‘ট্রাম্প যুদ্ধে না জড়ানোয় যথেষ্ট স্মার্ট’

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন হবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান পিট সেশনস।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে পিট সেশনস বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনতে খুব আগ্রহী। তবে ট্রাম্প যুদ্ধে জড়িত না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা ‘পরিপক্ক’ হয়েছে।

কিছু জিনিস শেখায় ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রাষ্ট্র পরিচালনায় ভিন্ন কিছু হবে বলে আশা পিট সেশনসের। তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে ট্রাম্পের কিছু চিন্তাভাবনা পরিপক্ক হয়েছে। তিনি বিশৃঙ্খলা নয়, স্থিতিশীলতা চান। এবারকার মেয়াদে তিনি (ট্রাম্প) মূল নীতির দিকনির্দেশনার ক্ষেত্রে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হবেন।

বিবিসির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯৪টি।অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।

জয়ের পর ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।




আরাকান আর্মির হাতে আটক ২০ জেলেকে ফেরালো বিজিবি

চন্দ্রদ্বীপ নিউজ :; মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ৪টায় মায়ানমারের আরাকান আর্মি নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে আটককৃত এসব জেলেকে বিজিবির হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

গত ৫ নভেম্বর দুপুর ৪টায় টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত ও ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় ভুলবশত তারা বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এসময় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ আটক করে।

বিজিবির নিরলস প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ আটককৃত ২০ জেলেকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন: টেকনাফের শাহপরীরদ্বীপের শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মোঃ বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মোঃ হাশিম (৩৫), মোঃ হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মোঃ ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), মহেষখালীর ইন্নামিন (২৭) এবং উখিয়ার আবদু শুক্কুর (৪৬)।

পরে বিজিবি আটককৃতদের নিকটাত্মীয়দের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।




মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশীর জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সব জল্পনা-কল্পনা উড়িয়ে মার্কিন হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে তার জয় নিশ্চিত হতেই বুধবার ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। কমলা হ্যারিসকে হারিয়ে একবার ফের মার্কিন মসনদে বসছেন ট্রাম্প।

আলোচিত এই নির্বাচনে মার্কিনিদের পাশাপাশি নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশীও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশী বংশোদ্ভূত পাঁচ প্রার্থী আইনপ্রণেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি নিশ্চিত করেছে।

বিজয়ী বাংলাদেশীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর ডেমোক্র্যাট প্রার্থী শেখ এম রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।

তাদের মধ্যে কাউন্সিলম্যান ড. নুরান নবী পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর এ পদে আছেন। কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ-বিষয়ক দায়িত্বে রয়েছেন তিনি




দেশের বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

চন্দ্রদ্বীপ নিউজ::প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎকালে সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তাদের মধ্যে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা উপস্থিত ছিলেন।




বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, আমাদের শাসনকালে কোনো যুদ্ধ ছিল না। আমরা আইএসকে পরাজিত করেছিলাম। এর বাইরে চার বছরে আমাদের আর কোনো যুদ্ধ ছিল না।

ঠিক কোথায় যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প তা উল্লেখ না করলেও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান এই নেতা ইউক্রেন এবং ইসরাইলের দিকেই মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শাসনামলে বিলিয়নেয়ার এই ব্যবসায়ী উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সম্মেলনে কিম জং উনের সাথে করমর্দন করেছিলেন তিনি।




ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন আরেক প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। এরমাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির কমালা।

তার নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে কমালা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন কমালা হ্যারিস।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেনে কমালা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।




প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়োভ গ্যালান্তকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করায় রাজধানী তেল আবিবের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ’ ইসরায়েলি। মঙ্গলবার (৫ নভেম্বর) আগুন জ্বালিয়ে, টায়ার পুড়িয়ে হাইওয়েতে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

ইসরায়েলের পতাকা হাতে নেতানিয়াহুবিরোধী স্লোগান দেন তারা। সরকারের বিরুদ্ধে আনেন বিভিন্ন অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ব্যর্থ গাজায় পরিচালিত অভিযান। ঘরে ফেরানো যায়নি জিম্মিদের। নেতানিয়াহুর জনপ্রিয়তায় ঘাটতি থাকলেও ইসরায়েলিদের মাঝে বহুল জনপ্রিয় ইয়োভ গ্যালান্ত।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের মধ্যে মতবিরোধ চলছিল। মঙ্গলবার ইয়োভ গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর পরপরই ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভের সূচনা হয়েছে।




যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রভাবশালী প্রধান কিরিল দিমিত্রিয়েভ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।

সোভিয়েত আমলে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো এবং পশ্চিমা বিশ্বের মাঝে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা যুদ্ধ। ইউরোপের এই সংকট রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক বর্তমানে স্নায়ুযুদ্ধের সময়কালীন খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে।

রাশিয়ার সার্বভৌম তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, প্রচারণার সময় তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ভুয়া তথ্য ছড়ানোর পরও প্রেসিডেন্ট নির্বাচন ও সিনেটে ট্রাম্পের দল জিতেছে।

গোল্ডম্যান স্যাচের সাবেক এই ব্যাংকারের সাথে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সম্পর্ক ছিল। তিনি বলেন, রিপাবলিকান শিবিরের অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে, আমেরিকানরা নজিরবিহীন মিথ্যাচার, অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত।

দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি। এই বিজয়কে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প।
এর আগে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পুনঃস্থাপনের প্রস্তাব সত্ত্বেও সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কে আরও অবনিত ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৬৭টি ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।




বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেও বিজয় ঘোষণা করেছেন।

এমন অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নিতেও তার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, হামাসের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কয়েক ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে ট্রাম্প অতীতে যে বক্তব্য দিয়েছেন তা এখন পরীক্ষা করা হবে।

তিনি বলেন, “আমরা ট্রাম্পকে (প্রেসিডেন্ট জো) বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন: “জায়নবাদী সত্তার প্রতি (যুক্তরাষ্ট্রের) এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ এই বিষয়টি আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে।”

অবশ্য নির্বাচনের আগে প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যকে “বাস্তব ও স্থায়ী শান্তিতে ফিরতে দেখতে চান এবং আমরা এটি সঠিকভাবে সম্পন্ন করব যাতে প্রতি ৫ বা ১০ বছর পর পর যেন এসবের পুনরাবৃত্তি না হয়”।

এছাড়া গত অক্টোবরের শেষের দিকে ট্রাম্প বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যদি রিপাবলিকানরা জয়ী হয় তাহলে বিদেশে কোনো যুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। কোনো মার্কিন সেনাকেও আর যুদ্ধের জন্য বিদেশে পাঠানো হবে না।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভায় এই প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ট্রাম্প আরও বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, সেসবের প্রত্যেকটির সমাধান করবেন তিনি এবং এক্ষেত্রে অগ্রাধিকার দেবেন ইউক্রেন ও গাজা সংঘাতকে।




ট্রাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে ড. ইউনূস ট্রাম্পকে “মুক্ত বিশ্বের নেতা” ও “বিশ্ব মানবতার রক্ষক” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ট্রাম্পের নেতৃত্ব বিশ্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।