০তম বার্ষিক অগ্রহায়ণ মাহফিলের উদ্বোধনী বয়ানে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন। মাহফিলের দোকান-পাট ব্যবাসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। অনৈতিক কোনপ্রকার দ্রব্য কেনা-বেচা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে মাহফিলের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়া প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দদের ধন্যবাদ জানান।

মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত এক বিশাল বাহিনী চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাইতে এসে পৌঁছেছেন। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্বে আলাদাভাবে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল্লীদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক ৫টি এ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মাহফিলের ২য় দিন সকাল ১০টায় স্টেজে জাতীয় ওলামা সম্মেলন এবং ৩য় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

ওলামা সম্মেলনে দেশের গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দারুল উলুম দেওবন্দ (ভারত) এর দুইজন সিনিয়র মুহাদ্দিস ওলামা সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন। মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে আমীরুল মুজাহদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।




পৌনে ১৭ কোটি আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় পৌনে ১৭ কোটি

চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত শনিবার থেকে আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলে।

প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। এর মধ্যে ১ হাজার ৬০টি মনোনয়ন ফরম সরাসরি সংগ্রহ করা হয়েছে। আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। এর মধ্যে সরাসরি সংগ্রহ করা হয় ১ হাজার ১৮০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি। তৃতীয় দিনে ৭৩৩ জন দলটির মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ৭০৯ জন। বাকি ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন অনলাইনে। আর শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রি হয় ৩৪৩টি।

এর মধ্যে বিভাগ অনুযায়ী ঢাকায় ৭৩০টি, চট্টগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেট ১৭২টি এবং বরিশালে ২৫৮টি মনোনয়ন বিক্রি করে দলটি। অনলাইনে মোট মনোনয়ন ফরম বিক্রি ১২১টি৷

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের গুণতে হয়েছে ৫০ হাজার টাকা। আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। এই বোর্ড যাচাই বাছাই করে এবারের নির্বাচনে দলটির প্রার্থী চূড়ান্ত করবেন।