ইয়েমেনকে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের জন্য ৫০০ মিলিয়ন ডলার মূল্যের নতুন অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরব।

এই সহায়তা ইয়েমেনি সরকারের বাজেট শক্তিশালী করা, কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং ইয়েমেনি জনগণের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া হবে।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে ৩০০ মিলিয়ন ডলার ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি উন্নত করবে। বাকি ২০০ মিলিয়ন ডলার ব্যবহার করা হবে ইয়েমেনের বাজেট ঘাটতি পূরণে।

নতুন এই সহায়তা সৌদি উন্নয়ন ও পুনর্গঠন কর্মসূচির (এসডিআরপিওয়াই) মাধ্যমে পরিচালিত ১.২ বিলিয়ন উদ্যোগের অংশ। যা ইয়েমেনের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, মজুরি ও অপারেটিং খরচে সহায়তা এবং ইয়েমেন সরকারের অর্থনৈতিক সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে।




হুথিদের হামলা ঠেকাতে প্রথমবার মার্কিন ‘থাড’ মোতায়েন করল ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরাইল। আত্মরক্ষার্থে এমন পরিস্থিতিতে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘থাড’ পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি।

এবার জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে ইয়েমেন থেকে আসা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ঠেকাতে প্রথমবারের মতো ‘থাড’ ব্যবহার করেছে ইসরাইল।




কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

চন্দ্রদ্বীপ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেন ‘কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার’ হিসেবে পরিচিত অধ্যাপক জিওফ্রে হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দশকের মধ্যে মানব জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

এআই প্রযুক্তি তৈরিতে নিজের ভূমিকা নিয়ে দুঃখও প্রকাশ করেছেন চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক হিন্টন। তিনি এর দ্রুত বিকাশকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন। সতর্ক করে দিয়েছেন, ‘যন্ত্রগুলো নিয়ন্ত্রণ (আমাদের) নিয়ে নিতে পারে। আমার ধারণার চেয়েও দ্রুত এই প্রযুক্তি বিকশিত হচ্ছে।’

৭৭ বছর বয়সী এই ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী এআই প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।

এর আগে হিন্টন ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির পতনের কারণ হতে পারে, এমন সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।

তবে তিনি সেই সম্ভাবনাকে আরও বেশি এগিয়ে নিয়ে এসেছেন। বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ প্রোগ্রামে তিনি এখন বলছেন, ‘আসলে তা নয়। আমার মনে হয় ১০ থেকে ২০ বছর! কেননা আমাদের আগে কখনো নিজের চেয়ে বুদ্ধিমান জিনিসগুলোর সাথে মোকাবিলা করতে হয়নি।’

‘আপনি কয়টি উদাহরণ জানেন যে, বেশি বুদ্ধিমান জিনিস কম বুদ্ধিমান জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়? উদাহরণ খুব কমই আছে।’

১৯৮০-এর দশকে অধ্যাপক হিন্টন এমন একটি পদ্ধতি আবিষ্কার করেন, যা স্বয়ংক্রিয়ভাবে ডেটার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে এবং ছবিতে নির্দিষ্ট উপাদান সনাক্ত করতে পারে। এটি মূলত আধুনিক এআইয়ের ভিত্তি ছিল।

তিনি বলেন, ‘আমি মনে করি এটি শিল্প বিপ্লবের মতো। শিল্প বিপ্লবে, মানুষের শক্তি কম প্রাসঙ্গিক হয়ে উঠেছিল, কারণ মেশিনগুলো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। যদি আপনি এখন একটি গর্ত খনন করতে চান, তবে একটি মেশিন দিয়ে খনন করবেন। কিন্তু আমরা এখন যা পেয়েছি (এআই) তা হলো এমন কিছু, যা মানুষের বুদ্ধিমত্তাকে প্রতিস্থাপন করছে।’

এর আগেও এই অধ্যাপক ভবিষ্যদ্বাণী করেছিলেন, এআই সাধারণ মানুষের জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করবে, ঠিক যেমন শিল্প বিপ্লব করেছিল।

তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে কী হবে তা নির্ভর করবে ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থা এই প্রযুক্তি দিয়ে কী করে’ তার ওপর।

‘যদিও এটি উত্পাদনশীলতা ব্যাপক বাড়াবে, তবে আমার উদ্বেগ হচ্ছে যে, এটি সমাজের জন্য খুব খারাপ হতে পারে, যদি সমস্ত সুবিধা ধনীদের হাতে চলে যায়।’

শুধু তাই নয়, তিনি মনে করেন, এতে অনেক লোক তাদের চাকরিও হারাবে। অনেকে আরও দরিদ্র হয়ে যাবে।




সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ১৯ পাকিস্তানি সেনা নিহত, আফগানিস্তানে ৩ বেসামরিক নিহত

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, এবং আফগানিস্তানে ৩ বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আফগানিস্তানের সীমান্তরক্ষীরা পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে অগ্নিসংযোগ করা হয়, এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান এলাকায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করা হয়।

এ ঘটনার পর পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় ৫১ জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে, এবং সীমান্তে প্রতিকূল পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ ঘটনার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




একদিনে আরও ৩৭ প্রাণহানি, গাজায় মোট নিহত ছাড়াল ৪৫ হাজার ৪৩০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৯৮ জন। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজয় প্রায় ১৫ মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতি-শুক্রবারেরর সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি।

“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের বিবৃতিতে।




অবৈধ বাংলাদেশিদের শিশুরা ভর্তি হতে পারবে না স্কুলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির মধ্যে চলমান সংঘাত এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দিল্লি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করে সমস্ত স্কুলকে ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিশুদের পরিচয় সংক্রান্ত নথি পরীক্ষার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও অবৈধ অভিবাসী পড়ুয়া যাতে স্কুলে ভর্তি হতে না পারে সে সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। অবৈধ বাংলাদেশি পরিবারের কোনও শিশুকে যেন স্কুলে ভর্তি করা না হয় এবং কোনো শিক্ষার্থীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দিলে সে বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বলেও নির্দিষ্টভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দিল্লি রাজ্য সরকারের স্কুল শিক্ষা বিভাগের উপ পরিচালক সুভাষ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভর্তি আটকাতে স্কুলগুলোকে কড়া ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া মেনে চলতে হবে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই করতে হবে।




সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস সৃষ্টি নাসার

চন্দ্রদ্বীপ ডেস্ক: সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। শুক্রবার সূর্যের পৃষ্ঠ থেকে ৬১ লাখ কিলোমিটার (৩৮ লাখ মাইল) দূরত্বে পৌঁছেছে নাসার মহাকাশযান পার্কার।

এর আগে মনুষ্যসৃষ্ট কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যায় নি। নাসার বিজ্ঞানীদের ধারণা ছিল যে আগামীকাল মার্কিন সময় ভোর ৫ টার দিকে লক্ষ্যে পৌঁছাতে পারবে পার্কার, তবে তার ২৪ ঘণ্টা আগেই সেই স্থানে গিয়ে সিগন্যাল দেওয়া শুরু করেছে নভোযানটি। এই অভিযানের সাফল্য নিয়ে নাসার বিজ্ঞানীরা বেশ উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

২০১৮ সালে পার্কারকে উৎক্ষেপণ করেছিল নাসা। উদ্দেশ্য ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি কোন স্থান পর্যন্ত নভোযান পাঠানো যায়, তা পরীক্ষা করা। উৎক্ষেপণের পর থেকে প্রতি ঘণ্টায় ৬ লাখ ৯২ হাজার কিলোমিটার (৪ লাখ ৩০ হাজার মাইল) গতিতে এগিয়েছে পার্কার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমান বন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে যাত্রা শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটির পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড।




সালমান রুশদির বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু ভারতে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসলামবিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস ‌‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।

প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বই বিক্রির কথা জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মাওলানা ইয়াসুফ আব্বাস বলেছেন, ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি। জমিয়তে উলামায়ে হিন্দের আইনি পরামর্শদাতা মাওলানা কাব রশিদি রুশদির বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাকস্বাধীনতা যদি কারও ভাবাবেগে আঘাত কর তবে তার আইনত অপরাধ। তাই স্যাটানিক ভার্সেস বইয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে মুম্বাইয়ে এক কাশ্মিরি মুসলিম পরিবারে, ভারত ভাগের ঠিক আগে আগে। ১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।




ইউনের পর এবার অভিশংসিত হলেন দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও

চন্দ্রদ্বীপ ডেস্ক: আকস্মিক সামরিক আইন জারিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থার মাঝে দক্ষিণ কোরিয়ায় নাটকীয়তা যেন থামছেই না। অভূতপূর্ব পদক্ষেপে এবার পূর্ব এশিয়ার এই দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিশংসিত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার দুই সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভাগ্যেও একই পরিণতি হলো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত ২০২২ সালের মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন হান ডাক-সু। আর প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসনের পর সম্প্রতি তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ পূর্ব এশিয়ার এই দেশটির চলমান সংবিধানিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার দুই সপ্তাহ পরে দেশটি এবার তার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।




গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দফতরের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলায় তিনজন চিকিৎসকসহ প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবন ধ্বংস হয়ে যায় এবং সেখানে বসবাসরত বেশিরভাগ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন—এদের মধ্যে একজন হলেন আহমেদ সামুর, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ। এছাড়াও ইসরা নামক একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস নামের এক রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদও নিহত হয়েছেন।

ইসরায়েল ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় একটি বড় আকারের স্থল আক্রমণ শুরু করে, যার উদ্দেশ্য ছিল হামাস গোষ্ঠীকে পুনরায় সংগঠিত হতে বাধা দেয়া। তবে ফিলিস্তিনিরা ইসরায়েলকে অভিযুক্ত করছে, তারা গাজা উপত্যকায় এলাকার দখল নিতে এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, এই স্থল আক্রমণের পর থেকে ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রবাহে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য, ওষুধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, যার ফলে এখানকার বাসিন্দারা দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বারবার হামলার ফলে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম