যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের লাস ক্রুস শহরের ইয়ং পার্কে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই হামলা শুক্রবার (২২ মার্চ) রাতে একটি অনুমোদনহীন গাড়ি প্রদর্শনী আয়োজনের সময় ঘটে। ঘটনাটি রাত ১০টার দিকে ঘটে, যখন দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোলাগুলির সময় পার্কে অন্তত ২০০ জন লোক জমায়েত ছিল। পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে ৬০টি বুলেট শেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিহতদের মধ্যে দুইজনের বয়স ১৯ এবং একজনের বয়স ১৬ বছর। তবে নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক : হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও গাজার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। গত ১৮ মার্চ সাবেক প্রধামন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান।

এরআগে রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেন, “ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে।”




হাসিনাবিরোধী অভ্যুত্থান জানলেও ভারতের কিছু করার ছিল না: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের আগে হাসিনাবিরোধী গণঅভ্যুত্থানের বিষয়টি ভারতের কাছে পরিচিত ছিল, তবে সে সময় ভারত কোনও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম ছিল না। তিনি বলেন, ভারত সরকারের শেখ হাসিনার ওপর যথেষ্ট প্রভাব ছিল না, তাই শুধু পরামর্শ দেওয়ার সুযোগ ছিল।

শনিবার (২৩ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত এ বিষয়ে আগে থেকেই অবগত ছিল, কিন্তু সেসময় আমাদের অবস্থান এমন ছিল না যে আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারব। আমাদের শেখ হাসিনার ওপর যথেষ্ট প্রভাব ছিল না।”

বৈঠকে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি—বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান—নিয়ে আলোচনা হয়। জয়শঙ্কর তার বক্তব্যে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। তুর্ক সম্প্রতি বলেছিলেন যে, বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যাতে তারা দমন-পীড়নে জড়িত না হয়, না হলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে তারা বাদ পড়তে পারে।

২০১৫ সালের ৫ আগস্ট, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ও হাসিনাবিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসন শেষ হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, এবং এখনও তিনি সেখানে অবস্থান করছেন।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে, তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত




ইসরায়েলে একের পর এক রকেট হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : গত নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার পর গত চার মাসের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন কয়েক ডজন রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি সৈন্যরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে এক শিশুসহ অন্তত দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। তবে ইসরায়েলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ। লেবানন বলেছে, ইসরায়েলে রকেট হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।




সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি

চন্দ্রদ্বীপ ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশজুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত ৩৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয় বলে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আগামী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী এই মেয়রকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা।

দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইস্তাম্বুলের এই মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণার কয়েক দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেছেন, তার সরকার ‘‘ভাঙচুর’’ কিংবা ‘‘রাস্তার সন্ত্রাসের’’ কাছে ‘‘আত্মসমর্পণ’’ করবে না। তিনি বলেন, ‘‘আমরা জনসাধারণের শৃঙ্খলায় কোনও ব্যাঘাত ঘটানো হলে তা মেনে নেব না।’’

এদিকে, বিক্ষোভকারীরা মেয়রের গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তার দ্রুত মুক্তি এবং এরদোয়ানের পদত্যাগের দাবি তুলেছেন। দেশটিতে তিনদিন ধরে চলা এই বিক্ষোভকে ২০১৩ সালের সরকারবিরোধী আন্দোলনের পর সবচেয়ে বড় আন্দোলন বলে দাবি করেছেন বিরোধীরা। সরকারবিরোধী এই বিক্ষোভ সামলাতে দেশটির
আইনশৃঙ্খলাবাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।




ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ছাইয়ের কুণ্ডলি আকাশে ৮ কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়ায় বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত শুক্রবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজ বালি থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, গত শুক্রবার সকালে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয় এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এর আগে ১৩ মার্চ থেকেই সেখানে ছোট আকারে অগ্ন্যুৎপাত ঘটছিল। দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য মতে, স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন ব্যক্তি আহত হয়েছেন, তবে সরিয়ে নেওয়া ব্যক্তিদের সংখ্যা এখনও জানানো হয়নি।

এটি প্রথমবার নয়, গত বছরের নভেম্বরেও লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আশপাশের গ্রামগুলিতে লাভার প্রবাহ ছড়িয়ে পড়েছিল, যা ৯ জনের প্রাণহানি ঘটিয়েছিল এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে ভূমিকম্পের সক্রিয়তা বেশি।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




ইসরায়েলে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, অর্থনীতির চাকা অচল হওয়ার শঙ্কা




গাজায় ইসরায়েলি হামলায় ‘পূর্ণ সমর্থন’ আছে ট্রাম্পের: হোয়াইট হাউস

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিনে ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি।

বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ‘পূর্ণ সমর্থন’ আছে ট্রাম্পের। একইসঙ্গে গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।




লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং এরই জেরে শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত অতীতে “লন্ডন বিমানবন্দর” নামে পরিচিত এই স্থপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর।

বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে।