ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।




ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

চন্দ্রদ্বীপ ডেস্ক: মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওসিফুল ইসলাম তাদের আরও এক সাথী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। অপরজন হলেন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)।




৫৭ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত বছরের চেয়ে এবার হজের খরচ এক লাখ টাকার বেশি কমিয়েও নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা রেখে রোববার (১৫ ডিসেম্বর) শেষ‌ হয়েছে চলতি বছরের হজের চূড়ান্ত নিবন্ধন। তাছাড়া সৌদি সরকারের আল্টিমেটামের কারণে হজে নিবন্ধনের সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে রোববার রাত ৮টা পর্যন্ত ৬২ হাজার ২১২ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন। আর হজের যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় ৮ হাজার হজযাত্রী। সবমিলিয়ে ৭০ হাজার হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে সৌদি সরকার বাংলাদেশিদের আগামী বছরের হজের জন্য কোটা দিয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮টি। সে হিসাবে এখনো ফাঁকা রয়েছে প্রায় ৫৭ হাজার হজ কোটা।

হজ পোর্টালের তথ্যমতে, মোট ৬২ হাজার ২১২ জন হজযাত্রী নিবন্ধিত করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৭৫৯ এবং বেসরকারিভাবে ৫৭ হাজার ৪৫৩ জন নিবন্ধিত হয়েছেন। ব্যাংকে টাকা জমা দিয়েছে প্রায় ৮ হাজার হজযাত্রী। সাধারণ ব্যাংকে টাকা জমা দিলে এক কর্মদিবস প্রয়োজন হয় জমা হতে। সে হিসাবে আজ যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা আগামী মঙ্গলবার জমা হবে। কারণ সোমবার মহান বিজয় দিবসের জন্য সরকারি ছুটি।




WASA Link 16162, An efficient Call Center




সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

চন্দ্রদ্বীপ নিউজ: চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, গত ০৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে আজ (১৪ ডিসেম্বর) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এই ঘটনায় আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০) গ্রেপ্তার করে।




দ্য হিন্দুর প্রতিবেদন: হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না।

আজ দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন— বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি (হাসিনার বক্তব্য) বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে ভারত।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেন। তার ঢাকা সফর থেকে ফেরার দুই দিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির ২১ থেকে ২২ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।




কাতারে কোরআন প্রতিযোগিতায় ১০টি পুরস্কারের ৬টিই বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: গোটা বিশ্বে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজদের ধারাবাহিক সাফল্য সবারই জানা। তবে এবার তারা যে সুখ্যাতি অর্জন করেছেন, তা অকল্পনীয়। কাতারে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় তিনটি গ্রুপের মধ্যে বিদেশীদের জন্য নির্ধারিত দু’টি গ্রুপে মোট ১০টি পুরস্কারের ছয়টিই অর্জন করেছেন বাংলাদেশী হাফেজরা। এর মধ্যে দু’টি গ্রুপে প্রথমও হয়েছেন তারা।

লুসাইলের রিটজ কার্টলন হোটেলে বিজয়ী হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী সাইয়েদ ঘানেম বিন শাহীন আল-ঘানেম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




‘ভারতের উসকানিতে পা না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জনগণ’

চন্দ্রদীপ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের উসকানিতে পা না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বাংলাদেশের জনগণ’

চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যার মাধ্যমে তারা একটি হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল, কিন্তু বাংলার জনগণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের মুখে চুনকালি মেরে দিয়েছে।

আজ দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জীবন দেব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব না। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সমতা, ভালোবাসা, অহিংস ঐক্য সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়।

তিনি বলেন, ভারতের কিছু হলুদ মিডিয়া যখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হিন্দু ভাইয়েরা মিছিল করে তার প্রতিবাদ করেছেন। তারা প্রমাণ করেছেন দেশ আমাদের সবার। আমরা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

জামায়াত আমির বলেন, দেশবাসী এখন পূর্ণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যারা অকাতরে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে গুম-খুন আর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে দেশ প্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করেছে। ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। হত্যার ভিশন নিয়ে তারা নেমেছিল। জাতি ২০২৪ সালের গণহত্যাসহ প্রতিটি হত্যার বিচার চায়। আইনের মাধ্যমে এ বিচার অবশ্যই করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।




চিন্ময়ের জামিন শুনানি পেছাল এক মাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন।

মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাঁকেও আদালতে হাজির করা হয়নি। তবে কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হয়নি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আদালতে সংঘটিত ঘটনায় করা সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।




সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের নানা ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।