১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। আন্টিগাতে প্রথম ম্যাচে না পরলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো টাইগাররা। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।




আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানকার কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে।




গিনিতে ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষে নিহত ৫৬

চন্দ্রদ্বীপ ডেস্ক: রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরেকোরে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শেষ খবর অনুযায়ী, এতে নিহত হয়েছেন ৫৬ জন দর্শক।

এনজেরেকোরে গিনির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। সেখানে গিনির সামরিক সরকার প্রধান মামাদি দৌমবৌয়ার সম্মানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সোমবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা।

ম্যাচের দুই দলের সমর্থকদের লাঠি ও পাথরের আঘাতে মৃত্যু হয়েছে কয়েক জনের, আবার বেশ কয়েকজন পদ দলনের শিকার হয়েও মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বহু মানুষ স্টেডিয়ামের উঁচু দেওয়াল পার হওয়ার চেষ্টা করছেন।




বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা।

সম্প্রতি ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার ফলে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।




আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা: তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভোরে হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে। তারা জাতীয় পতাকা অবমাননা, পতাকা খুঁটি ভাঙচুর এবং সহকারী হাইকমিশনের সম্পত্তির ক্ষতিসাধন করে।

২ ডিসেম্বর আগরতলার গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশের পর ছয় সদস্যের একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি দিতে যায়। এরপর কিছু উগ্র বিক্ষোভকারী সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশ করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ভবনের সামনে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এ ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বিবৃতিতে উল্লেখ করেছে, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাগুলো কোনোভাবেই সহিংসতার লক্ষ্যবস্তু হতে পারে না। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে দিল্লি এবং অন্যান্য বাংলাদেশি মিশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, আগরতলার এ হামলার আগে কলকাতাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে জাতীয় পতাকা অবমাননা করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়াতে নিষেধাজ্ঞা, যা হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এই কট্টর ডানপন্থী নেতা স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, নতুন নীতিমালায় পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং আজান দিতে লাউডস্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে, তা বাজেয়াপ্ত করতে পারবে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। সংগঠনটি বেন-গিভিরের সিদ্ধান্তকে ‘গুরুতর অপরাধ এবং উপাসনার স্বাধীনতার ওপর আক্রমণ’ বলে নিন্দা করেছে। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারিত্ব বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভিরের এ সিদ্ধান্তের নিন্দা করেছে ফিলিস্তিনিরা।




ইসরাইলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ খোদ প্রতিরক্ষা প্রধানের

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরাইলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরাইলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।

শনিবার ইসরাইল সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি। যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, ‘আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হল বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা।’




২৭০০ বছর আগের বিশাল সৌরঝড়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি বিজ্ঞানীরা ২,৭০০ বছর আগের এক বিশাল সৌরঝড়ের প্রমাণ পেয়েছেন। গবেষণাটি ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. ইরিনা প্যানিউশকিনা ও রেডিওকার্বন বিশেষজ্ঞ ড. টিমোথি জুল জানান, ‘মিয়াকে ইভেন্ট’ নামে পরিচিত এই সৌরঝড় প্রাচীন গাছের রিংয়ে চিহ্ন রেখে গেছে।

২০১২ সালে জাপানি পদার্থবিজ্ঞানী ফুসা মিয়াকে প্রথম এই ইভেন্ট আবিষ্কার করেন।

মিয়াকে ইভেন্টে রেডিওকার্বন আইসোটোপের মাত্রা আকস্মিকভাবে বেড়ে যায়। গত ১৪,৫০০ বছরে মাত্র ছয়বার এ ধরনের ঘটনা ঘটেছে।
রেডিওকার্বন গঠিত হয় যখন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এটি কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত হয়ে গাছের ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় মিশে যায়।

ড. প্যানিউশকিনা জানান, এই রেডিওকার্বন গাছের রিংয়ে জমা হয়ে বছরের পর বছর ধরে সৌর কার্যকলাপের রেকর্ড রাখে।
গবেষকরা প্রাচীন গাছের রিংয়ের তথ্যের সঙ্গে মেরু অঞ্চলের বরফের স্তরে আটকে থাকা বেরিলিয়াম-১০ আইসোটোপের তুলনা করেছেন। উভয় আইসোটোপ সৌর কার্যকলাপ বৃদ্ধির সময় বাড়ে, যা অতীতের ঘটনাগুলোর দ্বৈত প্রমাণ দেয়।

বিজ্ঞানীরা এই ডেটা বিশ্লেষণ করে নিশ্চিত করেন, প্রায় ৬৬৪–৬৬৩ খ্রিস্টপূর্বাব্দে এই সৌরঝড় সংঘটিত হয়েছিল।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এমন সৌরঝড় বর্তমান সময়ের প্রযুক্তি-নির্ভর সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্যাটেলাইট নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।
গবেষণার এসব তথ্য সৌর কার্যকলাপ বোঝার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে সহায়তা করবে।




বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতালও।

এছাড়া ওই হাসপাতালে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে যান বাংলাদেশি রোগীরা। তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর উভয় দেশের সম্পর্কেও দেখা দিয়েছে শীতলতা।




সৌদি আরব আরও সহজ করল ইসরায়েলকে স্বীকৃতির শর্ত, ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশ দুটির মধ্যে চুক্তি প্রায় চূড়ান্তই করে ফেলেছিল মার্কিন সরকার। তবে গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে সব ভেস্তে যায়। কিন্তু এই চুক্তি নিয়ে এখনো আশা ছেড়ে দেয়নি যুক্তরাষ্ট্র। চেষ্টা করছে বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই যেন চুক্তিটি হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই চুক্তি আলোচনা নিয়ে নতুন এক তথ্য দিলো বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবর অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রিয়াদ। সৌদি ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।

চলতি বছরের শুরুতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি বড় সামরিক চুক্তির দাবি করেছিল সৌদি আরব। তবে এখন তারা তাদের অবস্থান নরম করেছে। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতিই দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট।

দুটি সৌদি ও তিনটি পশ্চিমা সূত্র জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে তীব্র ক্রোধ বিরাজ করছে। তাই ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখননো সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসাবে দেখছেন। এমনটাই বলছেন পশ্চিমা কূটনীতিকরা। তবে হামাসের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনিদের প্রতি যেকোনো ছাড় দেয়ার বিষয়ে নিজ দেশে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি। এমনকি তিনি এ-ও জানেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনো ইঙ্গিত দিলে তার ক্ষমতাসীন জোট সরকার ভেঙে যাবে।

রিয়াদ ও ওয়াশিংটন আশা করছে, প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে জানুয়ারির মধ্যে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। তবে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র-সৌদি চুক্তি মার্কিন সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তবে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি না দিলে শুরুতেই এই প্রচেষ্টা ব্যর্থ হবে।

এদিকে বর্তমানে আলোচনায় থাকা চুক্তিতে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক হুমকি, বিশেষ করে ইরানের মোকাবিলা অন্তর্ভুক্ত থাকবে। এতে মার্কিন এবং সৌদি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব তৈরি করা হবে এবং চীনের সঙ্গে সহযোগিতা প্রতিরোধে সুরক্ষার ব্যবস্থা থাকবে বলে সূত্র জানিয়েছে।

চুক্তিটি উন্নত প্রযুক্তি, বিশেষত ড্রোন প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি বিনিয়োগকে উৎসাহিত করবে। যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ, লজিস্টিকস ও সাইবার নিরাপত্তা সহায়তার মাধ্যমে রিয়াদে নিজের উপস্থিতি বাড়াবে এবং মিসাইল প্রতিরক্ষা ও সমন্বিত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটালিয়ন মোতায়েন করতে পারে।

তবে এটি এমন একটি বাধ্যতামূলক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হবে না যা বিদেশি আক্রমণের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশকে সুরক্ষার জন্য মার্কিন বাহিনীকে বাধ্য করবে।

সৌদি আরবের থিংক-ট্যাংক প্রতিষ্ঠান গালফ রিসার্চ ইনস্টিটিউট-এর প্রধান আবদেল আজিজ আল-সাঘির বলেন, সৌদি আরব একটি নিরাপত্তা চুক্তি পাবে। এর ফলে দেশটি আরও মার্কিন সামরিক সহযোগিতা ও অস্ত্র কেনার সুযোগ পাবে। তবে প্রথমে সৌদি জাপান বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি সেই ধরনের চুক্তির দাবি করলেও তা পাবে না। উৎস: চ্যানেল ২৪