দাবানল আবার ছড়াচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল ছয় দিনেও নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আরও বাড়তে পারে আগুন।

গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।




গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন।

রোববার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডোর তৈরি করা। এই করিডোর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে।

যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরাইলি সেনাবাহিনী। তবুও নিজেদের ‘সেনা সরিয়ে নিতে’ এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি।

এর আগে, আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া এবং শিন-বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়।




গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৬ হাজার ৫০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৩৭ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৫৭১ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩২ জন নিহত এবং আরও ১৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।




যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। পাঁচ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশটির দক্ষিণে ঠিক বিপরীত চিত্র। সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্যে এখনো কনকনে শীত, চলছে তুষারপাত।

প্রতিবছরে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ওঠে। কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা। এ কারণে আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে। তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র শূন্য দশমিক ৩ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টিই লস অ্যাঞ্জেলেসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ১০ হাজারের বেশি অবকাঠামো। শুক্রবার পর্যন্ত দাবানলে ১৫০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদার।




আ. লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে।

বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। তার বিরুদ্ধে এরপর হত্যাসহ একাধিক মামলা হয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস
প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।




আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক: গুঞ্জনটাই দিনশেষে হলো সত্যি। চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও পাস করা হলো না সাকিব আল হাসানের। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেই নিষিদ্ধ হচ্ছেন তিনি।

গেল দুদিন ধরেই বাতাসে ভাসছিল তথ্য। চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। খেলতে হবে ব্যাটার পরিচয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, ভারতও বিশ্বাস করে: জ্যাক সুলিভান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতি এবং তার ভারত পালানোর ঘটনাকে কেন্দ্র করে নানা গুঞ্জন ও জল্পনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা হাসিনাকে উৎখাতে সক্রিয় ছিল। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আবারও এ ধরনের অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা নেই এবং ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ ব্যাপারে একমত।

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের এক নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় সুলিভান বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারতীয় শীর্ষ কর্মকর্তাদেরও বিশ্বাস রয়েছে যে, এসব ধারণা ভিত্তিহীন এবং ভুয়া।”

এটা নতুন কিছু নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনাকে উৎখাতে তাদের কোনো ভূমিকা নেই বলেও জানানো হয়েছিল। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে গত বছর আগস্টে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। যদি কোন প্রতিবেদনে বা গুজবে বলা হয় যে যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনায় জড়িত ছিল, তা সম্পূর্ণ মিথ্যা।”

এদিকে, কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল যে, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতীয় ইকোনমিক টাইমস পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পত্রিকাটি বলেছিল, যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে অনুপ্রবেশ করতে চায় এবং এ কারণে তারা হাসিনাকে উৎখাতে ভূমিকা রেখেছিল। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন, তার মা কখনোই এমন কোনো বক্তব্য দেননি।

সুলিভান ভারত সফরের সময় এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সীমান্তে উত্তেজনা এড়াতে আপাতত বেড়া নির্মাণ বন্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নিরসনে আপাতত কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এতে আপত্তি জানায়। এরপর মঙ্গলবার ফের নির্মাণকাজ চালানোর চেষ্টা করলে পতাকা বৈঠকের মাধ্যমে তা বন্ধ করা হয়।

বিএসএফের কর্মকর্তা জানান, “বেড়া নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা জরুরি নয়। ফলে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ আপাতত স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নির্মাণ শুরু হবে। তবে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাটির বাঙ্কার তৈরি এবং বিজিবি সদস্যদের পাহারা দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সাধারণ মানুষকেও সেখানে পাহারা দিতে দেখা যায়।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ২,২১৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার ৫০ শতাংশ এখনো বেড়াবিহীন। মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে ২৭ কিলোমিটার এলাকায় বেড়া নেই।

বিএসএফ কর্মকর্তার দাবি, গত বছর এই এলাকায় বেড়া নির্মাণ শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ বন্ধ রাখতে হয়। এবার কাজ শুরু করতে গিয়ে বিজিবির আপত্তির মুখে পড়তে হয়েছে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন ‘কঠিন অবস্থায় পড়েছেন’ : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ওয়াশিংটন ও লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন কঠিন চাপে রয়েছেন। এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, “পুতিন এখন কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি যে ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তা অব্যাহত রাখার আর কোনও সুযোগ নেই।”

বাইডেন আরও উল্লেখ করেন, যদি পশ্চিমা দেশগুলোর সহযোগিতা অব্যাহত থাকে, তবে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বাইডেন এ কথাও বলেন যে, ট্রাম্পের প্রশাসন পরিবর্তনের পর ইউক্রেনের জন্য আরও কার্যকর সমর্থন নিশ্চিত করা হবে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের, গাজায় নিহত আরও ২১

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল ভোর থেকে ভূখণ্ডজুড়ে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

এদিকে লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একইসঙ্গে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি। শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরায়েলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসার বন্দরও রয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছেন এবং ইসরায়েলের সামরিক বাহিনী পরে বলেছে, তারা এখনও লেবাননের সাথে “যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ”।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) গাজার হাসপাতালের জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য সম্ভাব্য “বিপর্যয়কর পরিস্থিতি” সম্পর্কে সতর্ক করেছে।

অন্যদিকে শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিরলস এই হামলায় আরও লক্ষাধিক লোক আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।