একবছরে বিশ্ব ক্রিকেটে সেরা পারফর্মার যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সূর্য ডুবেছে ২০২৪ সালের। ২০২৫–এর নতুন ভোর হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। আরেকটি ব্যস্ততম সূচিতে ডুব দেওয়ার আগে বিগত এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের হালখাতায় নজর দেওয়া যাক। ওই সময়ে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন দুই চ্যাম্পিয়ন পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে ব্যাট-বলে বছরের সেরা পারফর্মার কারা, সেটি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

পুরুষ ক্রিকেটে ব্যাট হাতে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জো রুট। যেখানে তার সঙ্গে দারুণ লড়াই হয়েছে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ ছাড়া ওয়ানডেতে কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কান ব্যাটারদের আধিপত্য এবং টি-টোয়েন্টিতে সহযোগী দেশগুলোর ব্যাটাররাই তালিকায় সবার ওপরে। কারণ ওই সময়ে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ফরম্যাটটিতে খুব বেশি ম্যাচ খেলেনি।

একইভাবে বোলিং পারফরম্যান্সেও একক আধিপত্য নেই কারও। টেস্টে দাপুটে অবস্থান ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র। ওয়ানডেতে সমান উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কানাডার ডিলন হেইলিগারের। টি-টোয়েন্টি বোলিংয়ের তালিকায় শীর্ষ তিনে হাসারাঙ্গা থাকলেও, তার ওপরে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের বোলার।




২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ব

বিশ্বজুড়ে নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যে ২০২৫ সালকে স্বাগত জানাতে শুরু করেছে মানুষ। নতুন বছরের শুরুতেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি প্রথম ২০২৫ সালকে বরণ করে। এরপর, নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির ঝলকানিতে নতুন বছরের আগমন উদযাপিত হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতেও এক মহা আতশবাজির আযোজনে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়। রাত ১২ টা বাজতেই আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির বিস্ফোরণে। এই সময়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিও নতুন বছরে প্রবেশ করে।

জাপানে, রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঐতিহ্যবাহী ঘন্টাধ্বনি বাজানোর মাধ্যমে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হয়। এর পরই দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা ও অন্যান্য দেশ একে একে নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করবে।

চীনে, শ্যানডং প্রদেশে একদল নারী ২০২৫ সালের আগমন উপলক্ষে শুভ কামনার ব্যানার নিয়ে প্রস্তুতি নিচ্ছে। চীনের কংজিয়াং কাউন্টিতে গ্রামের মানুষরা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বেইজিংয়ে ভাষণ দেবেন নতুন বছরের আগমন উপলক্ষে।

বিশ্বের অন্যান্য দেশেও নতুন বছরকে বরণ করতে নানা প্রস্তুতি চলছে। তবে, যুক্তরাজ্যে আবহাওয়ার কারণে কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায়, বছরের শেষের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, নতুন বছর উদযাপন কিছুটা নীরবভাবে অনুষ্ঠিত হচ্ছে।

স্পেনে, নতুন বছরের কাউন্টডাউনের সময় একেকটি আঙুর খাওয়ার প্রথা রয়েছে, যা ১৯০৯ সাল থেকে চলে আসছে। ডেনমার্কে নতুন বছরকে স্বাগত জানাতে থালা ছুড়ার রীতি রয়েছে। ল্যাটিন আমেরিকায় রঙিন অন্তর্বাস পরে নতুন বছরকে বরণ করার প্রথা আছে, যেখানে বিশ্বাস করা হয়, বিভিন্ন রঙের অন্তর্বাস ব্যক্তির জন্য বিভিন্ন ধরণের ভাগ্য নিয়ে আসে।

ফিলিপিন্সের মানুষরা নতুন বছরের আগমনীতে গোল আকারের জিনিস দিয়ে নিজেদের ঘিরে রাখে, পাশাপাশি পোলকা ডটের কাপড় পরিধান করে এবং আঙুর খাওয়ার রীতি পালন করে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি, কিছুটা দেরিতে নতুন বছরে প্রবেশ করবে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং সবশেষে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




৯৫ ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা, ফিরছে ৯০ বাংলাদেশিও

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, সম্প্রতি, বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ ৯৫ ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের ৯০ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত ৯ ডিসেম্বর ট্রলারসহ ৭৮ জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরআগে থেকে আরও ১২ জন ভারতের কারাগারে ছিলেন।

২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় ৯৫ জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সুন্দরবন সামুদ্রিক মৎসজীবী শ্রমিক ইউনিয়ের সেক্রেটারি সথিনাথ পত্র বলেছেন, “আমরা বাংলাদেশে সরকারের জারি করা নির্দেশের কপি পেয়েছি। যেখানে আমাদের জেলেদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের ভারতে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য স্বস্তির। কারণ এই গরীব জেলেরা গত অক্টোবর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি।” আজ তাদের একটি প্রতিনিধি বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ জেলেদের ট্রলারগুলোও ছেড়ে দেবে। আমরা আশা করি নতুন বছরে তারা বাড়িতে ফিরবে।”




দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি।

আর এই কারণেই কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল।




বিশ্বের ১১ শতাংশ স্বর্ণের মালিক ভারতীয় নারীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: হাজারেরও অধিক বছর ধরে ভারতের নারীদের কাছে সম্পদ, ঐতিহ্য, আভিজাত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের নারীরা সঞ্চয় করে আসছেন এই সুন্দর মহামূল্যবান ধাতুটি।

সাধারণত অলঙ্কার প্রস্তুতের মাধ্যমে স্বর্ণ সঞ্চয় করেন ভারতীয় নারীরা। বছরের পর বছর ধরে এই প্রবণতার জেরে তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও রীতিমতো ফুলে-ফেঁপে উঠছে। স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নারীরা সামষ্টিকভাবে এই মুহূর্তে প্রায় ২৪ হাজার টন স্বর্ণের মালিক, শতকরা হিসেবে যা বিশ্বের মোট স্বর্ণের ১১ শতাংশ।

এমনকি বিশ্বের অনেক শিল্পোন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টেও এত পরিমাণ স্বর্ণ নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে ৮ হাজার টন স্বর্ণ, জার্মানির রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩০০ টন স্বর্ণ এবং ইতালি, ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে রয়েছে যথাক্রমে ২ হাজার ৪৫০ টন, ২ হাজার ৪০০ টন এবং ১ হাজার ৯০০ টন স্বর্ণ।

বিশ্বের শিল্পোন্নত এই ৫ দেশের রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণ ১৮ হাজার ৫০ টন। অর্থাৎ, ভারতীয় নারীদের কাছে থাকা স্বর্ণের পরিমাণ পৃথকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়ার চেয়ে বেশি তো বটেই উপরন্তু এই ৫ দেশের রিজার্ভে মোট যে পরিমাণ সঞ্চিত স্বর্ণ রয়েছে— তার চেয়েও প্রায় ৬ হাজার টন বেশি।

শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও জার্মানির রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণের থেকেই বেশি স্বর্ণের মালিক ভারতীয় নারীরা।




সম্পূর্ণ বিনা মূল্যে ইউরোপের চার দেশে অধ্যয়নের সুযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ফুল-ফান্ডেড এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদস্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

গত বছর সবচেয়ে বেশি (১৯২টি) স্কলারশিপ পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। ফলে দেশটি ছিল প্রথম স্থানে। স্কলারশিপের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটির শিক্ষার্থীরা পেয়েছেন ১৭৪টি স্কলারশিপ। এরপরই মেক্সিকো ১১৮, নাইজেরিয়া ১০৯, ব্রাজিল ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন ৭২টি করে, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২ ও কাজাখস্তান ৫১টি করে স্কলারশিপ পেয়েছে।




সিরিয়ার বিষয়ে ব্লিঙ্কেনকে যে সতর্কবার্তা দিল তুরস্ক

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপে এমন বার্তা দেন। খবর আলআরবিয়ার।

ফোনালাপে ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করার এবং সংকটকালীন পর্যায়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনকু কেচেলি।

ফিদান বলেন, তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে, যা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

ফিলিস্তিনির বিষয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন।

রাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে, ব্লিঙ্কেন একটি সিরিয়া-নেতৃত্বাধীন এবং সিরিয়া-মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

মিলার একটি বিবৃতিতে জানান, ব্লিঙ্কেন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, যা তুরস্ক এবং সিরিয়া উভয়ের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিরোধ করা।




সিরিয়ায় নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত লাগতে পারে : আল-শারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমপক্ষে আরও চার বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা। রোববার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।

দেশে জেঁকে বসা বাশার আল-আসাদের স্বৈরশাসনের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্বশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর ক্ষমতায় আসেন তিনি।

আসাদের পতনের পর দেশটিতে প্রথমবারের মতো নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন আহমেদ আল-শারা। সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ায় নতুন একটি সংবিধানের খসড়া তৈরিতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর দেশে ব্যাপক পরিবর্তন আনার জন্য আরও প্রায় এক বছর সময় লাগবে।




সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।

এনবিসি নিউজের তথ্যমতে, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।




দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৯

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৭৯ জনে। দুর্ঘটনায় কেবল ২ জন বেঁচে গেছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য মিরর।