৪২ দিনের যুদ্ধবিরতি, ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় চূড়ান্ত করা হচ্ছে গাজার যুদ্ধবিরতি চুক্তি। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৩৩ জিম্মিকে মুক্তি দেবে।

ইসরাইলের ধারণা, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত আছেন। সোমবার এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান। তবে যারা মুক্তি পাবেন, তাদের মধ্যে কয়েকজন ‘নিহত’ জিম্মিও থাকবেন—অর্থাৎ, তাদের মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করবে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণ সীমান্তে হামলা চালায় হামাস। সে সময় ২৫১ ব্যক্তি জিম্মি হন। তাদের মধ্যে এখনো ৯৪ জন হামাস ও তাদের মিত্রদের কাছে বন্দি আছেন বলে ধারণা করা হয়।

ইসরাইলি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হস্তান্তরকেও জিম্মি মুক্তির অংশ হিসেবে বিবেচনা করা হবে।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এবং এর শর্তগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য ইসরাইল প্রস্তুত আছে।

সোমবারের এক বক্তব্যে একই ধরনের আশাবাদ প্রকাশ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পররাষ্ট্রনীতির ওপর দেওয়া এই বক্তব্যে তিনি জানান, এই চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্র বড় আকারে চাপ অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, আমরা যে চুক্তির কাঠামো তৈরি করেছি, তাতে জিম্মিরা মুক্তি পাবে, যুদ্ধ বন্ধ হবে এবং ইসরাইল নিরাপত্তা পাবে। এর ফলে আমরা হামাসের শুরু করা যুদ্ধে ভয়াবহ পর্যায়ের দুর্ভোগ পোহানো ফিলিস্তিনি জনগণের জন্য উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তার পরিমাণ বাড়াতে পারব। তাদেরকে কার্যত নরক-যন্ত্রণা দেওয়া হয়েছে।

এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন এমন এক কূটনীতিবিদ সিএনএনকে জানান, আজ মঙ্গলবার দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

পাশাপাশি, আজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন জিম্মির পরিবারের সদস্যদের দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।

প্রথম চুক্তি চালুর ১৬তম দিবস থেকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। সংশ্লিষ্টদের আশা, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে স্থায়ীভাবে গাজার সংঘাতের অবসান হবে।

সর্বশেষ প্রস্তাব মতে, ইসরাইলি বাহিনী ফিলাডেলফি করিডরে সামরিক উপস্থিতি বজায় রাখবে। মিশর-গাজা সীমান্তের এই অপ্রশস্ত ভূখণ্ডে চুক্তির প্রথম পর্যায়ে ইসরাইলি সেনারা এই করিডর ছাড়বেন না।

সেপ্টেম্বরের সর্বশেষ রাউন্ডের যুদ্ধবিরতি আলোচনা এই শর্তের কারণেই ব্যর্থ হয়েছিল বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। হামাসের জোর দাবি ছিল যুদ্ধবিরতির শুরু থেকেই গাজা থেকে ইসরাইলি সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া।

তবে এবার হামাস এই শর্ত মেনে নেওয়ার আভাস দিয়েছে।

পাশাপাশি, ইসরাইল গাজার ভেতর একটি বাফার জোন তৈরি করবে বলে জানান ইসরাইলি কর্মকর্তা। ইসরাইল-গাজা সীমান্ত নিরাপদ রাখতেই এই উদ্যোগ। তবে এই বাফার জোন কতটুকু জায়গা জুড়ে স্থাপন করা হবে, তা জানাননি তিনি।

এ বিষয়টিও চুক্তি ভেস্তে যাওয়ার অন্যতম কারণ ছিল।

এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা সোমবার সাংবাদিকদের বলেন, রোববার রাতে দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বারনিয়ার আলোচনায় তারা আশার আলো দেখতে পেয়েছেন।

কর্মকর্তা বলেন, খুব শিগগির চুক্তি চূড়ান্ত হতে পারে—তবে কয়েক ঘণ্টা না কয়েকদিনের মধ্যে, তা বলা সম্ভব নয়।

তিনি জানান, চুক্তির শর্তগুলো শিগগির বাস্তবায়নের জন্য ইসরাইল প্রস্তুত, তবে তা শুরুতে নিরাপত্তা ক্যাবিনেট ও সরকারের পূর্ণাঙ্গ ক্যাবিনেটের অনুমোদন পেতে হবে।

এক আরব কর্মকর্তা বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে আমরা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার জন্য বেশি প্রস্তুত আছি। তবে এখনো দোহার মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে।




পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্যা গার্ডিয়ান* এ তথ্য নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে যে, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার গ্রহণ করেছেন টিউলিপ সিদ্দিক।

তবে, টিউলিপ সিদ্দিক তাঁর ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করেছে যে, মন্ত্রীর পদে দায়িত্ব পালনকালে তার কোনো অনিয়ম ছিল না এবং তিনি নৈতিকভাবে কোনো ভুল কাজ করেননি। তবুও, সরকারের বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি পদত্যাগ করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।




পদত্যাগপত্রে যা বললেন টিউলিপ সিদ্দিক

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তবে কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে নিজের বিষয়ে ওঠা অভিযোগ এবং প্রধানমন্ত্রীর স্বাধীন পরামর্শকের দ্বারা তদন্তের বিষয়টিও উল্লেখ করেছেন টিউলিপ। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, সরকারের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় আমাকে আমার বর্তমান ও পূর্বের আর্থিক এবং জীবনযাত্রার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনার মিনিস্টারিয়াল স্ট্যানডার্ডের স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাসের প্রতি কৃতজ্ঞ।’




নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলার নেই: গোয়েন লুইস

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোন সময়ে অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেন তিনি। গোয়েন লুইস বলেন, “বছরের মাঝে অথবা শেষে নির্বাচন হবে, এটি সরকারের এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত হবে। আমরা নির্বাচন সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তার জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছে। আমরা সহায়তা কীভাবে দেওয়া যায়, তা দেখতে ঢাকায় জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করব।”

এছাড়া, গোয়েন লুইস জানান, জাতিসংঘের সহায়ক দল ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং আগামী বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনী বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করার জন্য প্রতিনিধি দল যাবে। এরপর তারা তাদের প্রতিবেদন জমা দেবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




লেবাননের প্রধানমন্ত্রী হলেন আইসিজের শীর্ষ বিচারক নাওয়াফ সালাম

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) প্রেসিডেন্ট ও শীর্ষ বিচারক নাওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তাকে নতুন মন্ত্রিসভা ও সরকার গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট আউনের এই ঘোষণার মাধ্যমে লেবাননে প্রায় দুই বছরের অচলাবস্থার অবসান ঘটল। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা নাওয়াফ সালামের এ মনোনয়নকে পশ্চিম এশিয়ার সংকটে জর্জরিত এ দেশটির জন্য চমকপ্রদ পরিবর্তন বলে উল্লেখ করেছেন। এর প্রধান কারণ গত দুই বছর ধরে লেবাননে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন ছিল এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা সামাল দেওয়ার মতো শক্তি সেই সরকারের ছিল না। ২০২২ সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্টের পদও খালি ছিল।

সৌদি আরবের জোরালো চাপের জেরে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার পার্লামেন্টে এমপিদের ভোটের ভিত্তিতে লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আউন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্ধারণের জন্য সোমবার ফের ভোট দেন এমপিরা।




চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন হচ্ছে: ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের এক দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ব্লকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে এ তথ্য জানা যায়।




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে।

রোববার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে।

এছাড়া, এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৬০ জন ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরও ৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবুও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, ৫ মাসে আয় ২৫ লাখ ডলার

চন্দ্রদ্বীপ ডেস্ক: তুরস্কে সাধারণ ট্যাপের পানিকে মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করায় বিলাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ৫ মাস ধরে তিনি এই প্রতারণা করে আসছিলেন এবং এ থেকে তিনি মুনাফা করেছেন অন্তত ২৫ লাখ ডলার বা ৯ কোটি লিরা (বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকা)।

অনুসন্ধানে আরও জানা গেছে, এই পাঁচ মাসের প্রতিদিন তিনি ২০ টন করে ‘জমজমের পানি’ বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো ২২ হাজার ডলার বা ৬০ হাজার লিরা।

রোববার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবসা কেন্দ্র থেকে ১৫ টন (১৫ হাজার লিটার) ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি তিনি ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন।




গাজা উপত্যকা নিয়ে ইলন মাস্কের নতুন পরিকল্পনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ফিলিস্তিনির স্বাধীনতা গোষ্ঠী হামাসকে নির্মূল করে গাজা উপত্যকাকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেভাবে জাপান ও জার্মানিকে পুনর্গঠনে সহায়তা করেছিল, গাজার ক্ষেত্রেও তেমন উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জার্মানির অলটারনেটিভ ফুর ডয়েচল্যান্ড (এএফডি) পার্টির নেতা অ্যালিস ওয়েইডেলের সঙ্গে ভার্চুয়াল আলাপে মাস্ক বলেন, ইসরায়েলকে রক্ষায় তিনটি ধাপ প্রয়োজন।

প্রথমত, ইসরায়েলকে ধ্বংস করতে চায় এমন গোষ্ঠী, বিশেষত হামাস, নির্মূল করা। দ্বিতীয়ত, ফিলিস্তিনিদের শিক্ষাব্যবস্থা সংস্কার করা, যাতে ঘৃণার বদলে শান্তি ও সহাবস্থানের শিক্ষা দেওয়া হয়। তৃতীয় ধাপ হলো- গাজা উপত্যকাকে সমৃদ্ধ করা এবং পুনর্গঠনে সহায়তা দেওয়া।

মাস্ক উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র জাপান-জার্মানিকে আর্থিক ও অবকাঠামোগত সহায়তা দিয়ে গড়ে তুলেছিল। এই উদ্যোগের ফলে আজ তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। গাজার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।