ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হল

চন্দ্রদ্বীপ ডেস্ক: জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনীতিক কর্মকর্তাদের আটক নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

জেরুজালেমে ফ্রান্স পরিচালিত চারটি স্থান রয়েছে। গত ৭ নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর প্যাটার নস্টার চার্চের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন দুই কর্মকর্তা। পরে ইসরায়েলি পুলিশ তাদের আটক করে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন আর কখনো না ঘটে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের দেশটি।




ইরান সফরে সৌদির সশস্ত্র বাহিনী প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েক দশক ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরি সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলা যেতে পারে। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলের মধ্যে এই দুই দেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদানপ্রদান এমন ইঙ্গিত দেয় যে, প্রয়োজনে সম্পর্ক গভীর করতে চায় তারা।

মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে গেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াদ আল-রুয়াইলি। সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পরের একটি বিরল উচ্চ পর্যায়ের বৈঠক।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন সৌদি বাহিনীর প্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি ইরানের জেনারেল চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির জন্য আলোচনা করেন। বৈঠকে, রক্ষা কূটনীতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, জেনারেল বাঘেরি সৌদি নৌবাহিনীকে আগামী বছর ইরানি নৌ মহড়ায় অংশগ্রহণকারী বা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।




চীনে গাড়ি চাপায় ৩৫ জন নিহত, আহত ৪৩

চীনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে গাড়ির ধাক্কায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক শিশু ও বৃদ্ধ রয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায়, চীনের ঝুহাই শহরের একটি স্টেডিয়ামের বাইরে।

স্থানীয় সময়ে, যখন সেখানে বেশ কিছু লোক তাদের নিয়মিত ব্যায়াম করছিল, হঠাৎ করে এক ব্যক্তি একটি গাড়ি চাপিয়ে দেয় তাদের ওপর। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে তৎক্ষণাৎ ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় আছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির চালক, ৬২ বছর বয়সী ফ্যান নামক একজন পুরুষ, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলেও, তাকে দ্রুত আটক করা হয়। তবে, বর্তমানে তিনি কোমায় আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।

দুর্ঘটনার পর, ঘটনাস্থল থেকে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, চীনা কর্তৃপক্ষ সেগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তবে, কিছু ভিডিও এখনো অনলাইনে দেখা যাচ্ছে, যেখানে মাটিতে শুয়ে থাকা আহত বা নিহতদের দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেডিয়ামের বাইরে কমপক্ষে ছয়টি গ্রুপ তাদের নিয়মিত ব্যায়াম করছিল, যখন একটানা তীব্র গতিতে একটি গাড়ি এসে তাদের উপরে উঠে যায়।

এটি একটি অত্যন্ত শোকাবহ ঘটনা এবং পুরো বিশ্বে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে, এবং এ ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা চলছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন সিনেটর মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উত্তর আমেরিকার এই দেশটির প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রাজনীতিবিদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে নির্বাচিত করতে পারেন বলে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সোমবার রিপোর্ট করেছে।




মেয়ে এত সুন্দর কেন! ডিএনএ পরীক্ষা করালেন বাবা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেয়ের বয়স যত বাড়ছে, ততই সে সুন্দর হচ্ছে। তবে বাবা, মায়ের সঙ্গে চেহারার কোনও মিল নেই। এমনকী পরিবারের কারও সঙ্গে মেয়ের চেহারার কোনও মিল খুঁজে পাননি বাবা। এর থেকেই শুরু সন্দেহ। স্ত্রীর সঙ্গে নিত্যদিন ঝামেলা। অবশেষে মেয়ের ডিএনএ পরীক্ষা করালেন বাবা। পরীক্ষার রিপোর্ট দেখেই রীতিমতো থ হয়ে যান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। ল্যান নামের এক কিশোরী হ্যানয়ে পড়াশোনা করতে গিয়ে জানতে পারে, তার সহপাঠীর জন্মদিন একইদিনে। এমনকী এক শহরের এক হাসপাতালেই তারা জন্মেছিল। ল্যান ও তার বন্ধুর জন্মদিন একসঙ্গে পালন করা হত স্কুলে। সম্প্রতি জন্মদিনে বন্ধুর বাড়িতে গিয়েছিল ল্যান। তাকে সামনে দেখেই চমকে যান বন্ধুর মা। কারণ ল্যানের সঙ্গে বন্ধুর মায়ের চেহারার হুবহু মিল রয়েছে।

এরপরই ল্যানের মা হংয়ের সঙ্গে যোগাযোগ করেন বন্ধুর মা। দুই বান্ধবীর চেহারা নিয়ে আলোচনাও করেন তাঁরা। অবশেষে দুইপক্ষ মেয়েদের ডিএনএ পরীক্ষা করায়। তাতেই ধরা পড়ে, হাসপাতালের ভুলে তাঁদের সন্তান বদলে যায়। দীর্ঘ কয়েক বছর পর ডিএনএ পরীক্ষার পর তা জানতে পারেন সকলে।

হং জানিয়েছেন, মেয়ের চেহারা নিয়ে স্বামীর সন্দেহ হয়েছিল শুরুতেই। তাঁর সন্দেহ ছিল, হং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। ল্যান যে তাঁর সন্তান নয়, এমনটাই সন্দেহ হত। এর জেরেই তুমুল ঝামেলা করতেন। অবশেষে বাড়ি ছেড়ে ল্যানকে নিয়ে হ্যানয়ে থাকতে শুরু করেন হং। সেখানে স্কুলে ভর্তি করার পরেই আসল সত্যি সামনে আসে।




গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধের মধ্যেই গাজার বেশ বড় একটি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এমন দাবির সত্যতা তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ও নরওয়েজিয়ান শরণার্থী পরিষদের বিশেষ উপদেষ্টা আইতে এপ্সটেইন।

মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে গাজার ৫৬ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে। দখলকৃত এ ভূমির নাম দেয়া হয়েছে নেতজারিম টেরিটরি।

এপ্সটেইন জানান, উত্তর গাজা ও রাফাহতে একইভাবে আরও ভূমি স্থায়ীভাবে দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। এরই মধ্যে ইসরায়েলি হামলার মুখে ২২ লাখ ফিলিস্তিনি খান ইউনিস এবং আল বুরেজ শহরে মানবেতর জীবনযাপন করছে। অথচ গাজা ভূখণ্ডের মোট আয়তন মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার। যা অবরুদ্ধ উপত্যকাটিতে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটিতে পরিণত করেছে।

এ সময় ইসরায়েলে কর্তৃক ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুেদ্ধ সশস্ত্র বাহিনীর ব্যবহার আন্তর্জাতিক আইনে আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। এমনকি এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও জানান এ মানবাধিকার কর্মী।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এ জন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে… দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’




ইউক্রেনে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে পেন্টাগন দ্বিধাগ্রস্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন যে, মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করা অন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া কঠিন ব্যাপার।

আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাতসংখ্যক এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে এবং কিয়েভ কয়েক মাস ধরে আরো ক্ষেপণাস্ত্র দেয়ার অনুরোধ করছে। সেইসাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি চাইছে।পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল।

তারা বলছে, মস্কো এরইমধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুগুলোকে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর মজুদে অল্প সংখ্যক এটিএসিএমএস রয়েছে।
পেন্টাগন প্রধান বলেন, যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি ইউক্রেনে এটিএসিএমএস সরবরাহের অগ্রাধিকার দেয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন।




পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধান চায় আরব বিশ্বের নেতারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেছেন আরব বিশ্বের নেতারা। আজ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সামরিক সংঘাত বন্ধের বিষয়ে পদক্ষেপ এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়া নিয়ে আলোচনা হবে আরব-ইসলামিক এ শীর্ষ সম্মেলনে।

গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত অক্টোবরের শেষদিকে রিয়াদে আরব নেতাদের একটি সম্মেলন হয়। সেই সম্মেলন শেষে নভেম্বরের শুরুতেই আবার সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন আরব ও মুসলিম বিশ্বের নেতাদের জরুরি এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।




যুদ্ধের ইতি টানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানার বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি শক্তির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’ ভবিষ্যতে যাতে এ ধরনের সংঘাত এড়ানো যায়, সেজন্যও কূটনৈতিক তৎপরতা জরুরি বলে মত দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘একটি স্পষ্ট বোঝাপাড়া ছাড়া কূটনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। শুধু অস্ত্র দিয়েই কাজ হবে না। এজন্য শক্তি এবং কূটনৈতিক তৎপরতা এক সঙ্গে চালিয়ে যেতে হবে।’

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাকেই দীর্ঘস্থায়ী সমাধানের পথ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। এ সময় তিনি ন্যায্যভাবে ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা চেয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের দুয়ার সব সময় আদর্শিক কূটনীতির জন্য উন্মুক্ত।’




ইসরায়েলকে অবশ্যই ইরানে হামলা থেকে বিরত থাকতে হবে : সৌদি যুবরাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকতে হবে। খবর বিজনেস রেকর্ডারের।

সোমবার (১১ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে যুবরাজ এই মন্তব্য করেন। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে এই সম্মেলন আহ্বান করা হয়।

সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর নিন্দা জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যে ‘গণহত্যা’ চালাচ্ছে, তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে।

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন না। যুবরাজ সালমানকে ফোনে তিনি জানান, ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।