মনমোহনের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক, শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত।

এছাড়া ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এছাড়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।




ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা ইসরায়েলের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সানা ছাড়াও দেশটির বন্দরনগরী হুদাইদাহতেও বিমান হামলা করা হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সানা বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী আল-দাইলামি সেনা ঘাঁটি এবং হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, রাজধানী সানা ও হুদাইদাহ শহরে হামলার ঘটনাকে ‘‘ইসরায়েলি আগ্রাসন’’ বলে অভিহিত করেছে আল-মাসিরাহ টেলিভিশন। এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।




ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০০৯ সালে এআইআইএমএসে তার সফল করোনারি বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১-১৯৯৬ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এবং এপ্রিলে তিনি রাজনীতি থেকে অবসর নেন। মনমোহন সিংয়ের অবদান স্মরণ করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা শোক প্রকাশ করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সৌদির রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর সৌদি বাদশাহ ও সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেলোয়ার হোসেন। তিনি জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। একই সঙ্গে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করে তাঁর দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত হবে। তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “এই পরিবর্তিত বাংলাদেশে জনগণের আকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসের কাজের গুণগত মান উন্নয়নে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।”

মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একদিন আগেই ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, নির্ভুল লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে।

নিহত ওই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ৭১ জনেরও বেশি খাওয়ারিজ জঙ্গিকে হত্যা করা হয়েছে।

রাতের আঁধারে চালানো এই হামলায় খাওয়ারিজ জঙ্গিদের চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানাও ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ওই চারটি আস্তানার মধ্যে একটি সুইসাইড ভেস্ট তৈরি সংক্রান্ত অবকাঠামো এবং তাদের উমর মিডিয়া সেলও রয়েছে।

পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,“পাকিস্তান যে নিজেদের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, তা এবারই প্রথম নয়। এর আগে, পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও করেছিল। সে সময় আফগান তালেবান আমাদের আশ্বস্ত করেছিল, আফগান মাটি থেকে পাকিস্তানে আর কোনও হামলা হবে না। দুর্ভাগ্যবশত তাদের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি; তারা (তালোবান) দোহা চুক্তিসহ অন্যান্য চুক্তিও ভঙ্গ করতে পরিচিত।”




নভেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি শূন্যের নিচে

চন্দ্রদ্বীপ ডেস্ক: বামপন্থী সরকার আসার পর শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার শূন্যের নিচে নেমে এসেছে। নভেম্বর মাসে দেশটির মূল্যস্ফীতির হার মাইনাস ১ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ছিল মাইনাস শূন্য দশমিক ৭ শতাংশ। এর ফলে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে অনেক দূর অগ্রসর হয়েছে দেশটি।

নভেম্বর মাসে শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতি ছিল শূন্য শতাংশ, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খাদ্যের দাম বাড়েনি। অক্টোবর মাসে যা ছিল ১ দশমিক ৩ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল মাইনাস ৩ দশমিক ১ শতাংশ, আগের মাস অক্টোবরে যা ছিল মাইনাস ২ দশমিক ৩ শতাংশ।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই সময়ে শ্রীলঙ্কার মুদ্রা রুপির দরবৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো হয়েছে, তার হাত ধরে মূল্যস্ফীতির এই অধোগতি। বিশ্লেষকেরা বলছেন, ২০২৫ সালের প্রথম দুই মাসেও মূল্যস্ফীতির হার ঋণাত্মক থাকতে পারে। এরপর গাড়ি আমদানি শুরু হলে বিদেশি মুদ্রার চাহিদা বাড়তে পারে। তখন মূল্যস্ফীতির হার আবার শূন্যের ওপরে যাবে, যদিও তা ৪ শতাংশের ওপরে যাবে না।




কুর্দি যোদ্ধাদের কবর রচনা করা হবে, হুঁশিয়ারি এরদোয়ানের

চন্দ্রদ্বীপ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবেন, নয়তো তাঁদের কবর রচনা করা হবে।’ সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে তুরস্ক-সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও কুর্দি সশস্ত্র যোদ্ধাদের মধ্যে বৈরিতা চলছে। এর মধ্যেই গতকাল বুধবার এ হুঁশিয়ারি দিলেন এরদোয়ান।

বাশার আল–আসাদের পর পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বারবার জোর দিয়ে আসছে তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে দেশটির সরকার। এখন সিরিয়ায় শাসনক্ষমতার পালাবদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে।




গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৩৬১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৭ হাজার ৮০৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৩ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।




যাদেরকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ধর্ষক, হত্যাকারী ও দানবদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথের এক পোস্টে তিনি এই হুমকি দিয়েছেন। খবর এনডিটিভির।




ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ভিড়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরইমধ্যে হুথি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব।

তবে ইসরাইলের এসব হুমকি উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। অবশ্য ইসরাইলে প্রবেশের আগে এটি নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।