মরক্কোর উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কো মঙ্গলবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। দেশটির উত্তরাঞ্চলের কাসার এল কেবির এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে, তবে তাৎক্ষণিকভাবে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মরক্কোর রাজধানী রাবাতসহ ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে ভূমিকেন্দ্রটি অনুভূত হয়েছিল। তবে এখনও সরকারের পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এটি ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোতে আঘাত হেনেছিল ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী একটি ঘটনা। ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং মারাকেচ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত : ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, আগামী শনিবার দুপুরের মধ্যে সকল বন্দিকে মুক্তি দিতে হবে। আর তেমনটি না হলে গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হওয়া উচিত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যদি শনিবার দুপুরের মধ্যে গাজায় আটক সকল বন্দিকে ফিরিয়ে না দেওয়া হয় তবে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন এবং এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে দেবেন যা “হঠাৎ করেই সহিংস হয়ে উঠবে”।

ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, তিনি জর্ডান এবং মিসরকে সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারেন যদি তারা গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের স্থানান্তরিত না করে।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করে হামাস। হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, “গত তিন সপ্তাহে, প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের (ইসরায়েল) চুক্তি লঙ্ঘনের বিষয়টি অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরায় বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলার মতো ঘটনাও এর মধ্যে রয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।”

তিনি বলেন, “আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার ইহুদিবাদী বন্দিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ না দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এই সিদ্ধান্তে অটল থাকব।”

হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।




শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আর এর পেছনে এক বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী। দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে একটি বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, শ্রীলঙ্কায় দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। ২ কোটি ২০ লাখ মানুষের এই দ্বীপ দেশটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু করা হচ্ছে, তবে এক্ষেত্রে চিকিৎসা অবকাঠামো এবং পানি বিশুদ্ধকরণ প্লান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোদি সাংবাদিকদের বলেছেন, “একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে, যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে।”

বিবিসি বলছে, রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ব্ল্যাকআউট শুরু হয়, যার ফলে অনেকেই বাধ্য হয়ে জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হন। কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ ফিরতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

সোশ্যাল মিডিয়ায় লোকেরা ঘটনাটি নিয়ে কৌতুক করতে গিয়ে কর্তৃপক্ষের সমালোচনাও করেছেন। মারিও নাওফাল নামে এক এক্স ব্যবহারকারী তার হ্যান্ডেলে লিখেছেন, “দুর্বৃত্ত এক বানর কলম্বোর একটি সাবস্টেশনে প্রবেশের পর শ্রীলঙ্কার পুরো পাওয়ার গ্রিড ব্যর্থ হয়ে গেছে। একটি বানর = সার্বিক বিশৃঙ্খলা। পরিকাঠামো নিয়ে পুনরায় ভাবনা-চিন্তার সময় এসেছে?”

শ্রীনি আর নামে আরেকজন এক্স ব্যবহারকারী একটি বানরের মুখসহ হিন্দু দেবতা হনুমানের একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “শ্রীলঙ্কা অতীতে বানর ব্যবসার স্বাদ নিয়েছে।”

স্থানীয় সংবাদপত্র ডেইলি মিরর-এর প্রধান সম্পাদক জামিলা হুসেন লিখেছেন, “শুধুমাত্র শ্রীলঙ্কায়ই বানরের একটি দল একটি পাওয়ার স্টেশনের ভেতরে লড়াই করে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে।”

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদপত্রটি বলেছে, প্রকৌশলীরা পাওয়ার গ্রিডগুলোকে আপগ্রেড করতে বা ঘন ঘন ব্ল্যাকআউটের মুখোমুখি হওয়া ঠেকাতে “বছরের পর বছর ধরে” ধারাবাহিক ভাবে সরকারগুলোকে সতর্ক করে আসছেন।

নাম প্রকাশ না করা এক সিনিয়র প্রকৌশলীর উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, “জাতীয় পাওয়ার গ্রিডটি এমন একটি দুর্বল অবস্থায় রয়েছে যে ঘন ঘন দ্বীপব্যাপী বিদ্যুৎ বিভ্রাট শুরু হতে পারে যদি এমনকি আমাদের একটি লাইনেও কোনও গোলযোগ দেখা দেয়।”




গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক : টানা ১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতিটি তিনটি ধাপে করা হয়েছে। যেটির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। আর শেষ ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে।

তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদমাধ্যম হারেতজকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

একটি সূত্র বলেছে, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তাদের মূলত ‘টেকনিক্যাল’ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে। যাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ‘পাওয়ার’ দেওয়া হয়নি। আর কোন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল, সেটিও নিশ্চিত নয়।




সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনও ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতোদিন ছিল সেটা বাতিল করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংস্থাটি বলছে, চাকরিরত অবস্থায় মারা যাওয়া সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সুবিধা বাতিল করেছে সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ।

তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধার জন্য যোগ্য হবেন। স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

এছাড়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে সম্পন্ন করা নিয়োগগুলোও এই রায়ের কারণে প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর, পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরির কোটা প্রকল্পকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার রায় দেয়। অতীতে এই প্রকল্পের অধীনে কোনও মৃত কর্মচারীর বিধবা স্ত্রী বা স্বামী বা চিকিৎসাগতভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তানকে উন্মুক্ত প্রতিযোগিতা বা যোগ্যতা-ভিত্তিক নির্বাচনী পরীক্ষার প্রয়োজন ছাড়াই কোনও একটি সরকারি পদে নিয়োগ করা হতো।

রায়ে পাকিস্তানের শীর্ষ আদালত উল্লেখ করে, এই ধরনের প্রকল্পটি নিম্ন-গ্রেডের কর্মচারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে বিশেষভাবে বৈষম্যমূলক। আদেশে বলা হয়, “এই চাকরিগুলো বংশগত নয় বা করা যাবে না।”

আদালত আরও বলেছিল, যে কোনও নীতি বা আইন যদি সাংবিধানিক নীতির সাথে সাংঘর্ষিক হয় তা বিচারিক পর্যালোচনার বিষয় হবে। ফেডারেল এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে সাংবিধানিক কাঠামোর সাথে সামঞ্জস্য করে এই আইনগুলো প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে।




বৈশ্বিক পাসপোর্ট সূচকে একই অবস্থানে বাংলাদেশ-ফিলিস্তিন-লিবিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা বিশ্বের সবেচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে। ২০২৪ সালে এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯৭তম অবস্থানে থাকলেও এ বছর ৯৩তম স্থানে রয়েছে।

যদিও বৈশ্বিক পাসপোর্ট সূচকে গত বছরের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশের পাসপোর্ট এই তালিকার ৯৭তম স্থানে ছিল। একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। গত বছরের শেষ সংস্করণের তুলনায় চলতি বছরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানের চার ধাপ উন্নতি ঘটেছে।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করেছে।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়।




সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে ২৮ ফেব্রুয়ারি, আকাশে থাকবে ৩২ মিনিট

চন্দদ্বীপ ডেস্ক:  সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশের মুসল্লিরা ২মার্চ প্রথম রমজান পালন করবেন।

সূত্র: মিনিটমিরর



দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে।

দেশটির নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।




আন্তর্জাতিক আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গতবছর বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশে সই করেছেন। নির্দেশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন তদন্ত করা হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ করে। তারপর ইসরায়েল গাজায় আক্রমণ চালায়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি, ইসরায়েলসহ বেশ কিছু দেশ। এরপর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, আইসিসি যা করেছে, তা বিপজ্জনক নজির হিসাবে থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।




ট্রাম্পের গাজা দখল মন্তব্য নিয়ে যা বলছে রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার এবং উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলেও জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষের পর এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। এর মাঝেই উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। আর এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্যের প্রয়োজন নেই।

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি গাজা উত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে মিসর এবং জর্ডানে পুনর্বাসিত করতে চান। গাজা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন তিনি।