আসাদের পতনে অভিনন্দন জানাল ইরানের মিত্র হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ‘‘স্বাধীনতা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা’’ অর্জন করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুই দশকের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদের পতনের একদিন পর সোমবার হামাস এই অভিনন্দন জানিয়েছে।

গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা সিরিয়ার মহান জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি…এবং সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে সম্মান জানাই।’’

হামাস বলেছে, আসাদ-পরবর্তী সিরিয়া ফিলিস্তিনি জনগনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা জারি রাখবে বলে আশা করছে তারা।

পৃথক এক বিবৃতিতে ইরান-সমর্থিত আরেক গোষ্ঠী ও হামাসের মিত্র ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালা প্রায় একই ধরনের আশা প্রকাশ করেছেন। নাখালা বলেছেন, ‘‘ইসলামিক জিহাদ প্রত্যাশা করছে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি সিরিয়ার সত্যিকারের সমর্থন থাকবে, যেমনটি সবসময় ছিল।’’

সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ২০১১ সালে গড়ে ওঠা দেশটির সুন্নিপন্থী মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল হামাস। পরে ২০১২ সালে দামেস্কে নিযুক্ত নিজেদের সদরদপ্তর খালি করে সংগঠনটি; যা আসাদের ঘনিষ্ঠ মিত্র ও তাদের পৃষ্ঠপোষক ইরানকে ক্ষুব্ধ করে তুলেছিল।

হামাসের মতাদর্শগত শিকড় সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত হওয়ায় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল সংগঠনটি। কারণ বাশার আল-আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য। ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিলেন আসাদ।

পরে ২০২২ সালে আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ওই সময় দামেস্কে একটি প্রতিনিধি দল পাঠায় হামাস। এই প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের আশায় আসাদের সঙ্গে বৈঠকও করেছিলেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের বিরোধিতাকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি ‘‘প্রতিরোধ অক্ষ’’ গঠন করে আসাদ নেতৃত্বাধীন সিরিয়া এবং ইরান।

আসাদের পতনে হামাসের এই ইতিবাচক প্রতিক্রিয়া শিয়াপন্থী হিজবুল্লাহর অবস্থানের বিপরীত। লেবাননের এই গোষ্ঠীটি বছরের পর বছর ধরে যুদ্ধের মাধ্যমে আসাদকে ক্ষমতায় রাখতে বড় ভূমিকা পালন করেছিল। এছাড়া দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানের গুরুত্বপূর্ণ বাহক হিসেবে কাজ করেছিল আসাদের সিরিয়া।

সোমবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক রাজনীতিক সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে আখ্যা দিয়েছেন।

সূত্র: রয়টার্স।




ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে ‘সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা’য় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি।’

পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই।’

প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে ‘খুবই দৃঢ়’ এবং ‘ঘনিষ্ঠ’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই ‘কালো মেঘ’ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনূস।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন, আলোচনায় তার প্রসঙ্গও উঠে আসে।

বিগত ১৫ বছরের নির্মম ও দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখান (ভারত) থেকে অনেক বক্তব্য দিচ্ছেন। এটা উত্তেজনা সৃষ্টি করছে।’

বিক্রম মিশ্রি বলেন, তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘণ্টায় বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করেছেন।

প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী, শ্রমিক ও জনতা কীভাবে এক হয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা দেন।

তিনি বলেন, ‘আমাদের কাজ হলো তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। এটি একটি নতুন বাংলাদেশ।’

এসময় অন্তর্বর্তী সরকারের যে-সব সংস্কার উদ্যোগ নিয়েছে সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন তিনি।

বিক্রম মিশ্রি বলেন, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সব বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামনের সারিতে আছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপনার সাফল্য কামনা করি’।

‘বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এটা ভুল ধারণা’ উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সকলের জন্য।’

বৈঠকে অধ্যাপক ইউনূস বন্যা এবং পানি ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভারতকে তার উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ নতুন ভবিষ্যৎ গড়তে চাই।’

বিক্রম মিশ্রি জানান, ভারত সার্কের সঙ্গে কাজ অব্যাহত রেখেছে, যদিও কিছু বাধা রয়েছে।

সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘আমরা একটি পরিবার। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়াবে।

‘আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই,’ বলেন তিনি।




মসজিদের মিম্বার থেকে দুই দেশকে সতর্কবাতা বিদ্রোহী নেতার

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করে বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন।

এই বক্তব্য শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে।

সোমবার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে আল-জোলানির বিজয়ী বক্তব্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে এই নেতার বক্তব্যে সিরীয় জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, আত্মত্যাগ এবং নির্যাতনের কথা স্মরণ করেন। আল-জোলানি বলেন, যারা দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, তাদের আত্মত্যাগের ফলে এই বিজয় এসেছে।

আসাদের পতনের পর, আল-জোলানি আরও শক্তিশালী হয়েছে। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাদের মধ্যে ইতোমধ্যে তার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করা হয়েছে। তার এই বক্তব্য মূলত তাদের উদ্দেশ্যে ছিল।

আল-জোলানি পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, নতুন সিরিয়ার সঙ্গে আপনারা যুক্ত হলেও, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাদের নেই। তিনি সিরিয়ার ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার আহ্বান জানান এবং সব ধর্মাবলম্বী সিরীয়দের একত্রিত হওয়ার ডাক দেন।

এছাড়াও বিজয়ী বক্তব্যে সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য আসাদের শাসনকে দায়ী করে তিনি বলেন, সিরিয়া আর মাদকের রাজ্য হবে না, বরং এটি একটি স্বচ্ছ এবং মাদকমুক্ত দেশ হিসেবে পুনর্নির্মাণ হবে। আল-জোলানি সিরিয়াকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে।

এভাবে, আল-জোলানি তার বিজয়ের বার্তা শুধু সিরীয় জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কীকরণও ছিল। সিরিয়ার নতুন নেতা হিসেবে তার কথাগুলো দেশটির ভবিষ্যতের জন্য একটি নতুন পথের সূচনা হতে পারে।




গাজা যুদ্ধবিরতি আলোচনায় ‘অভূতপূর্ব’ অগ্রগতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনায় ‘অভূতপূর্ব’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মিশরের একটি নির্ভরযোগ্য সূত্র। আলোচনার মধ্যে বন্দি বিনিময় সম্পর্কিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার আল-আরাবি আল-জাদিদকে দেওয়া এক বিবৃতিতে সূত্রটি জানায়, হামাস গাজায় আটককৃত ইসরাইলি বন্দিদের একটি প্রাথমিক তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে দিয়েছে। যা নিয়ে ইসরাইলি প্রতিনিধি দল পর্যালোচনা করছে।

সূত্রটি আরও জানায়, মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে এক অভূতপূর্ব অগ্রগতি পৌঁছেছে।

আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তাদি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেবে। প্রস্তাবিত শর্তের মধ্যে চারজন বন্দির মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। যাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

এছাড়া হামাস একটি ৬০ দিনের অন্তর্বর্তী সময়ের শর্ত মেনে নিয়েছে। যে সময়ে অবরুদ্ধ এলাকায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে।

মিশরীয় সূত্রগুলো যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী। সূত্র: ইরনা




সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। দিল্লি আশা করছে, দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে সংল্যাঘলুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথাও জানিয়েছে দেশটি।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এ বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে।

বিক্রম মিশ্রি বলেন, আমার এ সফর তারই অংশ। নতুন সরকারের সঙ্গে এটা প্রথম ফরেন সচিব মিটিং। আজকের এই আলোচনা আমাদের উভয়পক্ষকে এই সুযোগটা করে দিয়েছে। আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা হলো-ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি ও আমরা ভবিষ্যতেও এটা দেখতে চাই।




সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, গোলান মালভূমি ইসরায়েলি দখলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতা থেকে উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। আসাদ ও তার পরিবার সেখানে রাজনৈতিক আশ্রয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আসাদ পালাতে না পালাতেই সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল। দেশটি বলেছে, তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং দূরপাল্লার রকেটে হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রও।

অপরদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। সোমবার (৯ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ডয়চে ভেলে।




বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। ঘরের মাঠে স্বাগতিক মেয়েদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো সফরকারী আয়ারল্যান্ড।

চায়ের দেশ সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার। বড় স্কোরের আশা জাগিয়েও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে বাংলাদেশ।

নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় জয় থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল আয়ারল্যান্ড। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ হাসি হেসেছে আইরিশ মেয়েরাই।




সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি এবং তাস।

তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “পরিবারের সদস্যদেরসহ মস্কো এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে।”

সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদরের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান মস্কো জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। আরও বলা হয়েছে, ক্ষমতা দখলকারী বিদ্রোহীগোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় রুশ সেনাদের ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি তারা করবে না।




ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্রসচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব।

রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে এদিন ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সংশ্লিষ্টরা বলছেন, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন দুই পররাষ্ট্রসচিব। পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।




বাশারের ক্যানসারে আক্রান্ত স্ত্রী আর সন্তানেরা এখন কোথায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কে প্রবেশের আগমুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনামলের অবসান হয়েছে। সংকটময় এ পরিস্থিতিতে বাশারের ক্যানসারে আক্রান্ত স্ত্রী ও সন্তানেরা এখন কোথায়, এ কৌতূহল অনেকের মনেই।

রোববার সকালে দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা। এর আগে বাশার আল-আসাদ দামেস্ক ছাড়েন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায়, বাশার ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিলেও তিনি কোথায় গেছেন, সেটি জানা যায়নি।