শৈত্যপ্রবাহ নিয়ে এলো নতুন তথ্য

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা না থাকলেও নতুন বছরের শুরু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মাসের বাকি সময়ে দেশের দু-একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাস, অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু-একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাস, অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ থেকে কুয়াশা পড়া শুরু করতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।




দিনে সম্পর্কোন্নয়নের জন্য বৈঠক, রাতে হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তানের একটি প্রতিনিধি দল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিভেদগুলো দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন।

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এবং দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

ছবিটির সঙ্গে সংযুক্ত বার্তায় মোহাম্মদ সাদিক বলেন, “আমরা আজ (আফগানিস্তানের) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছি। বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে আমাদের। বৈঠকে আমরা দুই দেশের সম্পর্কোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতে পথে নিয়ে যেতে ঐকমত্যে পৌঁছেছি।




আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত ১৫

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




গাজায় একদিনে নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৩০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।




শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’’




ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরাইলের ওপর তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে লেবানন-ভিত্তিক হিজবুল্লাহপন্থী সংবাদপত্র আল-আখবার।

একজন মিলিশিয়া নেতা আল-আখবারকে বলেছেন, গোষ্ঠীগুলো সিরিয়ার বিষয়ে জড়িত হওয়া এড়ানোর পাশাপাশি হামলা বন্ধ করতে ইরাকি সরকারের সাথে সম্মত হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ইসরাইলে ড্রোন আক্রমণ চালিয়ে আসছিল মিলিশিয়ারা। ইরাকি ড্রোন গত অক্টোবরে গোলান মালভূমির সামরিক ঘাঁটিতে আঘাত করলে দুই সৈন্য নিহত ও ২৪ জন আহত হয়।

হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার এক সদস্য বলেন, ‘সশস্ত্র দলগুলো ইরাক সরকারের কথা মেনে চলে, বিশেষ করে সিরিয়ায় যা ঘটেছিল তার পরে। তাদের বাশার আল-আসাদের সরকার উৎখাতের চেয়ে খারাপ পরিস্থিতিতে টেনে আনার উদ্দেশ্য থাকতে পারে, যা হতে পারে আবার ইরাকে সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন।’

কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার আরেক মিলিশিয়া কর্মকর্তা যুক্তি দেন, ‘ইসরাইলের বিরুদ্ধে দলগুলোর কার্যক্রম লেবাননের হিজবুল্লাহর অপারেশনের সাথে যুক্ত ছিল এবং লেবাননে যুদ্ধবিরতি হলে ইরাকি দলগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
সূত্র : দ্য টাইমস অফ ইসরাইল




ঢাকায় আসছেন ইলন মাস্ক!

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলনমেলা। সম্মেলনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকুন ইলন মাস্কের। দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার। এরইমধ্যে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন।

অতি সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় উঠে আসে তার নাম।

দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে হতে পারে কাঙ্ক্ষিত সেই বিনিয়োগ সম্মেলন। ৩ দিনের সূচি এবং অতিথি তালিকা প্রস্তাব করে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশে বা বিদেশের কোনো কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগেভাগেই বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে। তবে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি- এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করেই ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনটির প্রস্তুতি কর্ম এগিয়ে চলেছে। প্রস্তাবিত তারিখ কিংবা কাছাকাছি সময়েই সম্মেলনটি হবে বলে ধারণা মিলেছে।




প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান।’




বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুমাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন আমাদের বিজিবির সঙ্গে তাদের কথা বলার অবস্থা নেই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারবো না, আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।




গ্রেপ্তারের সতর্কবার্তা, পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘এখানে এলে গ্রেপ্তার হতে পারেন’— এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
শনিবার রিজেকপসপলিটাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে, যদি তিনি (নেতানিয়াহু) পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার; কারণ, আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।”

“আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না।”

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি, তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের অনেক দেশ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে সাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু কোনো কর্মকর্তা এ ইস্যুতে কথা বলতে রাজি হননি।

সূত্র : আরটি, টাইমস অব ইসরায়েল