বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসান হাওলাদার (৩০)-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী জন্মগতভাবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। ঘটনার দিন পরিবারের সদস্যরা কাজের জন্য বাইরে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত হাসান হাওলাদার কিশোরীকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।
কাজ শেষে বাড়ি ফেরার পথে মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান তার মা। অভিযুক্ত হাসান তখনই পালিয়ে যায়। পরে এ ঘটনার প্রতিবাদ জানালে হাসান ও তার পরিবারের সদস্যরা কিশোরীর মা ও ফুফুকে মারধর করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, “ভুক্তভোগী কিশোরীকে বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে হাসান হাওলাদারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









