রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছেন তার হাজার হাজার কর্মী সমর্থক। এরমধ্যে অনেকে বিক্ষোভের মূলকেন্দ্র ডি-চকে পৌঁছে গেছেন।

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেনাবাহিনীকে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেখা যায়নি। তারা মূলত অবকাঠামো রক্ষার কাজ করবে।
আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘স্বয়ংক্রিয় রাইফেল’ থেকে গুলি করতে দেখা গেছে। তিনি বলেছেন, ডি-চকে এত পরিমাণ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে সেখানে ‘পাতলা গ্যাসের মেঘের’ সৃষ্টি হয়েছে।

সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত জানিয়ে এই সাংবাদিক বলেছেন, “যখন তাদের (বিক্ষোভকারী) লক্ষ্য করে কাঁদানে গ্যাস অথবা গুলি ছোড়া হচ্ছে তখন তারা পড়ে যাচ্ছে। ঠিক তখনই আবার ফিরে আসছে। বলা যায় ইসলামাবাদে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।”

তিনি আরও বলেছেন, “আমরা বিক্ষোভকারীদের আহতদের নিয়ে যেতে দেখেছি। তারা বলেছে, তাদের অনেকেই আহত। কিন্তু তা সত্ত্বেও দাবি থেকে তারা একটুও নড়বে না। ধারণা করা হচ্ছে ডি-চকে আরও মানুষ আসবে। এখন দেখার বিষয় সরকার এটি কীভাবে নিয়ন্ত্রণ করে।”




পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৮৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে, জানায় হাসপাতাল প্রশাসন।

ইসলামাবাদ থেকে সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার শিয়া মুসলমান বহনকারী যাত্রীবাহী কোচের একটি বহরের ওপর পারাচিনার এলাকায় অতর্কিত হামলা চালানো হয়, যার ফলে সহিংসতার বিপুল সংখ্যক হতাহত হয়। হামলার পর, পরিস্থিতি এক পর্যায়ে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। এর ফলস্বরূপ, একাধিক প্রতিশোধমূলক পাল্টা হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়ে যায়।

প্রাদেশিক সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। উভয় পক্ষ সাত দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা কিছুটা হলেও সহিংসতা কমানোর দিকে ইঙ্গিত দেয়।

এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা পাকিস্তানে মাঝে মাঝেই ঘটে, বিশেষত শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে সংঘর্ষের কারণে। সরকার ও স্থানীয় প্রশাসন তাদের পদক্ষেপগুলো জোরদার করার চেষ্টা করছে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ২৬ জন নিহত

ইসরাইল সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা লেবাননের বৈরুত নগরীর কেন্দ্রস্থলে বাস্তা এলাকায় অবস্থিত এক হিজবুল্লাহ কমান্ড সেন্টারে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহান্তে এই হামলা চালানো হয়, যা নিয়ে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এএফপি’কে জানায় যে, তারা হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারে আঘাত করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ৬৭ জন আহত হয়েছেন। হামলার পর থেকে স্থানীয় অঞ্চলে ব্যাপক আতঙ্ক এবং নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধ এই হামলার মাধ্যমে আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার এ চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল।

রোববার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এ যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এ প্রস্তাবে রাজি হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম কান ও ওয়াইনেট ও হারেটজ জানিয়েছে, ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয়ে এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেম প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করেছে। মূল নীতিগুলোকে অনুমোদন করেছে। সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বিষয়টি লেবাননকে জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে; কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল।




নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ: ইইউ

বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা, তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না।

যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি।

সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী, যাকে বলা হয় রোম কনভেনশন।

সাইপ্রাস সফরের সময় ইইউর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐচ্ছিক রায় নয় যে মানলাম না।

তিনি সতর্ক করে বলেছেন, সেই একই বাধ্যবাধকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্যও।

যুক্তরাষ্ট্র আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরাইল বলেছে আইসিসির পদক্ষেপ ইহুদিবিরোধী।




ইসরায়েলে একদিনে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহ বলেছে, তারা “প্রথমবারের মতো” দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি “সামরিক লক্ষ্যবস্তুতেও” অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন “মাঝারি থেকে গুরুতর” অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে।




মার্কিন–ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস–সমর্থক

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন–ইহুদি তরুণদের এক–তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গাজায় দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ মার্কিন–ইহুদি তরুণ। গত বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম এ খবর জানায়।

তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭ শতাংশ।

এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন–ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার ১০ শতাংশ।




পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখাওয়া প্রদেশে শিয়া ও সুন্নি মতাবলম্বীদের সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। গত তিন দিন ধরে চলা এই সহিংসতায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫৬ জন। রোববার প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত বৃহস্পতিবার দেশটির ওই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মাঝে গত কয়েক মাস ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড়শ জন নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, গত ২১, ২২ ও ২৩ নভেম্বরে শিয়া- সুন্নিদের সংঘর্ষ ও গাড়িতে হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। এই সংঘাতে ১৫৬ জন আহত হয়েছেন।




উত্তপ্ত পাকিস্তান, ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে গুলি চালাল পুলিশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারী সমর্থকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) এ ঘটনায় ১৬ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা ইসলামাবাদে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি ছিল সংবিধানের ২৬ তম সংশোধনীর বিরুদ্ধে, সাধারণ মানুষকে গ্রেফতার বন্ধ করার এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার।

এদিকে, দেশব্যাপী শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। বিশেষ করে, ইসলামাবাদে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করারও খবর পাওয়া গেছে।

ইমরান খান গত ১৩ নভেম্বর ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন, যেখানে তিনি ২৪ নভেম্বর ইসলামাবাদে সমর্থকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। তবে এই বিক্ষোভের পর দেশটি উত্তপ্ত হয়ে উঠেছে, এবং পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা-তাণ্ডবে নিহত আরও ২১

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখাওয়া প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতা ও তাণ্ডবে কমপক্ষে আরও ২১ জন নিহত হয়েছেন। প্রদেশটির কুররাম জেলায় রাতের আঁধারে সংঘাত, অগ্নিসংযোগ এবং বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারান।

মূলত দেশটির এই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন সহিংসতায় হতাহতের এই ঘটনা ঘটে। এতে করে গত তিন দিনের সহিংসতায় দেশটিতে মৃতের সংখ্যা ৬৪ জনে পৌঁছেছে।

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার এই সহিংসতার ঘটনার সময় প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, মুখ্য সচিব এবং খাইবার পাখতুনখাওয়া সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তা উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটির অশান্ত ওই জেলায় উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মতে, সংঘাতের সময় সশস্ত্র গোষ্ঠীগুলো গুলিবর্ষণ করে, সরকারি বিভিন্ন ভবনে ভাংচুর করে, মার্কেটে দোকানপাট লুট করে এবং চেকপয়েন্ট, বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয়।