দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

এসময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি স্বাগত জানান।‌

ড. আহমেদ বেলহৌল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকে বার্ষিক দুবাইয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত

তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে আজ‌ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের দিছে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারি ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে।




রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি ট্রাম্প-পুতিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার “দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ” কথোপকথন হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, “আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”

তিনি বলেন, তারা প্রত্যেকে তাদের দেশের শক্তি এবং সেই “মহান সুবিধা” সম্পর্কে কথা বলেছেন যে তাদের একদিন একসাথে কাজ করতে হবে।

ট্রাম্প আরও বলেন, “কিন্তু প্রথমে আমরা উভয়ে একমত হয়েছি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যে লাখ লাখ মৃত্যুর ঘটনা ঘটছে তা আমরা বন্ধ করতে চাই। প্রেসিডেন্ট পুতিন আমার খুব প্রচারাভিযানের শক্তিশালী নীতিবাক্য ব্যবহার করেছেন, ‘কমন সেন্স’। আমরা উভয়েই এটিতে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি।”




মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে।

সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট ‘নাজিউ’ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসাবে শেষ মুহূর্তে আল-আলি বাঁধকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে। এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসি অস্ত্র বাঁধ ধ্বংস করে বন্যার সৃষ্টি করতে পারে।

সাইটটি আরও জানিয়েছে ওই বন্যা আল আকসার এবং আসওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে পৌঁছে যেতে পারে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে!




এ বছর হজ পালনে যেসব শর্ত দিলো সৌদি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তারা বলেছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে।

আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে।

হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধীতে যারা ভুগছেন, তাদের হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া হজের পোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে।

হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

যাদের হজের অনুমোদন দেওয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়া এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি।

গত বছর সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। যারমধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। অপরদিকে সৌদি থেকে হজ পালন করেন দুই লাখ মানুষ।

সূত্র: গালফ নিউজ




যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩০০ কোটি ডলার : জাতিসংঘ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টানা ১৫ মাস ধরে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রয়োজন ৫ হাজার ৩০০ কোটিরও বেশি মার্কিন ডলার।

জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য ৫ হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি প্রয়োজন হবে বলে মঙ্গলবার জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। আর এই অঞ্চলটি পুনর্গঠনের জন্য প্রথম তিন বছরে স্বল্পমেয়াদে প্রয়োজন ২০ বিলিয়ন ডলারেরও বেশি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই প্রতিবেদনে বলা হয়েছে, “গাজা উপত্যকাজুড়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ৫৩.১৪২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে প্রতিবেদনে অনুমান করা হয়েছে। এর মধ্যে প্রথম তিন বছরে স্বল্পমেয়াদে প্রয়োজন প্রায় ২০.৫৬৮ বিলিয়ন ডলার।”

সংঘাতের ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক ক্ষতির কথা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার অর্থনীতি ২০২৪ সালে ৮৩ শতাংশ সঙ্কুচিত হবে, বেকারত্ব ৮০ শতাংশে পৌঁছে যাবে। রিপোর্টে বলা হয়েছে, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দারিদ্র্য ২০২৪ সালে ৭৪.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৩ সালের শেষে ছিল ৩৮.৮ শতাংশ।”

গুতেরেস জোর দিয়ে বলেছেন, অবিলম্বে মানবিক প্রয়োজনগুলো পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “তাৎক্ষণিকভাবে এবং স্বল্পমেয়াদে মানবিক সংকট মোকাবিলায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানের ওপর অবিরত মনোযোগের প্রয়োজন হবে।”

২০২৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের পক্ষ থেকে ৬.৬ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার আবেদনের কথা স্মরণ করে প্রতিবেদনে বলা হয়েছে, ওই আবেদন থেকে ৩.৬ বিলিয়ন ডলার গাজার ২১ লাখ ফিলিস্তিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে বরাদ্দ করা হয়েছে।

গাজায় ছয়-সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় গত ১৯ জানুয়ারি কার্যকর হয়েছে। সেদিন থেকেই গাজায় বন্ধ হয়েছে ইসরায়েলি আগ্রাসন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা এই আগ্রাসনে গাজায় ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আরও ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।




বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এমনকি হামাস “চূড়ান্তভাবে পরাজিত” না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, যদি শনিবারের মধ্যে হামাস সেখানে আটক থাকা বন্দিদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটক থাকা তিন বন্দির মুক্তি লাভের কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, “যদি শনিবার দুপুরে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত (ইসরায়েলি সেনাবাহিনী) তীব্র লড়াইয়ে ফিরে যাবে।”

হামাস বলেছে, ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা, মানুষের ওপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে।

এরপর নেতানিয়াহু মঙ্গলবার একের পর এক টুইট বার্তায় হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন এবং বলেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে “গাজা উপত্যকার অভ্যন্তরে এবং চারপাশে বাহিনী জড়ো করার” নির্দেশ দিয়েছেন।

তিন সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপে মোট ৩৩ জন বন্দি ও ১৯০০ বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। ইসরায়েল জানিয়েছে, ৩৩ জনের মধ্যে আট জন আর জীবিত নেই। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় হামাস মোট ২৫১ জনকে আটক করেছিল।

জবাবে ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালায় এবং এতে মোট ৪৮ হাজার ফিলিস্তিনি মারা গেছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




ট্রাম্পের চাপ দৃঢ়ভাবে উপেক্ষা করলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। হোয়াইট হাউসের ওভাল অফিসে, ১১ ফেব্রুয়ারি ২০২৫ছবি: রয়টার্স
গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে। এই বিষয়ে আরব দেশগুলো একমত।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না।

ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবে আরব দেশগুলো এরই মধ্যে হতাশা প্রকাশ করেছে। তাঁর প্রস্তাব অনুযায়ী, পুনর্গঠনের জন্য গাজাবাসীকে প্রতিবেশী মিসর ও জর্ডানসহ আরও কয়েকটি দেশে পাঠানো হবে। সেখান থেকে তাঁদের আর গাজায় ফিরতে দেওয়া হবে না। গাজাকে ‘মধ্যপ্রাচ্যের সমুদ্রসৈকতে’ রূপ দেওয়া হবে।




ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করলো হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান। খবর রয়টার্সের।

তিনি বলেন, গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।

এদিকে, হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন।




বিমসটেক এবং সার্ক এর মধ্যে কোনও বিরোধপূর্ণ স্বার্থ নেই: মহাসচিব

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে আজ বলেছেন, বহু-খাত ভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ (বিমসটেক) এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মধ্যে কোনও বিরোধ নেই। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো একই সাথে একাধিক আঞ্চলিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারে, এবং এই বিষয়টি উভয় সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কোনও দ্বন্দ্ব সৃষ্টি করে না।

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দেশ সার্ক এবং বিমসটেক উভয় সংস্থার সদস্য, এবং বেশ কয়েকটি দেশ আসিয়ানের অংশও। একাধিক আঞ্চলিক গোষ্ঠীতে সম্পৃক্ত থাকার মধ্যে কোনো বিরোধ নেই।’

ঢাকার গুলশানে বিমসটেক সচিবালয়ে কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) সদস্যদের সাথে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। ভারতের এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে সার্কের কার্যকারিতা নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে তিনি এই বক্তব্য দেন।

পান্ডে আরও উল্লেখ করেন, উভয় সংস্থা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আলাদা হলেও পরিপূরক ভূমিকা পালন করে। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেখানে সার্ক ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার উপর মনোনিবেশ করেছে।

আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন সম্পর্কে সর্বশেষ অগ্রগতি জানিয়ে তিনি বলেন, ৪ এপ্রিল থাইল্যান্ডে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার প্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মহাসচিব জানান, শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সরকার প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হবে।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে পান্ডে আরও বলেন, “বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সংগঠনটির শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।” তিনি বিমসটেকের আঞ্চলিক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সংস্থাটির লক্ষ্য আঞ্চলিক সংহতি জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সুবিধা সৃষ্টি করা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গুয়াতেমালায় বাস উল্টে নিহত ৫১, আহত শতাধিক

গুয়াতেমালার একটি সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুয়াতেমালার ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানান, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকা মৃতদেহগুলোর উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে গুয়াতেমালার রাজধানী থেকে বের হওয়া একটি ব্যস্ত সড়কে, পুয়েন্তে বেলিস এলাকায়। সেতু পার হওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, দূষিত খাদে পড়ে বাসটি উল্টে গেছে এবং উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করছে।

ঘটনাটির পর, গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং আহত ও নিহতদের উদ্ধারে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এছাড়া, গুয়াতেমালা সিটির মেয়র রিকার্ডো কুইনোনেজ জানিয়েছেন, ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা মোতায়েন আছেন এবং ট্রাফিক পুলিশ দুর্ঘটনা কবলিত এলাকায় যান চলাচল রোধ করে বিকল্প পথ তৈরিতে কাজ করছে।

গুয়াতেমালার কংগ্রেসের প্রেসিডেন্টও সামাজিক মাধ্যমে এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন, এবং নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম