মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্কতা দিয়েছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস।

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিয়েছেন রাশিয়ার এই নেতা।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, “পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে।”

আন্দ্রেই ক্লিসাস জানিয়েছেন, ইউক্রেন যে-ই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ”

গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এ হুমকির বিরুদ্ধে রাশিয়া ‘যথাযথ পদক্ষেপ’ নেবে বলেও জানান তিনি।




নেতানিয়াহুকে হত্যার চেষ্টা দ্বিতীয় বার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোমা ফেলা হয়েছে। বোমাগুলি পড়েছে বাগানে। তবে বাড়িতে কেউ ছিলেন না, ফলে কারও ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রী নিরাপদে রয়েছেন।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা। তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। পর পর দু’টি বোমা গিয়ে পড়েছে নেতানিয়াহুর বাড়ির বাগানে। তবে তিনি সেই সময়ে বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যেরাও কেউ ছিলেন না। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার হামলা হল নেতানিয়াহুর বাড়িতে।

ইজ়রায়েলের পুলিশ বিবৃতিতে জানিয়েছে, শনিবার দু’টি বোমা ছোড়া হয় কেসারিয়া শহরে প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে। বোমা দু’টি বাড়ির বাগানে পড়ে। কিন্তু বাড়িতে সেই সময়ে নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। তাই কারও কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত দফতরকে সতর্ক করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ইরান এবং তার সহযোগী দেশগুলি এক দিক থেকে যখন ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে, তখন ঘরের ভিতরেও তিনি একই হুমকির মুখোমুখি হবেন, এটা হতে পারে না।’’ নিরাপত্তারক্ষী এবং বিচারবিভাগীয় সংস্থাগুলিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।




ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। খবর এএফপির।

ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।

এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে।




ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্ত্রীকে রিকশায় বসিয়ে প্যাডেল টানছেন ঢাকার পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! স্ত্রীর কাছে জানতে চাইলেন, রিকশায় চড়ে কোথায় যাবে বেগম? শুক্রবার (১৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন তিনি।

মুহূর্তেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। গত বছরের শেষ দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশাচিত্র। ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয়।

মূলত ঢাকার শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লে মেরেডিয়ানের লবিতে রাখা রিকশা দেখে তর সইতে পারেননি পাকিস্তান হাইকমিশনার। শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেনও। শুধু তাই নয়, রিকশা চালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।




ইরানের পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত অক্টোবরের শেষের দিকে বিমান হামলার সময় ইসরায়েল ইরানের পারচিন সামরিক কমপ্লেক্সে আঘাত করেছে বলে ক্সিওস পোর্টালকে জানিয়েছেন দুই ইসরায়েলি কর্মকর্তা। তারা বলেছেন, এই হামলায় ত্যাধুনিক সরঞ্জাম ধ্বংস হওয়ায় ইরানের পক্ষে পারমাণবিক বিস্ফোরক ডিভাইস তৈরি করা আরও কঠিন হয়ে যাবে।

তারা বলছেন, ধ্বংস করা অত্যাধুনিক সরঞ্জামগুলো মূলত পারমাণবিক ডিভাইসে ইউরেনিয়ামকে ঘিরে প্লাস্টিকের বিস্ফোরক একটি ডিজাইন। এটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করার জন্য প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে বলেছেন, ইরান গত বছর স্পর্শকাতর পরমাণু গবেষণা পুনরায় শুরু করেছে, কিন্তু সত্যিকারের পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নেয়নি।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সিদ্ধান্ত নেয় তবে ধ্বংস হওয়া সরঞ্জামগুলি প্রতিস্থাপন করতে হবে। ইরান যদি এটি সংগ্রহের চেষ্টা করে তবে তারা এটি’ ট্র্যাক’ করতে সক্ষম হবে।

বিটুইন দ্য লাইনস

ইসরাইলি কর্মকর্তারা গোয়েন্দা চিত্র যেভাবে বোঝেন সেভাবেই বর্ণনা করছেন। যদিও ইরানের পরমাণু পরিকল্পনা ও সক্ষমতা সম্পর্কে নিখুঁতভাবে জানা সম্ভব নয়।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে, পারচিন সামরিক কমপ্লেক্সের ‘তালেঘান-২’ স্থাপনাটি ২০০৩ সালের আগে পারমাণবিক ডিভাইস বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বন্ধ হয়ে যাওয়া সামরিক পরমাণু কর্মসূচি নতুন করে শুরুর অংশ হিসেবে এসব সরঞ্জাম তৈরি করা হয়েছে। অন্তত দুই দশক ধরে এসব স্থাপনায় মজুদ করে রাখা হয়েছে।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে আরও বলেছেন, ইরান গত বছর গবেষণা পুনরায় শুরু করেছে, যা পারমাণবিক অস্ত্র বিকাশের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে বেসামরিক উদ্দেশ্যে গবেষণা হতে পারে, যা ন্যায়সঙ্গত।

এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা (ইরান) বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির ভিত্তি স্থাপন করতে পারে। এটা একটা ‘টপ সিক্রেট’ ব্যাপার ছিল। ইরান সরকারের একটি ক্ষুদ্র অংশ বিষয়টি জানলেও অধিকাংশই তা জানত না। ‘তালেঘান-২’ স্থাপনার যন্ত্রপাতি গবেষণায় ব্যবহার করা হয়নি, তবে ইরান পারমাণবিক বোমার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিলে পরবর্তী পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত।

তিনি বলেন, ইরান যদি পরমাণু বোমার দিকে অগ্রসর হতে চায়, তাহলে ভবিষ্যতে এই সরঞ্জামের প্রয়োজন হবে। এখন তাদের কাছে তা আর নেই। তাদের অন্য একটি সমাধান খুঁজে বের করতে হবে।

পর্দার আড়ালে

ইসরায়েল যখন ১ অক্টোবর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ‘তালেঘান-২’ স্থাপনাটিকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু ‘তালেঘান ২’ ইরানের ঘোষিত পরমাণু কর্মসূচির অংশ ছিল না। এ কারণেই ইরানিরা পারমাণবিক বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে বলে স্বীকার করছে না l




ইসরাইলের পর্যটন ও হোটেল ব্যবসায় ধস, হাজারো মানুষ কর্মহীন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-অধিকৃত ভূখণ্ডে ৯০টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল-১২।

শনিবার (১৬ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।




বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কী বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর (পরিচালক) হিসেবে তুলসী গ্যাবার্ডকে বেছে নিয়েছেন। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গেছে এই সাবেক ডেমোক্র্যাটকে। এ ছাড়া অতীতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতা দেখা যায়। শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সেই সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।

এই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী।

তুলসী সেইসময় বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে। জিহাদিদের এই বিশ্বাস, যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক।




তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সবক’টি গোয়েন্দা সংস্থার প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডেমোক্রেটিক দলীয় সাবেক এমপি এবং পরে রিপাবলিকান পার্টিতে যোগ দানকারী তুলসি গ্যাবার্ডকে (৪৩) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে তিনি হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক দলীয় এমপি ছিলেন। গ্যাবার্ডেকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সেই সাথে ৭৬ বিলিয়ন ডলারের বাজেটও তদারকির দায়িত্ব পেয়েছেন তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

তুলসি নাম দেখে অনেকে তাকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ মার্কিন নাগরিক মনে করে থাকেন। আসলে তা কিন্তু নয়। বংশগত দিক থেকে ভারতের সাথে তাদের পরিবারের কোনো সম্পর্কই নেই। বিষয়টি তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফোরামে বারবার স্পষ্ট করেছেন।

মাইক গ্যাবার্ড ও মাক্যারল গ্যাবার্ড দম্পত্তির পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ তুলসি গ্যাবার্ড ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন। তার বয়স যখন দুই বছর, তখন তার পরিবার হাওয়াইতে চলে যায়। সেখানেই বড় হন তুলসি।




বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যুক্ত পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক: করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সম্প্রতি চট্টগ্রামে পৌঁছেছে। এর মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এবারই প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যোগাযোগ হলো বাংলাদেশ ও পাকিস্তানের। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

করাচির ওই জাহাজটি ৩০০টির বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ সময় বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ। এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে, ট্রানজিট সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে।

প্রতিবদেন বলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন শাসনব্যবস্থা সরাসরি সমুদ্র সংযোগকে স্বাগত জানায়। পাকিস্তানের সাথে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিরও আশা করে কর্তৃপক্ষ।




ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দফতরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন, তাদের যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেছেন, ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে শামিল হবে। গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা।
এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইবরাহিম মোহাম্মাদ আদ-দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মুসলিম উম্মাহর সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরাইলের প্রকৃত চেহারা আরো একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নীরবতা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নীরবতা ও মিত্রতার ছায়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনের সমর্থনে সংগ্রামে নেমেছে।

সূত্র : পার্সটুডে