রমজানে অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক : পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১৫ মিনিট যোহরের নামাজের বিরতি থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপ-সচিব মো. কামরুজ্জামান সই করেন।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

তবে, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।




আরব বিশ্বে ১ মার্চ রমজান শুরু হতে যাচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।”

আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এ মাসে আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মানুষ রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ।




রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ




তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ




পবিত্র শবে বরাত আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : সারাদেশে আজ (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার সরকারি ছুটি থাকবে।

এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।




এ বছর হজ পালনে যেসব শর্ত দিলো সৌদি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তারা বলেছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে।

আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে।

হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধীতে যারা ভুগছেন, তাদের হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া হজের পোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে।

হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

যাদের হজের অনুমোদন দেওয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়া এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি।

গত বছর সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। যারমধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। অপরদিকে সৌদি থেকে হজ পালন করেন দুই লাখ মানুষ।

সূত্র: গালফ নিউজ




জেদ্দায় কাবার পুরো গিলাফ দেখার সুযোগ

প্রথমবারের মতো সৌদি আরবের মক্কা নগরী ছাড়া জেদ্দায় প্রদর্শিত হচ্ছে পবিত্র কাবার গিলাফ (কিসওয়া) পুরো অংশ। এর আগে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কাবার গিলাফের অংশবিশেষের প্রদর্শনী হয়েছিল, তবে এবার দর্শকদের জন্য পুরো গিলাফ একসঙ্গে দেখার সুযোগ রয়েছে।

জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের ইসলামিক শিল্পকলা প্রদর্শনীতে এটি প্রদর্শিত হচ্ছে, যেখানে দর্শকরা কাবার গিলাফের সূক্ষ্ম কারুকাজ, অলংকরণ এবং তার নকশা কাছ থেকে দেখতে পারছেন। প্রদর্শনীটি ২৫ মে পর্যন্ত চলবে এবং এর উদ্দেশ্য হলো ইসলামিক শিল্পকলার সৌন্দর্য ও তার ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এ প্রদর্শনীতে দর্শকদের কিসওয়া তৈরির প্রক্রিয়া এবং শতাব্দীকাল ধরে তার বিবর্তনও দেখানো হচ্ছে। কিসওয়া তৈরি করা হয় উৎকৃষ্ট মানের প্রাকৃতিক সিল্ক দিয়ে, যা হাতে বোনা হয় এবং তাতে স্বর্ণ ও রৌপ্য সূচিকর্মের মাধ্যমে নকশা করা হয়।

জানা গেছে, কিসওয়াতে প্রায় ১২০ কেজি স্বর্ণের সুতার কাজ করা হয়, এবং এটি তৈরির জন্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হলি কাবায় ২০০-এরও বেশি দক্ষ কারিগর ও প্রশাসনিক কর্মী নিয়োজিত আছেন ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।




সৌদি ও বাংলাদেশে রোজা শুরু কবে, যা জানা গেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। দেশটিতে আগামী মার্চ মাসের ১ তারিখ (শনিবার) শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।

তিনি আরো জানান, এ বছরের রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ।

আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন।
১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে বলেও জানান রয়্যাল কোর্টের এই সদস্য।

আবহাওয়াবিদরা জানান, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে তুলনামূলক ঠাণ্ডা থাকবে রোজার দিনগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর ২ মার্চ (রবিবার) প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা।

ইতিমধ্যে বাংলাদেশে ২ মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামি ফাউন্ডেশন।




সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে ২৮ ফেব্রুয়ারি, আকাশে থাকবে ৩২ মিনিট

চন্দদ্বীপ ডেস্ক:  সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশের মুসল্লিরা ২মার্চ প্রথম রমজান পালন করবেন।

সূত্র: মিনিটমিরর